‘ওরে ফোন কইরা মরণের কাছে লইয়া গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মাইয়া যাইতে চায় নাই আইজকা, ওরে ফোন কইরা মরণের কাছে লইয়া গেছে।’ মেয়ে রেহেনা আক্তারের একটি ছবি নিয়ে মা মাহফুজা বেগম এভাবেই হাহাকার করে কাঁদছিলেন। সামনে যাকে পাচ্ছেন, তাকেই কাঁপা কাঁপা হাতে ছবিটি দেখিয়ে মাহফুজা বলছিলেন, ‘ভাই, আমার মাইয়ারে দেখছেন?’ মাহফুজা বেগমের মতো হাজারো মানুষ উত্তপ্ত পিচঢালা রাস্তায় এভাবে ছুটছেন সাভার বাজারের আশপাশে। মাহফুজা প্রথম আলো ডটকমকে জানান, রানা প্লাজার ষষ্ঠ তলায় নিউ ওয়ে গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেহেনা আক্তার। গতকাল মঙ্গলবার রানা প্লাজায় ফটল দেখা দিলে দুপুরের পর পোশাক কারখানার সব শ্রমিককে ছুটি দেওয়া হয়। কেঁদে কেঁদে মাহফুজা জানান, আজ সকালে রেহেনা তাঁকে জানান যে তিনি কাজে যাবেন না। কিন্তু নিউ ওয়ে গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার মুঠোফোনে বকাঝকা করে তাঁকে যেতে বাধ্য করেন। এরপর ঘটে ভবনধসের ঘটনা।রানা প্লাজার পঞ্চম তলায় প্যানটম ক্যাট নামের আরেকটি পোশাক কারাখানায় চাপা পড়েছিলেন মিলন মিয়া (২৫)। জানালার পাশে থাকায় কোনো রকমে বের হয়ে আসেন তিনি। তবে তাঁর দুই পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর দুই পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। তবে ফুলে গেছে মিলনের পা দুটো। ধুলোমাখা আহত শরীর নিয়ে এনাম মেডিকেল হাসপাতাল থেকে মিলন ছুটে এসেছেন রানা প্লাজার ধংসস্তূপের কাছে। সেখানে তিনি খুঁজছেন স্ত্রী সুইটি খাতুনকে। প্রথম আলো ডটকমকে মিলন বলেন, ‘জানালার কাছে দাঁড়িয়ে সকালে যখন পোশাক ভাঁজ করছিলাম, তখন বিকট আওয়াজে সব ভেঙে পড়ে। ওখানে আমরা প্রায় ২০ জন আটকা পড়েছিলাম। ঘণ্টা তিনেক পর দেয়াল কেটে আমাকে বের করা হয়।’ মিলন জানান, চতুর্থ তলায় তাঁর স্ত্রী সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। কিন্তু তাঁর খবর পাওয়া যাচ্ছে না। আক্ষেপ করে মিলন বলেন, ‘আজ যদি কাজে না যেতাম, তাহলে আমাদের তিন দিনের বেতন কেটে নেওয়া হতো। নিরুপায় হয়ে কাজে যাই।’