টানা দুটো হারে মুষড়ে পড়লেও ভেঙে পড়েনি নিউজিল্যান্ড দল। সিরিজে ফিরতে মরিয়া কিউইরা ম্যাচ খেলার পরদিনই ঘাম ঝরাল ঘণ্টা তিনেক। অনুশীলন শেষে কথা বললেন দলের ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল দুটো ম্যাচে হারলেন। দলের অবস্থা এখন কেমন?ট্রেন্ট উডহিল: স্বাভাবিকভাবেই সবাই খুব হতাশ। ২-০-তে পিছিয়ে থাকাটা অস্বাভাবিক, তবে নিজেদের মানসিক শক্তি বুঝিয়ে দেওয়ার একটা ভালো সুযোগও এটা। এ অবস্থা থেকেই লড়াই করে শেষ দুটি ম্যাচ জিততে হবে আমাদের। তৃতীয় ওয়ানডেতে হারের পর ড্রেসিংরুমে কী কথাবার্তা হয়েছিল?উডহিল: বাংলাদেশের মতো আমাদের ছেলেরাও দেশের জন্য খেলে। প্রতিটি ম্যাচেই ছেলেরা দেশকে গর্বিত করতে চায়। তাঁদের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। দলের কাছ থেকে দেশের মানুষ যা প্রত্যাশা করে, এখনো দল তা দিতে পারেনি। আমরা বলেছি, আমাদের প্রমাণ করতে হবে, আমরা যথেষ্ট প্রস্তুত ও ক্ষুধার্ত। দেশ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন, বোর্ড-পরিবার...?উডহিল: দেশেও সবাই খুব হতাশ এবং হতাশ হওয়ার যথেষ্ট কারণও আছে। আশা করি, আমরা সিরিজ ড্র করে দেশে ফিরতে পারব। শুধু পরাজয়ই নয়, হারের ধরনটাও তো যথেষ্ট চিন্তার...উডহিল: পরাজয়টাই মূল কথা, ব্যবধানটা মুখ্য নয়। প্রথম ম্যাচে ৯ রানে হারার পর আমাদের যেমন লেগেছিল, পরের ম্যাচে বড় ব্যবধানে হারার পরও তেমনই খারাপ লেগেছে। প্রতি ম্যাচেই আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করি। ফলাফল আমাদের পক্ষে না এলে খারাপ লাগে। পরাজয়ে প্রস্তুতি ভালো না হওয়ার কোনো ভূমিকা আছে?উডহিল: এখানকার কন্ডিশন আমাদের জন্য আদর্শ নয়। এ জন্যই প্রস্তুতি ম্যাচ দুটো খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলাম না। তবে এটাকে আমরা অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। বাংলাদেশ ভালো খেলেই জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটটাই এমন, সব কন্ডিশনে খাপ খাইয়ে নিতে হবে। ২-০-তে পিছিয়ে আছি, এখন আমাদের অন্য কোনো দিকে তাকানো বা ভাবার অবকাশ নেই। যেভাবেই হোক সিরিজে ফিরে আসতে হবে। এ জন্যই কি ম্যাচ খেলার পরের সকালেই এমন অনুশীলন?উডহিল: হ্যাঁ, সবাই খুব পরিশ্রম করছে। দলের হারে সবাই আসলে খুব কষ্ট পেয়েছে, এমন একজনও নেই, যে স্বস্তিতে আছে। নিজেদের ইচ্ছাতেই তাই সবাই একটু বেশি পরিশ্রম করছে। এই সিরিজের আগে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজটাও তো আপনাদের ভালো যায়নি...উডহিল: দেখুন, আমাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য নিজেদের সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করা। মাস দুয়েক আগেই আমরা ভারতকে ২০০ রানে হারিয়েছি। ওরাই পরে আবার টুর্নামেন্টের শিরোপা জিতেছে। আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে ভালো খেলা। স্টাইরিস-ওরামের অভাব বোধ হচ্ছে?ডাম্বুলায় ভারতের বিপক্ষে আমরা ৩ উইকেটে ২০-এর মতো ছিলাম। সেই অবস্থায় নেমে স্টাইরিস ৯০ রান করেছিল। ওরামের অভাব তো সব জায়গাতেই অনুভব করি। তবে অন্যদের জন্যও এটা একটা সুযোগ। বাংলাদেশ দলেও যেমন দেখলাম, প্রথম ম্যাচে না খেলা এক বোলার পরের ম্যাচে ৩ উইকেট নিল। এ ধরনের প্রতিযোগিতা তো দলের জন্যই ভালো। বাংলাদেশ দলকে কেমন দেখলেন?উডহিল: বাংলাদেশ দলটা দারুণ উন্নতি করেছে। জেমি সিডন্সের মতো ভালো একজন কোচ আছে তাদের, কোচিং স্টাফের বাকিরাও দারুণ। সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছে। ওরা ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বাংলাদেশের চ্যালেঞ্জ এখন নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়ার। আমাদের আপাতত লক্ষ্য চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ফিরে আসা। নিউজিল্যান্ড দলের ফিল্ডিং তো সব সময়ই ভালো। আপনি কী কী কাজ করছেন?উডহিল: দলের সবাই এমনিতেই যথেষ্ট অ্যাথলেট। ওরা ভালো ফিল্ডার, আমার দায়িত্ব হচ্ছে এটার সঙ্গে বাড়তি কিছু একটা যোগ করা।