‘কথা বলার সময় নেই, লিখে জানাও’
টেলিফোনে কথা বলা? উফ, এত কথা কে বলে? মোটেও সময় নেই কথা খরচ করার। এর চেয়ে বরং খুদে বার্তাই তো ভালো। যুক্তরাজ্যের মানুষের আজকাল মনোভাব যেন তাই। ফোনালাপের চেয়ে মুঠোফোনে খুদে বার্তা ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তাঁদের ব্যস্ততা এমন আভাস দেয়।দেশটির টেলিকম রেগুলেটর কর্তৃপক্ষের সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এই তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের বেশির ভাগ মানুষ মুঠোফোনে কথা নয়, বরং বার্তা লিখেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছেন। এতে দেশটিতে এই প্রথমবারের মতো মুঠোফোন কলের পরিমাণ কমে গেছে।দেশটির গড়পড়তা গ্রাহক এখন সপ্তাহে ৫০টি লিখিত বার্তা পাঠায়। যা গত চার বছরের মধ্যে দ্বিগুণ। ২০১১ সালে ১৫ হাজার কোটির বেশি বার্তা (টেক্সট মেসেজ) আদান-প্রদান হয়।যুক্তরাজ্যের সরকার অনুমোদিত সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডাকশিল্পের দেখাশোনাকারী রেগুলেটরি অ্যান্ড কমপিটিশন কর্তৃপক্ষ ‘দ্য অফিস অব কমিউনিকেশনস’ (অফকম) তাদের বার্ষিক যোগাযোগ বাজার প্রতিবেদনে এ তথ্য জানায়।জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা সপ্তাহজুড়ে ই-মেইল এবং ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছেন। ইন্টারনেটে ঢুকতেও মুঠোফোন ব্যবহার করেন তাঁরা। অন্যদিকে ল্যান্ড ফোন ও মুঠোফোনে কথা বলেন খুব কম।জরিপ অনুযায়ী, গত বছর ফোনে কথা বলার সময়ের পরিমাণ কমে গেছে ৫ শতাংশ। ল্যান্ড ফোনের কলের পরিমাণ কমে গেছে ১০ শতাংশ। মুঠোফোনে কলের পরিমাণও এক শতাংশের বেশি কমে গেছে।জরিপে অংশ নেওয়া ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণদের প্রায় ৯৬ শতাংশ তাদের পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করতে টেক্সটভিত্তিক কৌশলকে প্রাধান্য দিচ্ছে। ৯০ শতাংশ তরুণ বার্তা পাঠিয়ে আর ৭৩ শতাংশ তরুণ সামাজিক যোগাযোগের সাইটে প্রয়োজনীয় আলাপ সারছেন।জরিপ চালানো কর্মকর্তারা বলছেন, মানুষের অভ্যাসের এই পরিবর্তনের পেছনে রয়েছে স্মার্টফোনের বহুল ব্যবহার। এটি সহজে বহনযোগ্য ও ইন্টারনেট ব্যবহারের বেশ সহায়ক। যুক্তরাজ্যে প্রতি ১০ জন প্রাপ্ত বয়স্কের চারজনই (৩৯ শতাংশ) স্মার্টফোন ব্যবহার করেন। ২০১০ সালে এ হার ছিল ১২ শতাংশের কিছু বেশি। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, মুঠোফোনে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে।