‘ওমরা হামাক ব্যাচপ্যার দিবার নোয়ায়’
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে স্থানীয় বিএনপি ক্যাডাররা। তাদের নামে জমি লিখে না দিলে অপহরণ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এমনকি এ নিয়ে দায়ের করা মামলা তুলে নেওয়ারও হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। ফলে সংখ্যালঘু পরিবারের গৃহকর্ত্রী ১১০ বছর বয়সী বৃদ্ধা সুন্দরী বালা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রামবাসীর সহযোগিতায় সম্প্রতি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুন্দরী বালা সাংবাদিকদের এসব অভিযোগ জানান। এ ছাড়া তাঁর পক্ষে গ্রামের কলেজ শিক্ষক তাজুল ইসলাম এক লিখিত বক্তব্যে অভিযোগ উপস্থাপন করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে কুপতলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক সাইদুল ইসলাম সুন্দরী বালার দুই বিঘা জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। বৃদ্ধার জমির কোনো ওয়ারিশ না থাকায় বিএনপির নেতারা তাঁদের নামে জমি লিখে নিতে চান। এতে সম্মত না হলে এক মাস আগে তাঁরা বৃদ্ধার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় দুই বিএনপি নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী সম্প্রতি বৃদ্ধার বাড়িতে হামলা চালিয়ে তাঁকে মারপিট করে। এমনকি সুন্দরী বালা কিছুদিন আগে এক বিঘা জমি একই গ্রামের হযরত আলীর কাছে বিক্রি করেন। গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসে এ জমির দলিল করতে গেলে তারা সুন্দরী বালা ও জমির ক্রেতার ওপর হামলা চালায়। পরে ক্রেতা-বিক্রেতা উভয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ নিয়ে গাইবান্ধা সদর থানায় মামলা (৯৭/১০) দায়ের হয়েছে। এদিকে মামলা দায়েরের পর সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মামলা তুলে নিতে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সম্মেলনে বৃদ্ধা সুন্দরী বালা ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘হামার সোয়ামি কয়েক বিগা জমি দিয়্যা মরি গ্যাচে। তাক আবাদ করি খাবার নাগচি। কিনতু ওমরা (বিএনপি নেতারা) হামার কাচে জমি-জমা, বসতভিটা নেকি চায়। জমি নেকি না দিলে ওমরা হামাক ব্যাচপ্যার দিবার নোয়ায়। হামরা বুড়া মানুষ।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক তাজুল ইসলাম, ইলিয়াছ উদ্দিন, হযরত আলী ও বৃদ্ধার পরিবারের সদস্যরা।এ প্রসঙ্গে বিএনপি নেতা রফিকুল ইসলাম ও সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু ব্যক্তি দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব অপ্রচার চালাচ্ছে। বরং ওই বৃদ্ধাকে সামনে রেখে কিছু লোক ফায়দা লুটছে। উল্টো তারাই জমি লিখে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।