‘ওষুধ ছিটাচ্ছে’ ডিসিসি, উপদ্রব বাড়ছে মশার
পুরান ঢাকার বনগ্রাম লেনের বাসিন্দা হারুনুর রশিদ জানালেন, গত এক বছরে তাঁদের এলাকায় মশার ওষুধ ছিটাতে দেখেননি। এর আগে সকালে নালায় মশার ডিম মারতে দেখতেন। কিন্তু এখন অবস্থা দেখে মনে হয়, মশা মারার জন্য কোনো কর্তৃপক্ষ নেই।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ১ নম্বর অঞ্চলের মানিকনগর এলাকার বাসিন্দা গৃহিণী তাহমিনা বেগম ক্ষোভ জানিয়ে বলেন, ‘মশা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। কচুরিপানায় ভরা ডোবা-নালায় মশা জন্মাচ্ছে। কিন্তু মশা মারার বা কচুরিপানা পরিষ্কার করার কোনো উদ্যোগ দেখি না। মশা মারা নিয়ে সিটি করপোরেশন আর কত ধোঁকাবাজি করবে?’রাজধানী ঢাকার অনেক এলাকার মানুষের মধ্যেই এখন এমন ক্ষোভ, অশান্তি। পুরান ঢাকার ঘিঞ্জি গলি থেকে ধানমন্ডি-গুলশান-বনানীর মতো অভিজাত এলাকা—কোনোটিই বাদ নয় মশার উত্পাত থেকে। কোনো কোনো এলাকায় কেবল সন্ধ্যার পর নয়, দিনেও থাকে মশার বিচরণ। এসব এলাকায় মশার যন্ত্রণায় মানুষের রাতে খাবার খাওয়াও কষ্টকর হয়ে পড়েছে বলে জানা গেছে। ডিসিসির কার্যালয় নগর ভবন, এমনকি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এলাকাও মশামুক্ত নয় বলে জানা গেছে।ওয়ারীর হেয়ার স্ট্রিটের বাসিন্দা আবদুল গফুর তাঁর বাড়ির সামনের নালা দেখিয়ে বলেন, মশার এই উত্সস্থল নষ্ট করতে সিটি করপোরেশনের তত্পরতা এখনো দেখা যায়নি। ফলে এখান থেকে মশা জন্মে তাঁদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আগে মাঠকর্মীদের মাঝেমধ্যে বিকট শব্দে ধোঁয়া ছড়িয়ে এলাকা প্রকম্পিত করতে দেখা যেত। এখন দেখা যায় না।জানা গেছে, এখন কিউলেক্স মশার মৌসুম চলায় রাজধানীর বিভিন্ন এলাকায় এ মশা বেড়েছে। বিশেষ করে গোপীবাগ, গোলাপবাগ, ওয়ারী, নারিন্দা, মালিবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, রামপুরা, উলন, মগবাজার, কল্যাণপুর, পাইকপাড়া, পান্থপথ, পূর্ব ও পশ্চিম রাজাবাজার, মোহাম্মদপুর ও মিরপুরের বিস্তীর্ণ এলাকায় কিউলেক্স মশার উত্পাতে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে। সুযোগ বুঝে এসব এলাকার কিছু কিছু দোকান মশার কয়েল, স্প্রের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সূত্র জানায়, মশা মারার জন্য চলতি অর্থবছরে ডিসিসির বাজেট ১৬ কোটি টাকা। ডিসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর মধ্যে ওষুধ কেনাসহ আনুষঙ্গিক কাজে বেশ কিছু টাকা খরচও হয়েছে। কিন্তু মশার উপদ্রব কমেনি।এ বিষয়ে জানতে চাইলে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শওকত আলী প্রথম আলোকে বলেন, মশার উপদ্রব কমাতে যতদূর সম্ভব কাজ করা হচ্ছে। মশা মারার জন্য ৬০০ মাঠকর্মী কাজ করছে। কিন্তু তাদের সার্বক্ষণিক চোখে চোখে রাখা সম্ভব নয়। তাদের যাওয়ার প্রমাণ হিসেবে এলাকার বাসিন্দাদের সই সংগ্রহ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গণভবন এলাকায়ও মশার উপদ্রব সম্পর্কে তিনি বলেন, মশা এমন একটি প্রাণী, যা ভিআইপি এলাকায়ও অবাধে ঢুকে যেতে পারে।নালা-ডোবায় কচুরিপানা: নগরের প্রাণকেন্দ্র মতিঝিল বাণিজ্যিক এলাকায় গিয়ে দেখা গেছে, বাংলাদেশ ব্যাংকের পেছনের ঝিল কচুরিপানায় ভর্তি। পার্শ্ববর্তী গোপীবাগ, জসীমউদ্দীন রোড ও মতিঝিল কলোনির বাসিন্দারা জানান, অনেক দিন ঝিলটি পরিষ্কার করা হয়নি। মানিকনগর, মান্ডা, মুগদা, জুরাইন, রায়েরবাজার, নবাবগঞ্জ, কল্যাণপুর, পাইকপাড়াসহ অনেক এলাকার ডোবা-নালায়ও কচুরিপানা দেখা গেছে। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, অনেক দিন পর পর দায়সারাভাবে কচুরিপানা পরিষ্কার করা হয়। এসব কচুরিপানাভর্তি ডোবা-নালা মশার প্রজনন ক্ষেত্র।ডিসিসির স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি অর্থবছরে কচুরিপানা পরিষ্কার বাবদ প্রায় দুই কোটি টাকা খরচ করা হয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী, একটি এলাকার কচুরিপানা বছরে চার বারের বেশি পরিষ্কার করা যায় না। প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও বিষয়টি স্বীকার করে বলেন, অনেক এলাকায় পরিষ্কার করার এক মাস পরই আবার কচুরিপানা জমে। কচুরিপানাভর্তি এসব ডোবা-নালায় মশা ডিম পাড়ে।ডিসিসির ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন কবির বলেন, খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় কচুরিপানা আটকে থাকে। আবার ডিসিসি এলাকার বাইরের কামরাঙ্গীরচরের কচুরিপানাসহ ময়লা-আবর্জনা চলে আসে তাঁর ওয়ার্ডের এলাকায়। তাই পরিষ্কার করেও লাভ হয় না। ডিসিসির স্বাস্থ্য বিভাগও দাবি করেছে, ডিসিসি এলাকায় পর্যাপ্ত ওষুধ ছিটালেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। কারণ বাইরের এলাকা থেকে মশা ডিসিসি এলাকায় ঢুকে পড়ে। তাই ডিসিসি এলাকার চারপাশের এলাকাগুলোও যাতে মশামুক্ত থাকে তারও ব্যবস্থা করতে হবে।মজুদ আছে ওষুধ: ডিসিসির স্বাস্থ্য বিভাগ জানায়, মশার ডিম বা লার্ভা মারতে ডিসিসির কাছে বর্তমানে প্রায় ২০ হাজার লিটার ‘ম্যালেজিয়াল বি’ কীটনাশক মজুদ রয়েছে। প্রাপ্তবয়স্ক বা উড়ন্ত মশা মারার জন্য প্রায় ৭৫ হাজার লিটার লিমিট লিকুইড ইনসেক্টিসাইড ওষুধ রয়েছে। ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, মশা মারতে এ ওষুধ কার্যকর কি না তা পরীক্ষা করা হয়েছে। চলতি মৌসুমে মশা মারার জন্য এ ওষুধের এ মজুদই যথেষ্ট। কম বরাদ্দের অভিযোগ: বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে কথা বলে জানা গেছে, উড়ন্ত মশা মারতে একটি ওয়ার্ডে গড়ে চারটি ফগার মেশিন কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাউন্সিলর জানান, মাত্র চার-পাঁচ দিন আগে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানোর কাজ শুরু হয়েছে। পুরোনো ঢাকার একজন কাউন্সিলর জানান, তাঁর ওয়ার্ডে মহল্লা রয়েছে আটটি। মেশিন দেওয়া হয়েছে চারটি। একটি মেশিনের জন্য ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ লিটার। ফলে একটি মহল্লার পুরো অংশে ওষুধ ছিটানো যাচ্ছে না।রামপুরার ওয়াপদা রোডের কয়েকজন বাসিন্দা গত রোববার অভিযোগ করেন, তাঁদের এলাকায় তিন দিন আগে মশার ওষুধ ছিটানো হয়। ওষুধ শেষ হওয়ার পর পানি ছিটিয়ে তাঁদের বোঝানো হয়, ওষুধ দেওয়া হয়েছে।এ অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।