সবার গায়ে বিশ্বকাপের অনুশীলন-জার্সি, তাঁর গায়ে অন্য কোনো জার্সি। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপের ১৫ জনের দলে তো নেই! শাহাদাত হোসেনের সে কারণেই অধিকার নেই বিশ্বকাপের জার্সি গায়ে তোলার। এটা নিয়ে দুঃখ থাকলেও খেলার সম্ভাবনায় সেটা ভুলে থাকছেন জাতীয় দলের পেসার বিশ্বকাপ দলে না থাকলেও দলের সঙ্গে অনুশীলন করছেন। বিশেষ কোনো কারণে?শাহাদাত হোসেন: স্ট্যান্ডবাই হিসেবে আমাকে রেখেছে। কোচ, বোলিং কোচ বলেছেন দলের কেউ ইনজুরিতে পড়লে আমাকে নেবে...আমার সুযোগ বেশি। সবাই বিশ্বকাপের জার্সি পরে অনুশীলন করছে...আপনার গায়ে অন্য জার্সি। খারাপ লাগে না?শাহাদাত: আসলে ঘরোয়া ক্রিকেটে যে রকম পারফর্ম করেছি, আমিও বিশ্বকাপ দলে জায়গা পেতে পারতাম। আর জার্সির কথা কী বলব...মাঝেমধ্যে খুব খারাপ লাগে। সবার গায়ে বিশ্বকাপের জার্সি, আমি জার্সি পরতে পারছি না! তার পরও ভুলে থাকতে চেষ্টা করি, কারণ এটা নিয়ে ভাবলে মানসিকভাবে আমি আরও পিছিয়ে যাব। আর জার্সি না পেলেও আমি মনে করি না যে আমি নেট বোলার হিসেবে বল করছি। কারও অমঙ্গল কামনা করছি না। তবে কপালে থাকলে আমি অবশ্যই বিশ্বকাপ খেলব। দলের সঙ্গে একই হোটেলেই থাকছেন?শাহাদাত: হ্যাঁ, একই হোটেলে আছি। ওরা যে সুযোগ-সুবিধা পায়, আমিও পাচ্ছি। শুধু জার্সি পরতে পারছি না। বিশ্বকাপ নিয়ে আলোচনা, টিম মিটিং সবকিছুতেই কি থাকেন?শাহাদাত: হ্যাঁ, সবকিছুতেই আমি থাকি। কখনো কি মনে হয় না ‘আমি তো বিশ্বকাপের অংশ নই...কেন থাকছি’?শাহাদাত: এ রকম তো মনে হয়ই। আমি দলে নেই, তাহলে কেন আমাকে রেখেছে! মাশরাফি ভাই আসেনি। রাসেলকে আসতে বলেছিল, সেও আসেনি। ম্যানেজার সাদ ভাই, কোচ সবাই আমাকে আসতে বলেছেন, সেজন্যই আসলাম। তবে আমি মনে করি, আমি তাদের সাহায্য করছি। এখানে এটাই আমার কাজ। দলের সবাই নিশ্চয়ই আপনাকে সহজভাবে নিচ্ছে...শাহাদাত: সবার সঙ্গেই তো আমার ভালো সম্পর্ক। আমি অনেক দিন ধরে খেলছি। তবে কোচ হয়তো অন্যদের ব্যাপারে বেশি সিরিয়াস, আমার ব্যাপারে সে রকম না। এ নিয়ে কিছু মনে করি না। এটা মানতেই হবে। কোচ ১৫ জনকে নিয়েই ব্যস্ত থাকবেন স্বাভাবিক। ওদের নিয়ে খেলার পরিকল্পনা করবেন। আমি যদি কখনো দলে ঢুকতে পারি তখন আমাকেও নিশ্চয়ই সময় দেবেন। দলের সঙ্গে থাকায় কি গোপনে বিশ্বকাপ স্বপ্নটাও থেকে যাচ্ছে মনে?শাহাদাত: সেভাবে না, আমি তো আর বিশ্বকাপের অংশ নই। আমি দোয়া করি, এই দলের কেউ যেন ইনজুরিতে না পড়ে। সবাই যেন সুস্থ থেকে বিশ্বকাপটা খেলতে পারে। আমার ভাগ্যে থাকলে আমি খেলব, নয়তো নয়। তবে এবার হোক বা ২০১৫—আমি একদিন বিশ্বকাপ খেলব, এই বিশ্বাস আছে। দল ঘোষণার আগে আশা করেছিলেন দলে থাকবেন?শাহাদাত: প্রিমিয়ার লিগে ভালো খেলার পর সবাই বলছিল, আমি হয়তো দলে থাকব। এর আগে জাতীয় লিগেও ভালো বোলিং করেছি। শুনেছিলাম, প্রিমিয়ার লিগে ভালো খেললে বিশ্বকাপ দলে থাকা যাবে। আশরাফুল ভাই ঢুকল, শাহরিয়ার নাফীস এল। আমারও স্বপ্ন ছিল। ১৯ ফেব্রুয়ারি তো প্রথম ম্যাচ। খেলা দেখবেন?শাহাদাত: টিম ম্যানেজমেন্ট যদি বলে থাকতে, থাকব। তবে আমার ইচ্ছা নেই খেলা দেখার। জাতীয় লিগে খেলা আছে, সেখানে খেলব। শুনলাম, অনুশীলন চলাকালে মিরপুরের জিমনেসিয়াম থেকে আপনার একটা ব্যাট হারিয়ে গেছে?শাহাদাত: হ্যাঁ, জিম থেকে ব্যাটটা কে জানি নিয়ে গেছে। আর পাইনি। ব্যাটটা আমাকে শাহরিয়ার নাফীস দিয়েছিল। আরেকটা ব্যাটও নিয়েছি তামিমের কাছ থেকে।