জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৬৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতেও ফিফটি করে জাতীয় দলে থাকার দাবিটা আরও জোরালো করেছেন নাসির হোসেন। টপ-অর্ডারের ব্যর্থতায় দলে এসেই এত দায়িত্ব নিতে হলেও চট্টগ্রামে কাল সংবাদ সম্মেলনে বললেন, চাপটা উপভোগই করেন তরুণ এই অলরাউন্ডার টপ-অর্ডারের ব্যর্থতার কারণে জাতীয় দলে নতুন এসেই অনেক দায়িত্ব নিতে হচ্ছে। বিপদের মধ্যে ব্যাটিং করাটা কি কোনোভাবে চাপে ফেলছে আপনাকে?নাসির: চাপ তো অবশ্যই। তবে আমার ভালো লাগে ওই সময়ে ব্যাটিং করতেই। আর দলের স্বার্থে আমি সব জায়গাতেই ব্যাটিং করতে রাজি আছি। দল যা চায় তা-ই তো করতে হবে। সিরিজ হেরে যাওয়ার পর শেষ ওয়ানডেতে বিশেষ কোনো অনুপ্রেরণা আছে?নাসির: প্রথম টার্গেট থাকবে উইকেট যেন না হারাই। আমাদের ব্যাটিংটা ভালো করতে হবে। আর কালকের (আজকের) ম্যাচ আমরা অবশ্যই জিততে চাই। এটাই মূল টার্গেট। ভালো ক্রিকেট খেলতে হবে। ঢাকায় খারাপ খেলে এসে চট্টগ্রামে ভালো খেলার নজির অনেক। এবারও কি সে রকম কিছু হবে?নাসির: আমাদের দলের সবাই চট্টগ্রামের উইকেটে খেলতে পছন্দ করে। সবাই উপভোগ করে এ মাঠে খেলাটা। আত্মবিশ্বাস আছে জেতার...। আমরা জেতার জন্যই নামব মাঠে। জয়ের স্বাদই আলাদা। আমরা কখনোই হারার জন্য নামি না। নিজেদের সেরা খেলা খেলার চেষ্টা করব। টপ-অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে না। এটা নিয়ে দলের ভাবনাটা কী?নাসির: সবাই তো চায় ভালো ব্যাটিং করতে। তবে মানুষের খারাপ সময় যায়-ই। ইনশাআল্লাহ পরের ম্যাচ থেকে ভালো হবে। কিন্তু একসঙ্গে ৪-৫ জন ব্যাটসম্যানের খারাপ সময় যাওয়াটা কি একটু ব্যতিক্রম নয়?নাসির: আসলে তেমন কিছু বলার নেই। ওনারা সব অভিজ্ঞ ব্যাটসম্যান। যেদিন ভালো খেলবে ইনশাআল্লাহ ভালো স্কোর হবে। ঢাকায় স্পিনাররা উইকেটের সাহায্য পায়নি, কোনো ম্যাচেই ১০ উইকেট নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের। চট্টগ্রামে কেমন উইকেট আশা করছেন? নাসির: যে রকম আশা করেছিলাম, সে রকম উইকেট মনে হয় না এখনো পেয়েছি। উইকেটে কোনো টার্ন ছিল না। স্পিনাররা কোনো সাহায্য পায়নি। তবে আশা আছে, চট্টগ্রামের উইকেট বরাবরের মতো টার্নিং হবে। যদিও এখনো উইকেট দেখিনি। বৃষ্টিতে তো আজ (গতকাল) প্র্যাকটিস হলো না। এই সময়টা কী করলেন?নাসির: মাঠে প্র্যাকটিস করতে না পারলেও আমরা ইনডোরে প্র্যাকটিস করেছি। ব্যাটিংয়ে এ রকম কোনো পরিকল্পনা কি আছে যে এত ওভার পর্যন্ত উইকেট হারানো যাবে না বা অত রান করতে হবে?নাসির: এখন দুটি নতুন বলে খেলা হয়। ওপেনাররা আগেও চেষ্টা করেছে, এই ম্যাচেও চেষ্টা করবে প্রথম ১০ ওভারে যেন কোনো উইকেট না হারায়। সামনে পাকিস্তান সিরিজ আছে। এই ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে পাকিস্তান সিরিজে আত্মবিশ্বাস বাড়বে। বৃষ্টির কারণে তো মনে হয় স্পিনারদের কাজটা আরও কঠিন হয়ে গেল...নাসির: বল ভিজলে তো অবশ্যই টার্ন কম করবে। তবে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। আর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে উইকেটটা স্পিন সহায়কই হবে। আশা করি, স্পিনাররা সাহায্য পাবে।