‘কমিটি বদলিয়ে লাভ হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের কমিটির ওপর অনাস্থা জানিয়ে খেলার বাইরে আছেন দেশের কয়েকজন শীর্ষস্থানীয় দাবাড়ু। বছর গড়াতে চললেও এর কোনো সমাধান হচ্ছে না। তবে কমিটি বদলালেও সংকট কাটবে না মনে করেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার ও বর্তমান ফেডারেশনের উপদেষ্টা নিয়াজ মোরশেদদাবা ফেডারেশনের বর্তমান কমিটি নিয়ে বিতর্ক তো চলছেই...নিয়াজ মোরশেদ: কমিটি বদলিয়ে লাভ হবে না। দাবার সমস্যা অন্যখানে। রাকিব-রাজীবরা খেলা বয়কট করে চলেছেন। তারই জেরে এখন অলিম্পিয়াডে বা এশিয়াডে শক্তিশালী দল পাঠানো যাচ্ছে না... নিয়াজ: অলিম্পিয়াডের দল নিয়ে আমার আগ্রহ কম। ওখানে আমরা ৫ জন গ্র্যান্ডমাস্টার নিয়ে খেলছি অনেক দিন। তাতে কী হয়েছে বলুন? এখন নতুন মুখ দরকার। আমি মনে করি, ৫ জন গ্র্যান্ডমাস্টার নিয়ে এশিয়াডে যেতে পারলে লাভ হতো।  সেটা হলো না কেন?নিয়াজ: বিওএ এই ব্যাপারটা ফেডারেশনকে আগে বললে ভালো হতো। আসলে কোনো পরিকল্পনাই তো নেই। এশিয়াডে দলই পাঠাতেই চাইছিল না বিওএ। তার পরও সবাইকে নিয়ে যাওয়া যেত কি না সন্দেহ। কেন সন্দেহ?নিয়াজ: রাকিব-রিফাত নিজ কাজে ব্যস্ত। রিফাত পরামর্শক হিসেবে কাজ করছে অনেক দিন। রাকিব শেয়ারবাজার নিয়ে আছে। সে অনেক টাকা আয় করছে শুনেছি। দাবা খেলে এত টাকা আয় করতে পারবে না সে। আমি আগে রিয়াল এস্টেট ব্যবসা করতাম, ওখান থেকে দাবায় ফিরেছি আমি। এখন কমিটি বদলালে ওরা সিরিয়াসলি খেলা শুরু করবে, এর নিশ্চয়তা কী? রাকিব-রাজীবরা এই কমিটির কয়েকজন কর্মকর্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনার কী অভিমত?নিয়াজ: দেখুন, ওদের এক রকম পছন্দ, আমার-জিয়ার আরেক রকম। পছন্দের কমিটি না হলে আমরা খেলাধুলা বন্ধ করে বসে থাকব? গত কমিটি আমার পছন্দের ছিল না। আমি তো খেলে গেছি। ক্রিকেট বোর্ডের কোনো কমিটি পছন্দ না হলে ক্রিকেটাররা কি বলে, অমুক ভালো না, তাই আমরা খেলব না! এই খেলোয়াড়দের দাবি, নির্বাচন দিতে হবে। নির্বাচন হতে অসুবিধা কোথায়?নিয়াজ: সরকার তার নীতিমালা অনুযায়ী অ্যাডহক কমিটি করেছে। নির্বাচনও সরকারই দেবে। তাই বলে ওদের খেলা বয়কট করে যাওয়া ঠিক না। এটা অযৌক্তিক। কিন্তু এভাবে দেশের দাবার ক্ষতি হচ্ছে না?নিয়াজ: দাবার ক্ষতি আগেই হয়ে গেছে। গত ১৩ বছরে একটা নতুন খেলোয়াড় আসেনি, ওটাই আসল সংকট। তখন এই খেলোয়াড়েরা খেলা বয়কট করলে তা যুক্তিগ্রাহ্য হতো। বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের পথ কী?নিয়াজ: পথ একটাই—প্রতিভা খুঁজে বয়সভিত্তিক দল করতে হবে। এটা অনেক আগেই করা উচিত ছিল। এখন সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। আমাদের ধৈর্য ধরতে হবে। ফল আসবে ৫ বছর পর। এই কমিটির উপদেষ্টা আপনি। কিন্তু কমিটিতে আসছেন না কেন? কমিটির কাজে আপনি সন্তুষ্ট?নিয়াজ: আমি আরও খেলতে চাই বলে কমিটিতে থাকছি না। এখানে লো প্রোফাইলের অনেকে থাকায় শুরুতে আমারও সংশয় ছিল। কিন্তু তারা নিয়মিত টুর্নামেন্টগুলো করেছে, ঢাকার বাইরে খেলাটা নিয়ে গেছে। আমার সিক্স সিজন টুর্নামেন্ট যোগ করলে আগের চেয়ে দাবার কার্যক্রম বেড়েছে বলব।  দাবা খেলার পরিবেশটা ভালো করা গেল না কেন আজও?নিয়াজ: এটা আমারও প্রশ্ন। এখনো সেই ভাঙা বাথরুম..., গাদাগাদি করে খেলা। বাচ্চাদের নিয়ে এসে মা-বাবা হতাশ হয়। স্পনসর এলে মন খারাপ করে। কমিটির বদলের চেয়ে এই কাজগুলো জরুরি।  এখন আপনি কী করছেন?নিয়াজ: কাল (আজ) মালয়েশিয়ায় একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। তা ছাড়া শিগগিরই আমি অনূর্ধ্ব-৭ বছরের শিশুদের জন্য সিক্স সিজন টুর্নামেন্ট শুরু করব।