‘ওর ওপর চোখ থাকেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকে যা-ই বলুক, খুলনা রয়েল বেঙ্গলসের শিবনারায়ণ চন্দরপল মনে করছেন, বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সও খারাপ নয়। তবে সবচেয়ে মুগ্ধ তিনি নিজ দলের অধিনায়ককে দেখেই দলের পারফরম্যান্সে এখন পর্যন্ত সন্তুষ্ট আপনি?শিবনারায়ণ চন্দরপল: হ্যাঁ, এখন পর্যন্ত সন্তুষ্ট। কয়েকটা ম্যাচ হারলেও আমরা চেষ্টা করছি নিজেদের তুলে আনতে। চেষ্টা করছি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। বিপিএলে খেলে কেমন লাগছে? উপভোগ করছেন টুর্নামেন্টটা?চন্দরপল: অবশ্যই। আমার কাছে তো অসাধারণ লাগছে সবকিছু। যত এগোবে ততই জমে উঠবে এই টুর্নামেন্ট। ক্যারিবীয় ক্রিকেটাররাই বেশি ভালো করছে। রহস্যটা কি ধরতে পেরেছেন?চন্দরপল: আমার মনে হয় এখানকার উইকেটগুলো আমাদের দেশের উইকেটের মতোই। এটাই বড় ভূমিকা রাখছে আমাদের পক্ষে। টি-টোয়েন্টিকে বলা হয় তরুণদের খেলা। কিন্তু আপনি তো ভালোই খেললেন আজ (গতকাল)...চন্দরপল: আসলে ভালো খেলতে পারাটাই আসল। সব নির্ভর করে কে খেলতে পারছে কে পারছে না তার ওপর। আমি মনে করি না বয়স এখানে কোনো ব্যাপার। পারফরম্যান্সটাই বড় কথা। এখান থেকে খুলনা রয়েল বেঙ্গলসের সেমিফাইনালে যাওয়ার কতটা সম্ভাবনা দেখছেন?চন্দরপল: এখন পর্যন্ত ভালোই সম্ভাবনা আছে। তবে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে আমাদের আরও ম্যাচ জিততে হবে। কাজটা হয়তো কঠিন, তবে অসম্ভব নয়। বিপিএল খেলে তো কিছুটা হলেও ধারণা পাচ্ছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট সম্পর্কে। কীভাবে মূল্যায়ন করবেন এটাকে?চন্দরপল: আছে মোটামুটি। এখনো খুব উঁচু মানের কিছু হয়নি। অনেক জায়গায় উন্নতির দরকার আছে। তবে বিপিএলই হয়তো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানটাকে আরেকটা ধাপ ওপরে নিয়ে যাবে। ছয়টা ফ্র্যাঞ্চাইজিসহ সংশ্লিষ্ট সবাই খুব সফলভাবে টুর্নামেন্টটাকে এগিয়ে নিচ্ছে। তারা যেটা করছে, এক কথায় অসাধারণ। ঘরোয়া বা আন্তর্জাতিক পর্যায়েও খুব বেশি ম্যাচ খেলে না বলে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের দুর্বলতা আছে। টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?চন্দরপল: আমার তো মনে হয় তারাও ভালো করছে। তবে যেটা দেখছি, স্থানীয় ছেলেরা প্রায় প্রতিটি বলেই মারতে যায়। ক্রিকেট শুধু মারারই খেলা না, এ ক্ষেত্রে আপনাকে স্মার্টও হতে হবে। যখন বাউন্ডারি পাবেন না, তখনো ছোট ছোট রান করে স্কোরটাকে এগিয়ে নিতে হবে। আপনি তো আগে থেকে জানেন না একটা ওভারে কয়টা মারার বল আসবে। কাজেই আগে থেকে মারার চিন্তা বাদ দিতে হবে। খুলনার ড্রেসিংরুমে কি সতীর্থদের সঙ্গে এই অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করেন? তাঁদের সেভাবে পরামর্শ দেন?চন্দরপল: সব সময়ই আমি ছেলেদের সঙ্গে কথা বলি। অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করে, যতটা সম্ভব সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। দলের অন্য বিদেশি খেলোয়াড়েরাও সেটা করছে। তরুণদের পরামর্শ দিচ্ছে। সাকিব আল হাসান এখানে আপনার অধিনায়ক। তাঁকে কেমন দেখছেন?চন্দরপল: সাকিব খুবই ভালো করছে। দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেলেও আজও (গতকাল) দারুণ একটা ইনিংস খেলল। সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজে যখন অন্য সতীর্থদের সঙ্গে থাকেন, তাঁকে নিয়ে কী ধরনের আলোচনা হয় আপনাদের মধ্যে?চন্দরপল: আলোচনা তো হয়ই। সে টেস্ট ও ওয়ানডেতে বিশ্বের সেরা অলরাউন্ডার। তাকে নিয়ে আলোচনা করতেই হবে। ব্যাটি-বোলিং দুই বিভাগেই সলাপরামর্শ করতে হয় সাকিবকে কীভাবে ঠেকানো যায়। আমরা সবাই জানি, ও সেরাদের একজন। কাজেই ওর ওপর চোখ থাকেই। ওকে নিয়ে আলাদা করে ভাবতেই হয়।