‘কবে শেষ অইব এ বিচার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে একনজর দেখার জন্য বরিশালের গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছেন বৃদ্ধ আলী হোসেন। দেখা হবে কি না, তারও কোনো নিশ্চয়তা নেই। তার পরও সকাল থেকে দুপুর পর্যন্ত বকশিবাজারের ফুটপাতে বসে আছেন তিনি। তাঁর ছেলে বিডিআর সদস্য সিরাজুল ইসলামসহ বেশ কয়েকজনের বিচার-প্রক্রিয়া চলছে পাশেই অস্থায়ী আদালতে। কাছে গিয়ে জানতে চাইলে আলী হোসেন কাঁদতে কাঁদতে বললেন, ‘বাজান, এত কষ্ট আর সহ্য অয় না। কবে শেষ অইব এ বিচার!’ ‘এত কষ্ট করে আসেন কেন’—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছেলেডারে একনজর দেইখা মনডারে সান্ত্বনা দিই।’জানা গেল, দুই বছর ধরে সপ্তাহে দুবার করে ঢাকায় আসছেন আলী হোসেন। তাঁর মতো গত বুধবার বকশিবাজারে ছিল অসংখ্য স্বজনের ভিড়। তাঁদের কারও ছেলে, কারও স্বামী, কারও বা ভাই পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার আসামি। গাড়িতে করে আনা-নেওয়ার সময় একনজর দেখা, একটু কথা বলা। কেউবা বাসায় রান্না করা সামান্য খাবার দেওয়ার জন্য শামিল হয়েছেন এ প্রতীক্ষায়। ফুটপাতে, বিদ্যালয় বা কারও বাড়ির আঙিনায় বসে অপেক্ষার প্রহর গুনছেন। দুই বছর ধরে সপ্তাহে দুবার এমনভাবে অপেক্ষা করছেন অনেকে।স্বজনদের অভিযোগ, খাবার দেওয়া তো দূরের কথা, সামান্য কথা বলতে গেলেই পুলিশ লাঠিপেটা শুরু করে। খাবার কেড়ে নিয়ে রাস্তা বা ড্রেনে ফেলে দেয়। দুই বছর ধরে পুলিশের কাছ থেকে এমন আচরণ পেয়ে আসছেন তাঁরা।নূরজাহান বেগম নামের এক নারী বলেন, মামলার আসামি তাঁর জামাতা মাহমুদুল হাসানকে খাবার দিতে দুই বছর ধরে তিনি নারায়ণগঞ্জ থেকে বকশিবাজার আসছেন। কিন্তু বেশির ভাগ সময় খাবার দিতে পারেননি। কাছে গেলেই পুলিশ লাঠিপেটা করে, কাছেই ঘেঁষতে দেয়নি।নূরজাহানের মতো একই অভিযোগ শিলা আক্তারের। তাঁর স্বামী মো. শাহীনকে একনজর দেখা ও খাবার দেওয়ার জন্য দুই বছর ধরে নারায়ণগঞ্জ থেকে আসছেন তিনি। কিন্তু দু-একবার দেখা বা খাবার দিতে পেরেছেন। শিলা আক্তার বলেন, ‘পুলিশ আমাদেরও গ্রেপ্তার করবে বলে হুমকি দেয়। কাছে গেলেই গালিগালাজ করে। চড়-থাপ্পড় মারে। খাবার ড্রেনে ফেলে দেয়।’ এক নারী কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেডা দুই বছর ধরে জেলে। কেমন আছে, কী খাচ্ছে জানি না। কত দিন বাসার খাবার খায় না! খাবারডা দিয়া তারে দোয়া করতে এহানে আসি রে বাজান।’নাম প্রকাশ না করে অপর একজন বললেন, ‘গাড়ি চলার সময় যতটুকু সময় পাই, ততটুকুই কথা বলি। এ সুযোগে খাবার দিতে পারলে দিই। তবে পুলিশের কারণে বেশির ভাগ সময় কিছুই করতে পারি না।’ শুধু পুলিশের বিরুদ্ধে অভিযোগ নয়, পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরে অনেকেই এ প্রতিবেদকের সামনে কান্নায় ভেঙে পড়েন।সিতারা বেগমের ছেলে বিডিআর বিদ্রোহ মামলার আসামি। তিনি বললেন, নারায়ণগঞ্জ থেকে প্রতিবারই ২০০ টাকা খরচ করে আসতে হয় তাঁকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জেলে যাওয়ার পর থেকে অন্য সন্তানদের নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তিনি। একদিকে ভবিষ্যতের চিন্তা অন্যদিকে ছেলেকে দেখতে আসার খরচ জোগানো—সব মিলিয়ে এক অকূল পাথারে পড়েছেন তিনি। কুমিল্লা থেকে ভাইকে দেখতে আসা তানভীর হাসান নামের এক যুবক বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল তাঁর ভাই। দুশ্চিন্তায় তাঁর বাবা মারা গেছেন। তাঁর ভাই এখনো বাবার মৃত্যুর খবর জানেন না। সব মিলিয়ে বেশ কষ্টে আছেন তাঁরা।কয়েকজন স্বজন জানালেন, বিডিআর বিদ্রোহ মামলায় কয়েক শ মানুষের বিচার হচ্ছে। অথচ এর সঙ্গে লাখ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেতন বন্ধ হয়ে যাওয়ায় অসহায় দিন যাপন করছে প্রতিটি পরিবার। গাজীপুর থেকে স্বামীকে দেখতে আসা ডেইজি ইসলাম বলেন, ‘স্বামী জেলে থাকায় এখন দুশ্চিন্তায় আমার দিন কাটছে। তিন ছেলেমেয়ের লেখাপড়ার খোঁজও নিতে পারি না। কী হবে তা-ও জানি না।’বেলা দুইটার দিকে আদালত শেষ হওয়ার পর গাড়িতে একে একে উঠতে লাগলেন আসামিরা। এদিকে স্বজনেরা মূল ফটকের সামনে যাওয়ার চেষ্টা করলেই থামিয়ে দেওয়া হয়। অগত্যা দূর থেকে গাড়ির দিকে নিষ্পলক তাকিয়ে থাকেন তাঁরা।একে একে গাড়ি চলে যাওয়ার পর রেহেনা আক্তার নামের এক নারী বললেন, ‘স্বামীকে দেখতে আসছিলাম। দেখতে পারি নাই।’ এ বলে নিচের দিকে তাকিয়ে থাকলেন তিনি। কিছুক্ষণ পর অশ্রুসিক্ত নয়নে বললেন, ‘এত প্রতীক্ষা, এত কষ্ট আর সহ্য হয় না। সরকারকে বলেন, এ বিচার যেন তাড়াতাড়ি শেষ করে।’