মুক্তিযোদ্ধা থেকে মোহামেডান; সব সময় তারকাবহুল দলেই খেলে অভ্যস্ত। এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঝড়ে মোহামেডান শিবির যখন তারকাশূন্য, তিনি থেকে গেছেন মোহামেডানেই। এই মোহামেডান আর নিজেকে নিয়ে বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন বেশির ভাগ সতীর্থ তো শেখ জামালে চলে গেছেন। মোহামেডানে নিঃসঙ্গ লাগছে?হাসান আল মামুন: তা তো একটু লাগেই। এই অনুভূতিটা একটু অন্যরকম। অনেক দিন ধরে তারকাসমৃদ্ধ দলেই খেলছি। কিন্তু এবার সেই তুলনায় একেবারে তরুণ দল নিয়ে খেলতে হবে। তবে এই অভিজ্ঞতাটাও আমার আছে। একটু অন্যভাবে... কীভাবে?মামুন: ১৯৯৫ সালে আমি যখন আবাহনীতে যোগ দিলাম, তখন আবাহনীর এই অবস্থা ছিল। মুন্না ভাই (মোনেম মুন্না) ছাড়া ওখানে আর তেমন কেউ ছিলেন না। আমরা সবাই তখন তরুণ। সেই দল নিয়েই মুন্না ভাই ফাইট দিলেন। তরুণ দল নিয়ে লড়ার একটা আলাদা মজা আছে। মজা আছে। কিন্তু এত অনভিজ্ঞ দল নিয়ে মোহামেডান কি শিরোপার লড়াই করতে পারবে?মামুন: শিরোপার লড়াই করতে পারব কি না, সেটা এখনই বলা যায় না। এখনো তো ময়দানে নামি নাই। ফেডারেশন কাপ খেলতে নামলে আমরা বুঝতে পারব, কী আশা করা যায়। তবে একটা কথা বলি, আবাহনী-মোহামেডানের জার্সির একটা ওজন আছে। এই জার্সি পরে মাঠে নামলে যেকোনো খেলোয়াড়েরই চেহারা বদলে যায়। শেখ জামালের এই তারকাখচিত দল গড়াটা কীভাবে দেখছেন?মামুন: ফুটবলের জন্য ইতিবাচক একটা ব্যাপার হয়েছে। খেলোয়াড়দের জন্য পেশাদার জগৎটা আরও উন্মুক্ত হলো। সবচেয়ে বড় কথা লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়ল। অন্তত পাঁচটি দল এবার শিরোপার লড়াইয়ে থাকতে পারে। নিজের কথা বলুন। ক্যারিয়ার আর কত লম্বা করতে চান?মামুন: আরও অনেক দিন খেলা চালিয়ে যেতে চাই। আমি কখনো হাল ছাড়ি না। আন্তর্জাতিক ফুটবলে দেখবেন, চৌত্রিশ-পঁয়ত্রিশ বছর বয়সেও খেলোয়াড়েরা দিব্যি খেলে যাচ্ছে। আমাদের দেশেই দেখেন না, আলফাজ ভাই আমার দুই বছরের সিনিয়র, এখনো সুন্দর খেলছেন। আসলে সবকিছু নির্ভর করে ফিটনেস আর উপভোগের ওপর। আমার ফিটনেস নিয়ে আমি সন্তুষ্ট। আর খেলা এখনো খুবই উপভোগ করি। কিন্তু জাতীয় দলে তো জায়গা পাচ্ছেন না...মামুন: জায়গা পাচ্ছি না, এটা বলা ঠিক হবে না। এখন যে জাতীয় দল ডাকা হয়েছে, সেটা তো আসলে অনূর্ধ্ব-২৩ দল। এটা ঠিক, জাতীয় দলে হয়তো আর বেশি দিন খেলব না। ইচ্ছে আছে, মাঠে নেমে অবসর নেওয়ার। সুযোগ পেলে মাঠ থেকে অবসর নিতে চাই। এক যুগেরও বেশি জাতীয় দলে খেলেছেন। কিন্তু ততটা প্রচারের আলোয় আসতে পারেননি বলে কি আক্ষেপ আছে?মামুন: এটা আসলে রক্ষণভাগের খেলোয়াড়দের নিয়তি। মানুষ ফুটবলে তারকা বলতে বোঝে স্ট্রাইকার, বড়জোর মিডফিল্ডারদের। তার পরও ক্যারিয়ারের সেরা সময়টা খেলেছি মুক্তিযোদ্ধায়। আবাহনী-মোহামেডানে থাকলে হয়তো আরেকটু আলোচনায় থাকতাম।