‘কত কষ্ট করি হাসপাতালোত যাওয়া লাগতোছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো ব্যাটারিচালিত অটোরিকশায়, আবার কখনো ভ্যানগাড়িতে—এভাবে তাঁর হাসপাতালে আসা। এতে অনেক সময় তো লেগেছেই, পথও যেন ফুরাতে চাইছিল না। দীর্ঘ ২৫ কিলোমিটার দূর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিতে আসা নীলফামারীর এক রোগীর স্বজন শিক্ষক সুবল চন্দ্র আজ মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ দুর্ভোগের কথা জানান।তাঁদের এ দুর্ভোগের কারণ রংপুর বিভাগে আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট। পরিবহন শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও বেতন-ভাতা দেওয়াসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির গত ২৮ মে এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে বিভাগের আট জেলায় (রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী) সকাল ছয়টা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। একই সঙ্গে অভ্যন্তরীণ রুটে সব ধরনের ভারী যান চলাচলও বন্ধ রয়েছে। রংপুরে পরিবহন ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই সঙ্গে যাত্রীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রিকশাভ্যানের মধ্যে স্যালাইন লাগিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল বুকে ব্যথা পাওয়া আনসার আলী (৬০) নামের এক রোগীকে। আনসার আলী বলেন, ‘কী আর করা যাইবে। কত কষ্ট করি কী হাসপাতালোত যাওয়া লাগতোছে, তাতো দেইকপারে পাইতোছেন।’ শুধু সুবল চন্দ্র কিংবা আনসার আলী নয়। এমন দুর্ভোগের কথা শুনিয়েছেন আরও অনেকে।অন্যদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় বাজারে বিভিন্ন সবজিসহ মাছের আমদানি কম ছিল। এর ফলে ক্রেতাদের বেশি দামে পণ্য কিনতে হয়েছে।এদিকে ঢাকার যাত্রীদের রেলস্টেশনে ভিড় করতে দেখা যায়। কিন্তু একমাত্র ঢাকাগামী ট্রেন রংপুর এক্সপ্রেসের টিকিট পাওয়া ছিল খুব কষ্টকর। এর পরও লোকজনকে রেলস্টেশনে বসে থাকতে দেখা যায়।শহরের ধাপ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম বলেন, ‘ভাবছিলাম ট্রেনের টিকিট পাব। কিন্তু জানলাম আগামী তিন দিনের টিকিট শেষ হয়েছে।’গতকাল সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে রংপুরের সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন রাত ১১টা পর্যন্ত মোটরশ্রমিক ও মালিক সমিতির সঙ্গে বৈঠক করে। বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না হওয়ায় মোটরশ্রমিক ও মালিক সমিতির নেতারা তাঁদের ধর্মঘটের বিষয়ে অটল থাকেন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, এসব দাবিদাওয়া নিয়ে অনেক আন্দোলন হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দাবি পূরণ হয় না। আর তাই সন্তোষজনক আলোচনা না হওয়ায় আগের ঘোষণা অনুযায়ী এ ধর্মঘট চলবে বলে তিনি জানান।