‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশের মঞ্চে সমবেত হয়েছিলেন কবি, আবৃত্তি শিল্পী ও কাব্যানুরাগী শ্রোতারা। এখানে শুরু হয়েছে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে উদীচী আয়োজন করেছে ‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ শীর্ষক আবৃত্তি উৎসব।উৎসবের উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম। মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতার বাচিকশিল্পী পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু ও উর্মীমালা বসু, কবি নির্মলেন্দু গুণ, বাচিকশিল্পী আশরাফুল আলম, কাজী আরিফ ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল আলম। শিখা চিরন্তনে মুক্তিযুদ্ধ ও সব আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পরিবেশিত হয় উদীচীসংগীত ‘কে বলেছে হয় না, এসো এই মঞ্চে, উদীচী এমনই এক আয়না’।বক্তারা বলেন, ‘রণেশ দাশগুপ্ত ছিলেন ঋষিতুল্য ব্যক্তিত্ব। তাঁর সৃজন ও কর্ম আমাদের জীবনে আলোকবর্তিকা হয়ে এসেছে। তিনি প্রতিটি স্বাধিকার আন্দোলনে তিনি রেখেছেন অসামান্য অবদান। আজ আমরা তাঁর জন্মশতবর্ষে তাঁকে আবারও অন্তরের অন্তস্তল থেকে স্মরণ করছি। নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।’আলোচনা পর্ব শেষে শুরু হয় আবৃত্তির পালা। প্রথমেই ছিল ‘সাম্পান’-এর শিশুদের দলীয় আবৃত্তি ‘লড়াই’। গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন শফিউল গনি। এরপর স্বনন পরিবেশন করে ‘রক্তে লেখা একাত্তর’। মাসকুর-এ-সাত্তার গ্রন্থনায় এটি নির্দেশনা দিয়েছেন অনন্যা লাবণী। উদীচী কেন্দ্রীয় আবৃত্তি সংসদ পরিবেশন করে ‘জয় হোক মানুষের’। কায়েস আহমেদের গ্রন্থনায় এটি নির্দেশনা দিয়েছেন বেলায়েত হোসেন। উৎসবের প্রথম দিনে একক কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন নিরঞ্জন অধিকারী, ইকবাল খোরশেদ, ঝর্না সরকার, রফিকুল ইসলাম, সাগর লোহানী, শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় কলকাতার দুই প্রখাত বাচিকশিল্পী জগন্নাথ বসু ও উর্মীমালা বসুর আবৃত্তি ও শ্রুতিনাটক পরিবেশনের মধ্য দিয়ে।