প্রথম টেস্ট খেলার সাত বছর পর খেলছেন দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট খেলবেন কবে? আপাতত প্রশ্নটার উত্তর তাঁর কাছেও নেই। তবে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টের পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে নাজমুল হোসেনকে সাত বছর পর টেস্টে ফিরে খুব ভালো বোলিং করছেন। রহস্যটা কী?নাজমুল হোসেন: আসলে অনেক দিন ধরেই কঠোর পরিশ্রম করছি। আমি চেষ্টা করছি, শতভাগ দিয়ে চেষ্টা করার। কখনো হাল ছাড়িনি। লক্ষ্য ছিল যখনই সুযোগ পাব সেরাটা দিব। আজ (গতকাল) শেষ স্পেলে খুব ভালো বোলিং করলেন। বিশেষ কোনো কারণ ছিল?নাজমুল: নতুন বল আসার পর চিন্তা করলাম, আবহাওয়া যে রকম, একটু বাড়তি চেষ্টা করলে হয়তো আরেকটু কার্যকর বোলিং হবে। ওটা ভেবেই তখন আমি মৌলিক জিনিসগুলো ঠিক রেখে বোলিং করেছি। কন্ডিশন পেস বোলারদের জন্য কতটা সহায়ক ছিল? তিন পেসার খেলানোটাকে কীভাবে দেখছেন?নাজমুল: কন্ডিশন পেস বোলিংয়ের জন্য সহায়ক বলতে পারেন, পিচটা বলতে পারেন না। তবে কন্ডিশনের কথা চিন্তা করে আমার মনে হয় তিন পেস বোলার খেলানো ভালোই হয়েছে। ঘুরেফিরে আমরা তিনজনই কিন্তু বল করেছি। এই কন্ডিশনে যা করার দরকার ছিল পেসাররা কি তা করতে পেরেছেন? নাজমুল: লাঞ্চের পর পরই একটা ক্যাচ ড্রপ হয়েছে। এ ছাড়া আরও কিছু সুযোগ আমরা হাতছাড়া করেছি। যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতাম তাহলে বোধহয় টেস্টটা অন্যদিকে যেতে পারত। সাত বছর পর ফিরে যখন প্রথম বলে উইকেট পেলেন, তখনকার অনুভূতি কেমন ছিল?নাজমুল: আসলে সাত বছর পর খেলতে নেমে প্রথম বলে উইকেট পাওয়াটা অবিশ্বাস্য। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এ রকম একটা সাফল্য পেয়েছি। টেস্টের তৃতীয় দিন শেষে যা অবস্থা, কী ধরনের ফলাফলের সম্ভাবনা দেখছেন?নাজমুল: এখনো তো দুটি ইনিংস বাকি। আবহাওয়াও একটু অন্য রকম। দেখা যাক কী হয়। তবে প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ইনিংসেও যদি এ রকম ভালো ব্যাটিং করতে পারি বা ওদের বেশি রান করতে না দিতে পারি তাহলে হয়তো ইতিবাচক ফলাফল আশা করা যায়। ড্রেসিংরুমে কী আলোচনা হচ্ছে?নাজমুল: এ রকম কোনো আলোচনা হচ্ছে না। আমরা দিনেরটা দিনে চিন্তা করছি। প্রথম টেস্ট খেলার সাত বছর পর দ্বিতীয় টেস্ট খেলছেন। তৃতীয় টেস্ট কবে খেলবেন বলে আশা করেন?নাজমুল: তৃতীয় টেস্ট যদি আবার সাত বছর পর খেলি তাহলে তো আমার ক্রিকেট ক্যারিয়ারই শেষ (হাসি)! অনেক ক্যাচ ফেলেছেন আপনারা। এসব ক্যাচ না ফেললে কি দিনটা অন্য রকম হতে পারত?নাজমুল: আমরা বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছি। এসব সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটা অন্যদিকেও যেতে পারত। সকালের কন্ডিশন পেস বোলারদের জন্য আদর্শ ছিল। আপনার কি মনে হয় না, শাহাদাত আর আপনার তখন আরও ভালো বল করা উচিত ছিল?নাজমুল: আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। ৪০ ওভারের মতো বল হয়ে যাওয়ায় বলটা পুরোনো হয়ে গিয়েছিল। বল থেকে অতটা সাহায্য পাওয়া যায়নি। পাকিস্তানের ব্যাটসম্যানরা যে এত ধীরগতিতে ব্যাটিং করলেন, একটু কি বিস্মিত আপনারা?নাজমুল: হ্যাঁ, একটু বিস্মিত। চড়াও হয়ে খেললে হয়তো আরও দু-একটা উইকেট পড়ে যেত। এই টেস্টে কি ড্রটাই এখন বাংলাদেশ দলের জন্য ইতিবাচক ফলাফল?নাজমুল: যদি শেষ দুই দিন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, হয়তো ড্র করা সম্ভব।