কপাল দোষে রান আউট না হয়ে গেলে তাঁর অদম্য ব্যাট কাল হয়তো জিতিয়েই দিত ওল্ড ডিওএইচএসকে। সেটা হয়নি, তবে পেসার থেকে ব্যাটসম্যান বনে যাওয়া জিয়াউর রহমান আবারও প্রমাণ করলেন তাঁর বিগ হিটিং ক্ষমতা। আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্যও যা তাঁকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস আজ (গতকাল) জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেতেন আপনারা। সেটা না হওয়ায় খারাপ লাগছে নিশ্চয়ই...জিয়াউর রহমান: দুঃখটা এখানেই বেশি। এই একটা ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম। সে কারণেই কষ্টটা বেশি। তবে আমরা শুরুটা খুব ভালো করেছি। পরের দিকের ব্যাটসম্যানরা এক এক করে খেললেও ম্যাচটা আরামে জিতে যেতাম। ব্যাড লাক। আপনি যতক্ষণ উইকেটে ছিলেন, ওল্ড ডিওএইচএসের জয়ের সম্ভাবনা ছিল। আউট হয়ে ফেরার সময় কী মনে হচ্ছিল?জিয়াউর: উইকেট খুব ব্যাটিং সহায়ক ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম ম্যাচটা আমরাই জিতব। আউট হয়ে ফেরার পর যখন শুনলাম ওদিকে ভিক্টোরিয়া হেরে গেছে, তখন আরও বেশি মনে হচ্ছিল জিততে হবে। সেটা হয়নি। তবে এখনো আশা করি, ভিক্টোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতে আমরাই চ্যাম্পিয়ন হব। দানিশ কানেরিয়ার বল খুব সহজে খেলেছেন আপনি। চারটা ছক্কাও মেরেছেন। কিন্তু পরের ব্যাটসম্যানরা তাঁকে সামলাতে পারলেন না কেন?জিয়াউর: কানেরিয়া খুব ভালো বল করেছে। সে আমাকে একটু লুপ দিয়েছে, আমারও কোনো শট মিস হয়নি। আমার দেখাদেখি হয়তো অন্যরাও তার বলে বেশি শট খেলতে গেছে। তখনই সমস্যাটা হয়েছে। পেস বোলার জিয়া এবারের লিগে পুরোদস্তুর ব্যাটসম্যান। এই পরিবর্তনটা কীভাবে?জিয়াউর: এর পুরো কৃতিত্ব সুজন (কোচ খালেদ মাহমুদ) ভাইয়ের। এটা আমার কৃতিত্ব নয়। এ ছাড়া বছর দুয়েক আগে আমি যখন ইনজুরিতে পড়ি, তখন অনেক বেশি ব্যাটিং প্র্যাকটিস করেছি। এ বছর প্রিমিয়ার লিগে সুজন ভাই বললেন, ‘তুমি ওপেন করো। ইউ ক্যান ব্যাট।’ আমারও আত্মবিশ্বাস ছিল। তাই রাজি হয়ে গেলাম। পাঁচ বছর পর আবার জাতীয় দলে ফিরলেন। প্রিমিয়ার লিগের পারফরম্যান্সটাকেই কি বড় কারণ মনে হয়?জিয়াউর: অবশ্যই, রান করেছি এবার অনেক (১৪ ম্যাচে ৪৭০)। বিপিএলেও ভালো খেলেছি। সে কারণেই হয়তো আবার সুযোগ এসেছে। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়ার পর লম্বা বিরতি। আশা করেছিলেন আবার ফিরবেন?জিয়াউর: আমি কখনোই আশা ছাড়িনি। মাঝে অ্যাঙ্কেল ইনজুরির কারণে বোলিং করিনি। সেভাবে কেউ সুযোগও দেয়নি। এবার এই দলে আসার পর যখন চাচা (খালেদ মাহমুদ) আমাকে সাহস দিলেন, তখনই আত্মবিশ্বাস পাই ভালো কিছু করার। জিম্বাবুয়ে সফরে যাবেন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার হাতছানি। টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে কতটা আশাবাদী?জিয়াউর: ২০০৭ বিশ্বকাপের দলে থাকলেও খেলার সুযোগ পাইনি। সে জন্য মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম। তবে এবার আশাবাদী, যেহেতু ফর্মে আছি, হয়তো খেলার সুযোগ পাব। আর সুযোগ পেলে ভালো খেলব। ব্যাটসম্যান জিয়ার আড়ালে বোলার জিয়া হারিয়ে যাবে না তো...!জিয়াউর: না...আমি বোলিং চালিয়ে যাচ্ছি। হয়তো গেম প্ল্যানের কারণে ম্যাচে খুব বেশি বল করা হচ্ছে না। তবে অনুশীলনে নিয়মিত বল করি।