‘কতি পারো এহন আমরা কী করবো’
‘তিন মাস ধরে চিষ্টা কত্তিছি লাইনির জন্নি। ডুমুরিয়া পল্লী বিদ্যুত্ অফিসি আসলি উরা কচ্ছে কৃষি কর্মকর্তার প্রত্যয়ণপত্র ছাড়া সংযোগ দেওয়া সম্ভব হবে না। এদিরি আমার ধানপাতার (চারা) বয়স ৩১ দিন পার হয়ে গেছে। কতি পারো এহন আমরা কী করবো?’ ডুমুরিয়া পল্লী বিদ্যুত্ অফিসের সামনে ২৭ ডিসেম্বর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেচ-সংযোগ প্রত্যাশী প্রায় অর্ধশতাধিক চাষির মধ্যে দাঁড়িয়ে ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন বামুন্দিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবু বক্কার মোল্লা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৩২০ হেক্টর জমিতে চার শতাধিক বিদ্যুত্চালিত সেচযন্ত্র ব্যবহারের কথা রয়েছে। ওই সব কৃষক ছাড়া নতুন কৃষকেরাও সেচসংযোগ পাওয়ার জন্য চেষ্টা করছে। সরেজমিনে অফিস এলাকায় আটলিয়া গ্রামের রুহুল আমিন, রোস্তমপুর গ্রামের নাসিরউদ্দিন সরদার, হাবিবুর রহমান, নরনীয়া গ্রামের সাইফুর রহমান, মিজানুর রহমান, বাদুড়িয়া গ্রামের সুনিল সরকারসহ প্রায় অর্ধশতাধিক কৃষকের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ডিজেলের চেয়ে বিদ্যুতের খরচ অনেক কম হওয়ায় তাঁরা বিদ্যুত্সংযোগ পেতে বেশি আগ্রহী। তাই সংযোগের আশায় বিদ্যুত্ অফিসে আবেদন করতে গেলে তাঁদের কাছ থেকে এখন আর আবেদনপত্র জমা নিচ্ছে না। আর কৃষি অফিসও তাঁদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না।আধুনিক কৃষক ডুমুরিয়া কলেজের শিক্ষক খান নুরুল ইসলাম বলেন, ‘সেচসংযোগ পাব এ আশায় এ বছর ১৫ বিঘা জমিতে বোরো চাষ করেছি। ১০ দিন ধরে তিন হাজার টাকার ডিজেল পুড়িয়ে পানি দিয়েছি। এখনো লাইন পাচ্ছি না। আমার মতো লোকের যদি এ অবস্থা হয় তা হলে সাধারণ কৃষকের কী হবে?’ খুলনা পল্লী বিদ্যুত্ সমিতির ডুমুরিয়া আঞ্চলিক অফিসের অতিরিক্ত মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক এ এস এম ফিরোজ প্রিন্স বলেন, ৮ নভেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুত্সংযোগ পেতে আগ্রহী গ্রাহককে বাধ্যতামূলক সংশ্লিষ্ট উপজেলা সেচ কমিটির ছাড়পত্র দাখিল করতে বলেছে। ওই আদেশ আমাদের হাতে পৌঁছানোর আগেই প্রাথমিক তদন্ত শেষে ৬২ জনের আবেদন জমা পড়েছে। তাই এখন সেচ কমিটির ছাড়পত্র না আনা পর্যন্ত আর আবেদন গ্রহণ করা হচ্ছে না।’উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার বলেন, ‘২৪ ডিসেম্বর দুই-তিনজন কৃষক আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি শুক্রবার জেলায় যোগাযোগ করে সেচ কমিটি-সংক্রান্ত একটি কাগজপত্র জোগাড় করে এনেছি। এখনো আমরা অফিসিয়াল আদেশ পাইনি। চাষিদের বিষয় জেনে ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হবে।’ উপজেলা সেচ কমিটির চেয়ারম্যান ও ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজি আবদুল হাদী বলেন, ‘উপজেলা পরিষদের বৈঠকে কৃষি কর্মকর্তার উপস্থিতিতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’