বাংলাদেশের টেস্ট দলে প্রথম পছন্দের পেসার তিনিই। কিন্তু ১৪ মাস পর বাংলাদেশ যখন টেস্ট খেলবে, তিনি থাকবেন মাঠে ফেরার লড়াইয়ে। কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্পে চোট পেয়েছেন ফুটবল খেলতে গিয়ে। কষ্ট পাচ্ছেন, তবে শাহাদাত হোসেনের কণ্ঠে দ্রুত ফেরার প্রত্যয় মানসিক অবস্থা এখন কেমন?শাহাদাত হোসেন: খুব কষ্ট পাচ্ছি। পায়ের চেয়েও বেশি আঘাত পেয়েছি আসলে মনে। কন্ডিশনিং ক্যাম্পে এক মাস খুব কষ্ট করেছিলাম। সামান্য ফাঁকিও দিইনি। সবাই আমার ফিটনেসে খুব খুশি হয়েছিল। কিন্তু দল নির্বাচনের ঠিক আগে এই দুর্ঘটনা। বলে বোঝাতে পারব না কতটা খারাপ লাগছে। ফুটবল খেলতে গিয়ে এমন চোট, এ জন্য নিশ্চয়ই আরও বেশি কষ্ট লাগছে?শাহাদাত: এর আগেও খেলেছি, কখনো এমন হয়নি। ভেবেছিলাম, সৈকতের বালুতে খেললে কী আর হবে। আমার প্রতিপক্ষ দলে গোলরক্ষক ছিল অমি (জহুরুল ইসলাম), ওর কাছ থেকে বল কাড়তে গিয়েই পায়ে জোরে লেগে গেল। সঙ্গে সঙ্গে বালুর ভেতর ঢুকে পা বেঁকে গেল। পা বের করে দেখি হাড় নড়ে গেছে। দেবাশিসদা (বিসিবির চিকিৎসক) হাসপাতালে নিয়ে গেল। মনে হয়, ১০টার মতো ইনজেকশন দিয়েছে। ব্যথায় এত জোরে জোরে চিৎকার করেছি, চারপাশের সবাই ছুটে এসেছিল। এখন ভাবি, কেন যে ফুটবল খেলতে গিয়েছিলাম! এখন কী অবস্থা?শাহাদাত: এখন আমার বিছানা আর হুইলচেয়ারের জীবন। হাঁটাচলার উপায় নেই। আরও দিন দশেক মনে হয় এভাবেই থাকতে হবে। এরপর সেলাই কাটা, তারপর রিহ্যাব। তবু ভালো যে ফ্র্যাকচার হয়নি, তাহলে ছয়-সাত মাস বাইরে থাকতে হতো। হুইলচেয়ারের অভিজ্ঞতা আগে কখনো হয়েছে?শাহাদাত: নাহ...প্রথম যেদিন বসলাম, কষ্টের মাঝেও আমার হাসি পাচ্ছিল। হুইলচেয়ারেও কিনা বসতে হলো! এর আগে অস্ট্রেলিয়ায় গিয়ে একবার পায়ের পাতা ফেটে গিয়েছিল, সেবার ৫-৬টি সেলাই নিতে হয়েছিল। এ ছাড়া ছোটখাটো চোট পেলেও এবারের মতো বড় চোট কখনোই পাইনি। কৌশিক ভাইয়ের (মাশরাফি বিন মুর্তজা) কষ্টটা এবার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। খুব কষ্টের অভিজ্ঞতা... টেস্ট এলেই তো আপনাকে বাংলাদেশের প্রয়োজন পড়ে। প্রায় ১৪ মাস পর টেস্ট খেলবে বাংলাদেশ, অথচ আপনি থাকবেন না...শাহাদাত: সত্যি বলতে এ জন্যই কষ্টটা বেশি লাগছে। টেস্ট তো খেলতামই, জিম্বাবুয়েতে ওয়ানডে দলে ফিরতেও আমি আত্মবিশ্বাসী ছিলাম। ক্যাম্পে অনেক কষ্ট করেছি। চোট পাওয়ার আগের দিনও সুমন ভাই (নির্বাচক হাবিবুল বাশার) বলছিলেন, ‘খুব ভালো করছিস, সবাই তোকে নিয়ে খুশি। একটু সাবধানে থাকিস, চোট বাধাস না।’ কিন্তু সেটাই হয়ে গেল। আমার কপালটাই খারাপ। দেশের মাটিতে বিশ্বকাপও তো খেলা হলো না...শাহাদাত: এটা তো আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। এটা কোনো দিন যাবে না। আমি মনে করি, দলে থাকার যোগ্যতা আমার ছিল। পারফরম্যান্সও খুব ভালো হচ্ছিল। কী আর করা। ওই যে বললাম, আমার কপালটাই খারাপ। এই যে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি না মেলা, চোট—এই সময়গুলোতে নিজেকে অনুপ্রাণিত করতে কষ্ট হয় না?শাহাদাত: নেতিবাচক দিকগুলো নিয়ে আমি কখনোই বেশি ভাবি না। ক্রিকেটই আমার জীবন, ক্রিকেট খেলি বলেই সবাই আমাকে চেনে। প্রতিবন্ধকতা যতই আসুক, আমি কখনো হার মানব না। পরিবারের সবার কাছ থেকে অনুপ্রেরণা পাই। এবার তো দলের সবাই, বোর্ড, দেবাশিসদা যেভাবে সাহায্য করছে, বলার নয়। মুশফিক, জুনায়েদ আমাকে খাবার এনে দিয়েছে, রকিবুল...সবাই অনেক করেছে আমার জন্য। কষ্টের মাঝেও প্রাপ্তি সবার এই ভালোবাসা।