‘কথায় মনে হয় তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী’
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কথা শুনে মনে হয় তিনি ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী’। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন।বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার চাঁদপুরের কচুয়ায় এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আত্মরক্ষার্থে সীমান্তে গুলি চালায়। যারা গুলিতে নিহত হয়েছে তারা বাংলাদেশের সীমান্তে নয়, ভারতের অভ্যন্তরে ঘটনার শিকার হয়েছে।’মন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্বার্থবিরোধী বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে, ভারতের স্বার্থ রক্ষা করার জন্য তাঁদের ক্ষমতায় বসানো হয়েছে। যাঁরা ভারতকে খুশি করার জন্য এ ধরনের বক্তব্য দিতে পারেন, তাঁদের দিয়ে এ দেশের জনগণের নিরাপত্তা বিধান করা সম্ভব নয়।’তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি।