‘কবিতায় বলা, কবিতায় শোনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে—এই বাংলায়/ হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে/ হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে/...কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।’ চারুবাকের গতকালের আবৃত্তি অনুষ্ঠানের শুরুতেই ছিল জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার বৃন্দপরিবেশনা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিভিন্ন স্বাদের কবিতা নিয়ে চারুবাক আয়োজন করে তাদের নিয়মিত মাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘কবিতায় বলা, কবিতায় শোনা’র চতুর্থ পর্ব।গতকাল সোমবার জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচক ছিলেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজিয়া রোজি। সঞ্চালনা করেন সঞ্জয় সাহা। গতকালের আয়োজনে বৃন্দ আবৃত্তি ছাড়াও ছিল একক আবৃত্তি। নবীন ১০ জন আবৃত্তিকারসহ অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন চারুবাকের সভাপতি দেবাশিষ রূপন, ইসমাইল সাদী। তাঁদের আবৃত্তি করা ২০টি কবিতার মধ্যে বেশির ভাগ কবিতাই রূপসী বাংলা কাব্যের। অন্যগুলো ছিল ঝরাপালক, বনলতা সেন ও মহাপৃথিবী কাব্যের কবিতা। ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’—এই পঙিক্তগুলোর দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।আধুনিক বাংলা কবিতার অন্যতম পুরোধা কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী ছিল গত ২২ অক্টোবর। জীবনানন্দের কবিতার পাঠক ও শ্রোতাপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বাংলার মাটি ও মানুষকে ভালোবেসেছিলেন বলেই তাঁর কবিতা বাংলা ভাষাভাষী মানুষের হূদয়ে বিশেষ আবেদনের সৃষ্টি করে। আনন্দ দেয়। বাঙালিরা সব সময় নাড়ির টান অনুভব করে তাঁর কবিতা শুনে। নবীন আবৃত্তিকর্মীদের উদ্বুদ্ধ করতেই চারুবাক এই নিয়মিত আয়োজন করে আসছে।পশ্চিমবঙ্গে কবি নজরুলের নামে বিশ্ববিদ্যালয় গড়ার দাবিআমাদের কলকাতা প্রতিনিধি জানান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে পশ্চিমবঙ্গে একটি বিশ্ববিদ্যালয় গড়ার দাবি করেছে নজরুল জন্মোৎসব কমিটি।গত শনিবার এই কমিটির বৈঠক হয় কলকাতার বাংলা একাডেমীর জীবনানন্দ সভাঘরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক অনুরাধা পুততুন্ডু, নজরুল গবেষক শেখ আনসার আলী, নজরুল জন্মোৎসব কমিটির সভাপতি বিনোদ সিংহানিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ। এই বৈঠকে দাবি ওঠে পশ্চিমবঙ্গে নজরুলের নামে একটি বিশ্ববিদ্যালয় গড়ার।এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর নজরুল জন্মবর্ষ সাড়ম্বরে পালন করার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। এই লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কবি নজরুলের জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার কবির বাসস্থানসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংস্কার করারও উদ্যোগ নেওয়া হয়েছে।গুয়াহাটিতে আর্ট ক্যাম্পশ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র গুয়াহাটিতে গতকাল সোমবার থেকে বাংলাদেশের ১০ জন এবং আসামের ১৭ জন শিল্পীর অংশগ্রহণে চার দিনব্যাপী এক আর্ট ক্যাম্প শুরু হয়েছে। আর্ট ক্যাম্পে বাংলাদেশের যেসব শিল্পী অংশ নিয়েছেন, তাঁরা হলেন: কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, কালিদাস কর্মকার, মাহমুদুল হক, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, রনজিৎ দাস, আহমেদ সামসুদ্দোহা ও মাকসুদা ইকবাল।এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর), বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র গুয়াহাটি।