‘কখনো হাল ছাড়িনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ স্মৃতি মহানগর হকিতে চার ম্যাচে ৭ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে ফতুল্লা পাইলট স্কুলের নাসিম ইসলাম (সোহেল)। প্রথমবারের মতো একটা বড় টুর্নামেন্টের সেরা হয়েও একটা অতৃপ্তি থাকল নারায়ণগঞ্জের এই কিশোরের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েও এত বিমর্ষ কেন?নাসিম ইসলাম (সোহেল): খারাপ লাগছে, কারণ আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না। ম্যাচে আমরাই ভালো খেলেছি। শেষ সময় পর্যন্তও এগিয়ে ছিলাম। আমি তো ধরে নিয়েছিলাম আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে গোল খেলাম, সাডেন ডেথেও হারলাম। চ্যাম্পিয়নের ট্রফিটা নিতে পারলাম না বলে খুব খারাপ লাগছে।  প্রতিযোগিতা শুরুর আগে নিশ্চয়ই ভাবনি তুমিই সেরা হবে?নাসিম: কখনোই ভাবিনি যে আমিই ম্যান অব দ্য টুর্নামেন্ট হব। আমি একজন ফরোয়ার্ড। আমার কাজ গোল করা। আমি গোল করার চেষ্টা করেছি। প্রতি ম্যাচেই ভালো খেলার চেষ্টা করেছি। তা ছাড়া আমার দলের সবাই আমাকে গোল করতে সহযোগিতা করেছে। ওদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। প্র্যাকটিসে আমি কত যে স্যারের বকা খেয়েছি। তবুও হাল ছেড়ে দিইনি। আজ সেটার পুরস্কার পেলাম। কাউকে কি পুরস্কারটা উৎসর্গ করছ?নাসিম: আমি এ পুরস্কারটা আমার ওস্তাদ মোস্তফা স্যারকে উৎসর্গ করলাম।  তুমি নাকি ফুটবল খেলতে? নাসিম: কিছুদিন ফুটবল খেলেছি। স্বপ্ন ছিল ফুটবলার হব। ওসমানী স্টেডিয়ামে একবার ট্রায়াল দিতে গিয়েছিলাম। কিন্তু কোচ ট্রায়ালের সময় আমাকে দেখে বললেন, তোমার পাসিং ভালো না। কোচের এই কথায় খুব কষ্ট পেয়েছিলাম। পরে আমার এক বন্ধু আমাকে মোস্তফা ওস্তাদের কাছে নিয়ে এল। উনি বললেন, তুই হকি খেলবি? আমি বললাম, আমার বাবার স্বপ্ন আমাকে খেলোয়াড় বানাবেন। আমি খেলোয়াড় হতে চাই। তোমার বাবা কী করেন?নাসিম: আমার বাবা আবুল কাশেম পাগলায় এক রোলিং মিলে চাকরি করেন। উনি খেলাপাগল মানুষ। আমার বড় ভাইকে খেলোয়াড় বানাতে চেয়েছিলেন। কিন্তু একবার ফুটবল খেলতে গিয়ে ভাইয়া পা ভেঙে আসেন। এরপর আর ওনাকে খেলতে দেননি। এরপর আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। আজ আমি এখানে খেলছি শুধু বাবার কারণেই। এই হকি খেলতেও আমাকে অনেক লড়াই করতে হয়েছে। কেমন সেই লড়াই?নাসিম: আমাদের টানাটানির সংসার। বাবা ঠিকমতো বেতন পান না। আমি প্র্যাকটিসে যাব কিন্তু আমার কোনো কেডস ছিল না। কীভাবে খেলব? কেডস কেনার জন্য কান্নাকাটি করেছিলাম। ঘরে তখন বাজার করার পয়সাও নেই। এমনও হয়েছে না খেয়েই প্র্যাকটিসে গেছি। বন্ধুদের কেডস ধার করে খেলেছি। বাবা আমার কান্না দেখে বললেন, ভাবিস না। দেখি কী করা যায়। পরদিন বাবা বেতনের অ্যাডভান্স নিয়ে আমার কেডস কিনে আনলেন। সেদিন আমার মতো খুশি আর কেউ হয়নি। তোমার প্রিয় খেলোয়াড় কে?নাসিম: আমার বেশি ভালো লাগে জিমি ভাইয়ের খেলা। আমিও যেহেতু সেন্টার ফরোয়ার্ডে, উনিও এই পজিশনেই খেলেন। তাই ওনার খেলা বেশি ভালো লাগে। আমিও একদিন জিমি ভাইয়ের মতো জাতীয় দলে খেলতে চাই।  স্কুলের শিক্ষক-বন্ধুদের কাছ থেকে কেমন উৎসাহ পাও?নাসিম: টিচাররা আমাকে খুব উৎসাহ দেন। আর বন্ধুরা আমাকে প্লেয়ার বলে ডাকে। পাড়ায় কেউ দেখলেই বলে, ওই যে আমাদের প্লেয়ার যাচ্ছে। আমার খুব ভালো লাগে।