‘কইসিল ফাটল সিরিয়াস হইলে আইসা পড়ব’
‘সকাল সাড়ে আটটার দিকে নাশতা খায়া আমরা দুইজনেই বাইর হইছি। পৌনে নয়টার মধ্যেই খবর আইসে রানা প্লাজা ভাইঙ্গা পড়ছে। আমার অফিস ঠিক রানা প্লাজার উল্টা দিকে। আঙ্গুরাকে বলছিলাম, ফাটল সিরিয়াস হইলে যাইও না। কইসিল ফাটল সিরিয়াস হইলে আইসা পড়ব’—পোশাকশ্রমিক আঙ্গুরা বানুর স্বামী আবদুল হান্নান এক নিঃশ্বাসে বলে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আঙ্গুরা। তাঁর মুখ থেকে রক্ত ঝরছে, চোখ আর মুখমণ্ডল ভয়ংকরভাবে ফোলা। আঙ্গুরার স্বামী আবদুল হান্নান জানেন না তাঁর স্ত্রী আঙ্গুরা কী করে ধসে যাওয়া ভবন থেকে বেরিয়েছেন। তৃতীয় তলার নিউ বাটন লিমিটেড থেকে আঙ্গুরাকে কে কীভাবে বের করে ক্লিনিকে নিয়ে আসেন, জানা যায়নি। একই ভবনে কর্মরত আঙ্গুরার বোন ও বোনের স্বামী এখনও নিখোঁজ। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আরও তিনজন এসেছেন। তাঁদের একজন রানা প্লাজার সপ্তম তলার কর্মচারী বশির আহমেদ (৪৭)। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে তাঁর হাত ও পায়ে অস্ত্রোপচার হয়েছে। ব্যথায় কুঁকড়ে আছেন। কথা বলতে পারছেন না। কীভাবে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এসেছেন, তা-ও মনে করতে পারছেন না। তাঁর স্ত্রী ফারজানা রহমান বলেন, ভবনে যে ফাটল ধরেছে, সে কথা বশির তাঁকে জানাননি। আর সব দিনের মতোই সকালে তিনি কাজে বেরিয়ে গেছেন। ফারজানা মেয়েদের স্কুলে পৌঁছে দিতে গেছেন। ফেরার পথে শোনেন স্বামী হাসপাতালে।বশির আহমেদের মতো পোশাকশ্রমিক সাবিনাও জানেন না তিনি কী করে বেরিয়ে এসেছেন। সাবিনা জানান, ভবনের তৃতীয় তলায় কাজ করতে করতে হঠাৎ বিকট একটা শব্দ হয়। আর কিছুক্ষণের মধ্যেই পুরো ভবনে ঘুটঘুটে অন্ধকার। মুঠো ফোনের আলোও জ্বলছে না। একসময় জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন সাবিনা। অনেকক্ষণ পর তিনি নিজেকে একটি বেসরকারি ক্লিনিকে দেখেন। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় পঙ্গু হাসপাতালে যান। রানা প্লাজা পাশের যে ভবনে হেলে পড়েছে, সে ভবনেও বেশ কয়েকজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। সেখানকার একজন বাকী বিল্লাহ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তার ওপর পড়ে থাকা বাকীকে তাঁর বন্ধু আমিন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।