‘ওয়ার্ন আমার চেয়ে খানিকটা এগিয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের শেষ অস্ট্রেলিয়া সফরটা দারুণ কাটছে স্পিন-জাদুকরের। প্রথম ম্যাচে শেষ ওভারে চার মেরে জয়, কাল নিলেন ২ উইকেট। দল জিতল সিরিজ। দ্বিতীয় ওয়ানডের আগে একটি অস্ট্রেলীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মুত্তিয়া মুরালিধরন ফিরে তাকিয়েছেন পেছনের দিনগুলোয়... অস্ট্রেলিয়ায় শেষ সফরের প্রথম ম্যাচেই অবিস্মরণীয় জয়। আপনার সেই শটটির কথা বলুন, যেটি প্রথম ম্যাচে আপনাদের জিতিয়ে দিল...মুরালিধরন: মুহূর্তটা ছিল দারুণ। বলটা আসার সঙ্গে সঙ্গে ফ্লিক করলাম, এরপর উল্লাসে মাতলাম সবাই। পরে কোচ বললেন, তিনি নাকি ঠিক করে ফেলেছিলেন হারার পর কী কী বলবেন! এই মেলবোর্নেই ১৯৯৫ সালে বল ছোড়ার জন্য নো বল ডাকা হয়েছিল। কেমন লেগেছিল তখন?মুরালিধরন: স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ড্যারেল হেয়ার এর আগেও অনেকবার আমাদের ম্যাচে আম্পায়ারিং করেছেন। ওই ম্যাচের আগেই সিডনির ওয়ানডেতে হেয়ার ছিলেন, আমি ১০ ওভার বোলিং করেছিলাম। পরের ম্যাচেই তিনি যখন আমাকে অবৈধ বললেন, খুব অবাক হয়েছিলাম। কোনো বোলারের সঙ্গেই এমনটা হওয়া উচিত নয়। খুবই বিব্রতকর। এক আম্পায়ার কোনো বোলারের ক্যারিয়ার নিয়ে ছেলেখেলা করতে পারেন না। ডন ব্র্যাডম্যান বলেছিলেন, এটা তাঁর জীবনে দেখা জঘন্যতম সিদ্ধান্ত, আপনি মোটেও বল ছুড়ছিলেন না। সব অস্ট্রেলিয়ানের ভাবনা কিন্তু এক রকম নয়। ওই রাতে আপনার কেমন লাগছিল?মুরালিধরন: বোঝাতে পারব না। বুঝতে পারছিলাম না কী করা উচিত, আমার ক্যারিয়ার কোন দিকে যাবে। ফেলে আসা দিনগুলোর কথা বলুন। তামিল হিসেবে শ্রীলঙ্কায় বেড়ে ওঠা নিশ্চয়ই সহজ ছিল না?মুরালিধরন: আমার পূর্বপুরুষেরা ভারতীয়। দাদা শ্রীলঙ্কায় এসেছিলেন একটা চায়ের প্রকল্পে কাজ করতে। এরপর দাদা চলে গেলেও বাবা-চাচারা এখানেই থেকে যান। পঞ্চাশের দশকে ক্যান্ডিতে তাঁরা একটা বিস্কুটের ফ্যাক্টরি দেন, যেটা এখনো আছে। একটা সময় দাঙ্গা-হাঙ্গামা হয়েছে, তবে ১৯৮৩ সালের পর সব স্বাভাবিক হয়ে যায়।  রাজনীতি নিয়ে কথা বলতে আপনি কখনোই খুব একটা উৎসাহী নন...মুরালিধরন: ক্যান্ডিতে আমাদের জীবনটা খুবই স্বাভাবিক ছিল। যে সমস্যায় আমি কখনো পড়িনি, সেটি নিয়ে বলতে পারি না। একটা সময় শ্রীলঙ্কায় তামিলদের অনেক ভুগতে হয়েছে, আপনার সে রকম কোনো স্মৃতি নেই?মুরালিধরন: ১৯৭৭ সালে আমাদের বাড়ি ও কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম তখন। তবে আমাদের রক্ষা করেছিল সিংহলিজরাই। ওরা এসে ক্ষ্যাপাটে লোকগুলোকে না থামালে হয়তো আমাদের মেরেই ফেলা হতো। এখন ক্রিকেটে আসি... শুরুর দিকে আপনি অফ স্টাম্পের অনেক বাইরে বল ফেলে বিশাল টার্ন করাতেন। বোলিং-তূণে দুসরা যোগ হওয়ার পর বোলিংয়ের লাইন পরিবর্তন করলেন। দুসরা কি তবে একটু ক্ষতিও করেছে?মুরালিধরন: পরিবর্তন দুসরার জন্য হয়নি, সময় আর পরিস্থিতিই মানুষকে বদলে দেয়। একই লাইনে বোলিং করে গেলে তুলাধোনা হতে হবে। আমি তাই সোজা বোলিং করে দুদিকেই টার্ন করানোর চেষ্টা করলাম। বেশি বেশি এলবিডব্লু পাওয়ার জন্য ‘রাউন্ড দ্য উইকেট’ বোলিংও করতে শিখেছি পরে। দুসরাটা কীভাবে শিখলেন?মুরালিধরন: সাকলায়েন তখন নিয়মিত দুসরা করছিল। আমি দেখে ওর সঙ্গে কথা বললাম। তবে ও অন্যভাবে করত। আমি আমার মতো করে শিখেছি এবং দুই বছর কঠোর পরিশ্রম করে এটা আয়ত্ত করেছি। ১৯৯৮ থেকে দুসরা শুরু করি। ৮০০ উইকেটের কয়টি দুসরায় নিয়েছেন বলে মনে হয়?মুরালিধরন: খুব বেশি নয়, ৩০-৪০টি হবে। শেষ দিকে আপনি টার্ন অনেক কম করাতেন। ক্যারিয়ারের দ্বিতীয় ভাগে শেন ওয়ার্নও বিশাল টার্ন করাত না। কারণটা কী?মুরালিধরন: বয়সের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন আসে। সবার ক্ষেত্রেই। এ সময় বোলিংয়ে বুদ্ধিমত্তা ও চাতুর্য যোগ হয়। ওয়ার্ন যেমন মাথাটাকে খুব ভালো ব্যবহার করত। এক চামিন্ডা ভাস ছাড়া আপনাকে সমর্থন দেওয়ার জন্য তেমন কেউ ছিল না, যেটা ছিল ওয়ার্নের। এটা কি আপনার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে?মুরালিধরন: কোনো কোনো দিক থেকে হয়তো ঠিক। আবার এটা ঠিক, এ জন্যই আমি অনেক বেশি বোলিং করা ও উইকেট নেওয়ার সুযোগ পেয়েছি। একটা সমস্যা ছিল, অন্য প্রান্তের বোলাররা প্রচুর মার খেত। তার পরও অবশ্য আমরা প্রচুর ম্যাচ জিতেছি। আমাদের ক্রিকেট অনেক এগিয়েছে। আপনি ও ওয়ার্ন যখন খেলছিলেন, মনে হচ্ছিল আপনাদের অনুসরণ করে অনেকেই উঠে আসবে। কিন্তু আরেকজন ওয়ার্ন আসার লক্ষণও নেই, আরেকজন মুরালিও না। ওয়ার্ন বা মুরালি কি একজনই আসে!মুরালিধরন: এই মানের বোলার তিন-চার প্রজন্মে একজন করে আসে। আরেকজন ওয়ার্ন আপনি পাবেন না। ২০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে যাওয়া কঠিন। অনেক বোলার হয়তো পাওয়া যাবে কিন্তু এই মানের নয়। অন্যদের সঙ্গে আপনাদের দুজনের ব্যবধানটা কোথায়?মুরালিধরন: আমরা দুজনেই বোলিং করতে ভালোবাসতাম। বল হাতে নিতে কখনোই খারাপ লাগত না। কুম্বলেও ছিল এমন, তার কথা ভুলে যাবেন না। আমাদের তিনজনেরই এই গুণ ছিল। ওয়ার্ন আমার চেয়ে খানিকটা এগিয়ে, কারণ ওর ক্রিকেট-জ্ঞান আর যেকোনো বোলারের চেয়ে বেশি। অধিনায়ক হয়েও সে এটা প্রমাণ করেছে। ওর দুর্ভাগ্য অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেনি। আপনার অধিনায়ক হতে ইচ্ছে করেনি?মুরালিধরন: না, আমার মনে হতো এটা একটা বোঝা।