‘কবর’ নাটকে নতুন প্রজন্মের অভিনয়
আরণ্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি হলো ১ ফেব্রুয়ারি। মঞ্চে আরণ্যকের প্রথম নাটক ছিল কবর। ওই সময় নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে নাটকটির স্মারক অভিনয় করেন ওই সময়ের শিল্পীরা। কবর নাটকের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেন আরণ্যকের এ প্রজন্মের অভিনয়শিল্পীরা। নির্দেশনা দিয়েছেন হাসিম মাসুদ। সেদিন নতুনদের অভিনয় দেখে মুগ্ধ হন পুরোনোরা। নাটকটির প্রথম দিকের অভিনয়শিল্পী আলী যাকের বললেন, ‘নতুনদের অভিনয় অনেক পরিণত এবং নতুনেরা অনেক ভালো অভিনয় করেছে। তাদের অভিনয় আমাদের স্পর্শ করেছে।’ তাই এবার নতুনদের দিয়ে নাটকটির নিয়মিত প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছে আরণ্যক। নাটকের এই দলটির প্রধান সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘নতুনদের অভিনয় এবং নাটকের ডিজাইন দেখে আমরা নতুন করে দৃপ্ত হয়েছি। আমরা মনে করি বর্তমান প্রজন্মের মেধা ও প্রতিভার স্পর্শে কবর নাটকটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হবে।’মামুনুর রশীদ জানান, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আরণ্যক প্রথম কবর নাটকটি মঞ্চায়ন করে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নতুন প্রজন্মের অভিনয়ে নাটকটির প্রথম প্রদর্শনী হবে।এদিকে আজ বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলার মঞ্চে কবর নাটকের প্রদর্শনী করবে সময়। এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আক্তারুজ্জামান। তিনি জানান, আট বছর পর তাঁরা আজ নাটকটির প্রদর্শনী করছেন।