‘কম বয়সে বিয়ে দিলে যৌতুক কম নাগে’
তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের বোনো বেওয়ার মেয়ে মোনালিসার লেখাপড়া করে আর হেসেখেলে দিন কাটছিল। কিন্তু বছর দুয়েক আগে মাত্র ১৩ বছর বয়সে পাশের সরকারপাড়া গ্রামের মজিদুলের সঙ্গে তাকে বিয়ে দিলে সে স্বামীর ঘরে যেতে বাধ্য হয়। সেখানে যেতে না যেতেই তার ওপর ভার পড়ে স্বামী, সংসার, শ্বশুর, শাশুড়িসহ অন্যদের দেখাশোনা ও সেবা করার। এর ওপর এক বছরের মাথায় অপ্রাপ্ত বয়সে তার কোলে জন্ম নেয় কন্যাসন্তান।সন্তান জন্ম দেওয়ার পর নানা অসুখ ঘিরে ধরে তাকে। এ বয়সে স্বাস্থ্য ভেঙে পড়ায় কর্মস্পৃহা হারিয়ে ফেলে সে। এ নিয়ে তার সংসারে ঝগড়া, বিবাদ ও অশান্তির সৃষ্টি হয়। কথায় কথায় তার ওপর চলে নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে মোনালিসা বাধ্য হয়ে বাবার বাড়ি ফিরে আসে। কোলে সন্তান নিয়ে এখন সে মায়ের সঙ্গে থাকে। এখন সে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে।মোনালিসার মা বোনো বেওয়া বলেন, ‘সুখের জন্য কম বয়সে মেয়েটা বিয়া দিলাম। কিন্তু এখন তো মেয়েটার মুখের দিকে তাকপার পারি না।’ তারাগঞ্জে মোনালিসার মতো অনেকেই বাল্যবিবাহের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের কোলে জন্ম নেওয়া সন্তানেরাও অযত্ন-অবহেলায় বড় হচ্ছে। তারা বঞ্চিত হচ্ছে শিক্ষা, সুস্বাস্থ্য, আদর-সোহাগ ও সামাজিক বন্ধন থেকে। কিন্তু তার পরও তারাগঞ্জে বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না।ইকরচালী গ্রামের মোসলেমা খাতুন তাঁর মেয়ে মণি খাতুনকে মাত্র ১৩ বছর বয়সে বিয়ে দেন উপজেলার হাজীপুর গ্রামে। এক বছর আগে বিয়ে সম্পন্ন হলেও মণি স্বামীর ঘরে যায়নি। বাবার বাড়িতে থেকেই সে ইকরচালী বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করছে। মনির মা মোসলেমা বলেন, ‘কম বয়সে বিয়ে দিলে যৌতুক কম নাগে। তা ছাড়াও হামরা গরিব মানুষ। মেয়েকে খাবার, পোশাক দিবার সাধ্য নাই। এই জন্যে কম বয়সে বিয়া দিছি।’শুধু বাল্যবিবাহে নয়, তারাগঞ্জের পাঁচ ইউনিয়নে যৌতুকের টাকা দিতে না পারায় অনেক নারী স্বামীর নির্যাতনের শিকার হচ্ছেন।ইকরচালী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে মনির হোসেন তিন বছর আগে ১৪ বছর বয়সে মেয়ে সুলতানাকে বিয়ে দেন। বিয়েতে ৪০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা হয়। কিন্তু পুরো টাকা দিতে না পারায় সুলতানাকে এক বছর আগে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে বাবার বাড়িতে আসতে হয়। এখন সে দিনমজুরি, মাটিকাটা ও ইটভাঙার কাজ করে।সুলতানা জানায়, তার বাবা দিনমজুর। তার পরও বসতভিটার পাঁচ শতক জমি বিক্রি করে তিন বছর আগে ১৪ বছর বয়সে তাকে বিয়ে দেন কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের কামালের সঙ্গে। যৌতুকের ৪০ হাজার টাকার মধ্যে বিয়ের সময় তার বাবা ২৫ হাজার টাকা দেন কামালকে। বাকি ১৫ হাজার টাকা দিতে না পারায় স্বামী তাকে তাড়িয়ে দেয়। এরপর তার স্বামী আর কোনো খোঁজ নেয়নি।চেয়ারম্যানপাড়া গ্রামের মকবুল হোসেন ও ডাঙ্গাপাড়া গ্রামের লাভলু মিয়া জানান, তারাগঞ্জে যৌতুকের প্রবণতা দিন দিন বাড়ছে। যৌতুকের জন্য অনেক নারী নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অর্থের অভাবে তাঁরা আইনের আশ্রয়ও নিতে পারছেন না।ফকিরপাড়া গ্রামের শিক্ষিত যুবক মোহাব্বত আলী ও ইকরচালী গ্রামের স্কুলশিক্ষক মোফাজ্জল হোসেন জানান, সরকারি নিয়ম অনুযায়ী ছেলের বয়স ২৫ ও মেয়ের বয়স ১৮ বছরের নিচে বিয়ে দেওয়া নিষেধ। কিন্তু অনেক অভিভাবকই তা মানছেন না। কাজিরাও ১৫ বছরের নিচে মেয়েদের বেশি বয়স দেখিয়ে বাল্যবিবাহের নিবন্ধন করছেন। চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে কেউই এসব বিয়েতে বাধা দিচ্ছেন না।ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচি তারাগঞ্জের কর্মসূচি সংগঠক রাশেদা আক্তার মুঠোফোনে জানান, ব্র্যাক এখানে কাজ করায় যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, তালাক আগের চেয়ে অনেক কমে গেছে। তারাগঞ্জ কাজি সমিতির সভাপতি কাজি ইলিয়াস হোসেন দাবি করেন, আসলে এখন এখানে বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে। কোনো কাজি এখন আর চেয়ারম্যানের জন্মনিবন্ধন সনদ ছাড়া বিয়ে রেজিস্ট্রি করেন না।