‘ওর কান্না বুক ভেঙে দিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ দল থেকে মাশরাফি বাদ পড়ায় অনেকেই ব্যথিত। কিন্তু আর সবার চেয়ে গোলাম মুর্তজার (স্বপন) কষ্টটা একটু বেশিই। কাল নড়াইল থেকে ফোনে কথা বলার সময় মাশরাফির বাবার কণ্ঠেও পাওয়া গেল কান্নার ছোঁয়া আপনার মানসিক অবস্থা এখন ভালো থাকার কথা নয়...গোলাম মুর্তজা (স্বপন): আমরা কেউই ভালো নেই। সারাক্ষণ মনের মধ্যে একটা দৃশ্য ভাসছে। মাশরাফি কাল (পরশু) সাংবাদিকদের সামনে কেঁদে ফেলেছিল। ওই দৃশ্য টিভিতে দেখে আমরা মুষড়ে পড়েছি। ওটা মন থেকে তাড়াতে পারছি না। কাল (পরশু) কখন মাশরাফির সঙ্গে কথা হয়েছে আপনার?গোলাম মুর্তজা: টিভিতে দল ঘোষণার পর আমি ওকে ফোন দিই। ও ফোনটা ধরল। আমি বললাম, আব্বু, তুমি দলে নেই। ও শুনে কিছুক্ষণ চুপ করে রইল। ও কথা বলতে পারছিল না। আমিও পারছিলাম না। বুঝতেই পারছেন, বাবা-ছেলের আবেগ। আমি এরপর ফোন কেটে দিলাম। অনেকেই এই খবরটা মানতে পারছে না। আপনাদের পক্ষে তো আরও কঠিন...গোলাম মুর্তজা: আমরা আশায় বুক বেঁধেছিলাম। ও নিজেও বলছিল, ‘আব্বু, তোমরা চিন্তা কোরো না। আমি ঠিকই দলে থাকব।’ দেশের মাটিতে খেলা, ও খেলতে পারবে না—এটা মাশরাফি নিজে যেমন, আমরাও ভাবতে পারি না। কিন্তু মাশরাফির ফিটনেস নিয়ে তো একটা সংশয় থেকে গেছে।গোলাম মুর্তজা: আমরা তো শুনি, অনেকে বলে ও খেলতে পারবে। মাশরাফি নিজেও প্রচণ্ড রকম আশাবাদী ছিল। তবে পত্রপত্রিকায় নানা খবর দেখতাম। তার পরও আশাবাদী ছিলাম আমরা। কারণ, দেশের প্রতি মাশরাফির ভালোবাসা অতুলনীয়। অনেকবারই এর প্রমাণ সে দিয়েছে। আপনার কাছে ছেলের কোন জিনিসটা বেশি ভালো লাগে?গোলাম মুর্তজা: দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া, বারবার ইনজুরির পরও ফিরে আসা—এগুলো অসাধারণ। কোনো লোভ-লালসা নেই। একটা ঘটনা বলি। একদিন আমাকে বলল, ‘আব্বু, আইসিএল থেকে আমাকে ১০ কোটি টাকার অফার দিয়েছে। ৬ কোটি টাকা অগ্রিম। কিন্তু আমি যাব না। আমি টাকার কাছে জীবনেও বিক্রি হব না।’ তখন আমি তাকে বললাম, কনগ্র্যাচুলেশনস। সে বলল, ‘থ্যাংকস।’ কথাটা আমার সব সময়ই মনে পড়ে। নড়াইলে তো আজ (কাল) হরতাল হলো। সেখানে কী অবস্থা?গোলাম মুর্তজা: হরতাল, মিছিল—এগুলো আমরা পছন্দ করি না। সবাইকে সেটা বলেছিও। কিন্তু মানুষ তো মানে না। দল ঘোষণার পরও অনেকে বাড়িতে এসেছে। কেউ কেউ সান্ত্বনা দিয়েছে এই বলে, বাদ পড়া তো খেলারই অংশ। তবে ওর প্রতি অন্যায় হয়ে থাকলে এবং সে জন্য বাদ পড়লেও হয়তো দুঃখ থাকত না। ওর কান্নার দৃশ্যটা সত্যিই আমাদের বুক ভেঙে দিয়েছে। রাতে কথা হয়েছিল?গোলাম মুর্তজা: হয়েছে। দেখুন, কতটা আবেগে সে কেঁদেছিল, সেটা আমাকে বলল, ‘আব্বু, আমার ওখানে কেঁদে ফেলাটা ঠিক হয়নি। পরে আমি এটা বুঝেছি।’ এমনিতে ও সহজে ভেঙে পড়ে না। বাবা বলে বলছি না, ও সত্যিই ভীষণ লড়াকু একটা ছেলে। ওকে বলেছি, আব্বু, জীবনে কাউকে কোনো কিছুর জন্য দোষারোপ করবা না। ও বলল, ‘আমি ফিরে আসব আব্বু। তোমরা তো আমাকে ভালো করেই চেনো।’ মাশরাফির মায়ের মানসিক অবস্থা কেমন?গোলাম মুর্তজা: ওর আম্মা আরও ভেঙে পড়েছে। ছেলের সঙ্গে কথা বললে নিজেকে সামলাতে পারবে না, সে জন্য কাল কথাও বলেনি। মাশরাফিকে তো আমরা বাইরে থেকে দেখি। ভেতরের মাশরাফি আসলে কেমন?গোলাম মুর্তজা: একটু লাজুক স্বভাবের। আমার কাছে ভেজা বিড়াল। ওর মায়ের সঙ্গে বেশি ফ্রি।