‘দুখোন খ্যাতার তলে আমি আর মা থায়ি আর একখান খ্যাতা মায়েডারে দিই। তাতে শীত মানায় না। সারা রাত ঠান্ডায় মায়েডা কাহিল হয়ে যায়। কম্বলডা গায়ে দিয়ে ও এবার ইট্টু শান্তি পাবেনে।’কথাগুলো বিধবা মাসুরা বেগমের (৩৫)। কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের এই বাসিন্দা।প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত দুই দিনে যশোর সদর ও কেশবপুর, লালমনিরহাট এবং বাগেরহাটে ৩৫০ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: যশোর শহর ও শহরতলির মোট ১০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেলে কিসমত নওয়াপাড়ার ১৩৬ নম্বর শহীদ সরণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং গতকাল শুক্রবার সকালে প্রথম আলোর যশোর কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষবিদ তারাপদ দাস, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি সানোয়ার আলম খান, প্রথম আলোর যশোর প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা।কেশবপুর (যশোর): উপজেলার ৫০ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। গতকাল বিকেলে কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মণিমোহন ধর, অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ দাস, শিক্ষক সাজ্জাদুল কবির, স্বপন মণ্ডল, প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।কম্বল পেয়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ষাটোর্ধ্ব নাছিমা বলেন, ‘যে জার (শীত) পড়েছে, তাতে বাঁচতিছিনে। তোমাগের দিয়া কম্বল গায় দিয়ে বাঁচপানে।’ ষাটোর্ধ্ব ভূষণ মণ্ডল বলেন, ‘জীবনে এত শীত দেখিনি। কাঁথায় শীত মানাচ্ছে না। এই কম্বল পেয়ে রাতে একটু গরম হতি পারবানে।’লালমনিরহাট: সদর উপজেলার আদর্শপাড়ায় গতকাল সকালে ১০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক সামছুল হুদা মন্টু বকসি, জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান মণ্ডল, লোকসংগীত একাডেমি আরশীনগরের নির্বাহী পরিচালক বাদশা আলম, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের ময়না বেওয়া (৮৫) বলেন, ‘এত দিন জারত খুব কষ্ট করছোং বাহে। পরথম আলোর কম্বল পায়া মোর জারের কষ্ট গেইল বাহে।’ গোকুণ্ডা ইউনিয়নের মোস্তফী গ্রামের হাজরন বেওয়া (৭৫) বলেন, ‘মুই কতজনেরটে একটা কম্বল চাইছিনু, মোক কায়ো দেয় নাই বাহে।’বাগেরহাট: সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের দরগাহ মাঠে গতকাল বিকেলে ১০০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বাগেরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহম্মদ আলী এবং সদস্য নিপা, শোভা, নিতু, ইন্দির, লিপু ও চিন্ময় উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।