‘ওয়াইজ’ পুরস্কার পেলেন ফজলে হাসান আবেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ ‘ওয়াইজ’ পুরস্কার পেয়েছেন। শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গত ৪০ বছরের অবদানের জন্য তিনি এ পুরস্কার পেলেন। আজ মঙ্গলবার কাতারের দোহায় তৃতীয় ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন (ওয়াইজ) সম্মেলনে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।ওয়াইজ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-তানি একটি স্বর্ণপদক ফজলে হাসান আবেদের হাতে তুলে দেন। ৫০টি ভাষায় ‘শিক্ষা’ শব্দটি লিখে বিশেষভাবে পদকটি তৈরি করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত এ পুরস্কারের মূল্যমান হিসেবে তাঁকে পাঁচ লাখ মার্কিন ডলার দেওয়া হয়।ওয়াইজের চেয়ারম্যান আব্দুল্লাহ বিন আলী আল-তানি বলেন, ‘ফজলে হাসান আবেদের জীবন ও কাজ ওয়াইজের চিন্তাধারা ও মূল্যবোধেরই মূর্ত প্রকাশ। তিনি এটা উপলব্ধি করেছেন, সমাজে নিজের স্থান করে নেওয়া এবং সুযোগ লাভের জন্য শিক্ষা হচ্ছে প্রধান সহায়ক। শিক্ষা বিস্তারে তিনি একটি সফল পদ্ধতির আবিষ্কারক। নিজ দেশে সেই পদ্ধতির সার্থক প্রয়োগের পর তিনি তা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে দিয়েছেন। এর প্রত্যক্ষ ফলস্বরূপ বিশ্বের লক্ষ-কোটি মানুষ আরও সুখী, স্বাস্থ্যসম্মত ও উত্পাদনক্ষম জীবনযাপন করছে।’পুরস্কার গ্রহণ করে ফজলে হাসান আবেদ বলেন, ‘এই অনন্য সাধারণ পুরস্কার প্রদান করে ব্র্যাক এবং আমাকে সম্মানিত করার জন্য কাতার ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই। আমার গত চার দশকের কর্মধারার মধ্য দিয়ে আমি আবিষ্কার করেছি পরিবর্তনের জন্য শিক্ষাই হচ্ছে মৌলিক অনুঘটক।’ বিজ্ঞপ্তি।