‘কত কথা মনে ভিড় করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। সেটিও ছিল দুঃখের কাহিনি, ২.৫ ওভার বোলিং করে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ার পর ফিরে আসতে হয়েছিল দেশে। দেশের মাটিতে বিশ্বকাপে দর্শক সেই তাপস বৈশ্য। কেমন লাগছে তাঁর? কোথায় আছেন, কী করছেন?তাপস বৈশ্য: ঢাকা লিগ শেষ করে সিলেটে এলাম। পরিবারকে সময় দিচ্ছি। সিলেট লিগের খেলা সামনে। সিলেট শহরে প্লেয়ার্স জোন নামে খেলার সামগ্রীর একটা দোকান আছে আমার। ওখানেও বসি। গত বিশ্বকাপটা সেভাবে খেলতেই পারলেন না। এবার তো পুরোপুরিই দর্শক। খারাপ লাগছে না?তাপস: খারাপ তো লাগছেই। কত কথা মনে ভিড় করে। আমি তখন দলের অংশ ছিলাম। এবার দলের আশপাশেও নেই। মাঠে বসে খেলা দেখার সৌভাগ্যও হবে কি না জানি না। টিকিট পাব কোথায়? দুই দিন লাইনে দাঁড়িয়ে টিকিট কেনা আমার পক্ষে অসম্ভব ছিল। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বোর্ড টিকিট দিলে ভালো, নইলে টিভিই ভরসা। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন?তাপস: আমি এখনো নিজেকে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড়ই মনে করি। ঢাকা লিগে ভালো পারফর্ম করেছি। ১১ ম্যাচে ১৯ উইকেট।  নির্বাচকেরা খোঁজখবর নেন?তাপস: আকরাম ভাইয়ের সঙ্গে একদিন দেখা হলে বলেছিলাম, ‘ভুলে গেলেন আমাকে?’ উনি বললেন, ‘তুই ভালো খেলছিস, কেন ভুলব?’ আমি আশা করব, নির্বাচকেরা আমাকে নিয়ে সত্যিই ভাববেন। একসময় বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন আপনি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণকে কেমন মনে হচ্ছে?তাপস: প্রিমিয়ার লিগে রুবেল অতটা ভালো বোলিং করেনি। তবে ও এখন পুরো ফিট এবং ভালো করবে আশা করি। বাকিরাও ভালো করবে। ওরাই এখন সেরা। মাশরাফি আর আপনি অনেক দিন নতুন বলে বোলিং করেছেন। বিশ্বকাপে মাশরাফির না থাকাটা কীভাবে দেখেন?তাপস: মাশরাফির বিকল্প নেই বাংলাদেশে। ও ফিরে আসবেই। হয়তো ঝুঁকি নেওয়া হয়নি ওর ব্যাপারে। তবে মাশরাফির সামনে অনেক পথ। ওর জন্য শুভকামনা। পেছনে তাকিয়ে কি মনে হয়, আইসিএলে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল? তাপস: একটা বিষয় পরিষ্কার করি, গত বিশ্বকাপের পর কাঁধে চোট পেলে দক্ষিণ আফ্রিকার ডাক্তার বলেছিল, অপারেশন করলে ক্রিকেট খেলতে পারার সম্ভাবনা ২০ শতাংশ। তখন চিন্তায় পড়ে যাই। বাংলাদেশ দলের ফিজিওর অধীনে পুনর্বাসন চালিয়ে বোলিং শুরু করলে ফিজিও বলেছিল, লংগার ভার্সন ক্রিকেট কম খেলতে। আইসিএলের প্রস্তাব পেয়ে ভেবেছিলাম, ৪ ওভার তো, কষ্ট করে চালিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, এটা ঠিক, আইসিএলে না গেলে হয়তো বাংলাদেশ টিমে খেলতে পারতাম। সিলেটে বিশ্বকাপের উত্তেজনা কেমন?তাপস: সবাই উত্তেজিত, আমাকে টিম নিয়ে নানা প্রশ্ন করে। আমি বলি, দল ভালো হয়েছে, বিশ্বকাপে ভালো করবে। সবাই আমার কাছে টিকিট চাচ্ছে। ওদের আর কী বলব, আমি নিজেই তো টিকিট পাইনি!  আপনি এখন প্রচারের আলোয় নেই। খারাপ লাগে না?তাপস: এভাবে চিন্তা করি না। এখনো সবাই চিনে। আজ একটা অফিসে গেলে জিজ্ঞাসা করল, ‘আপনি ক্রিকেট ছেড়ে দিলেন?’ অনেকে বলে, ‘ভাই আপনি একটু চেষ্টা করেন। আপনার প্রয়োজন আছে।’ এমনিতে আপনার সময় কাটছে কেমন?তাপস: ভালোই কাটছে। আমার ৯ মাসের ছেলে ত্রিশাল বৈশ্যই সব ভালো লাগার অনুভূতি এখন। কাল রাতে ভাবছিলাম, দুই বছর আগে কী ছিলাম, এখন আমি বাবা! ছেলেকে ক্রিকেটার বানাবেন? তাপস: যেদিন ত্রিশাল পৃথিবীতে এল, ডাক্তার আমার কোলে দিয়ে বলল, ‘এই নিন জুনিয়র তাপস, ওকে ক্রিকেটার বানাবেন।’ তবে আমি পড়াশোনায় যেভাবে অবহেলা করেছি, এই ভুলটা ছেলেকে করতে দেব না। ডিগ্রি করলাম কষ্ট করে, কিন্তু এই সার্টিফিকেট মূল্যহীন। ত্রিশাল ক্রিকেট খেললে পেসার নয়, চাইব ব্যাটসম্যান কাম লেফট আর্ম স্পিনার হোক। পেসারদের পক্ষে ক্যারিয়ার টেনে নিয়ে যাওয়া অনেক কঠিন।