কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়ার পরও নিজ দলের ভেতরে ‘কলহ’ মেটানোর ব্যাপারে উদাসীন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক এই মেয়র ‘একলা চলো নীতি’ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে দলের ভেতর থেকেই।অবশ্য মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর কারও কারও হয়তো নানা কারণে রাগ থাকতে পারে। এগুলো দল দেখছে।... কিছু মানুষের অপছন্দ তো থাকতেই পারে। আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে, তা ১৭ তারিখেই প্রমাণ হবে।’দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম মহানগরের চারটি আসনের মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত তিন সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, নুরুল ইসলাম, এম এ লতিফ এবং মহাজোটের শরিক জাসদের মইনুদ্দিন খান বাদল এখন পর্যন্ত মহিউদ্দিন চৌধুরীর পক্ষে পুরোদমে মাঠে নামেননি। অবশ্য আফছারুল আমীনের মন্ত্রী থাকায় প্রচারে নামতে আইনি বাধাও আছে। আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অন্তত ১১ জন মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করছেন। স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কিছু নেতাও আছেন এই বিরোধিতার কাতারে। অবশ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ তাঁদের সঙ্গে বৈঠক করে দূরত্ব কমানোর চেষ্টা করেছেন।মহিউদ্দিন চৌধুরীর ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন সম্পর্কে বলব, ভোগের চেয়ে ত্যাগ উত্তম।’ তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মনে করছেন, সবার ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই। তবে প্রধানমন্ত্রী তাঁর প্রজ্ঞার কারণে বুঝেছেন জয়ী হতে ঐক্যের বিকল্প নেই, তিনি চেষ্টা করছেন। আরেক প্রশ্নের জবাবে বিনোদবিহারী চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন আমার বাসায় এসেছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশে। তাঁর মধ্যে আন্তরিকতা দেখিনি।’ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় বিনোদবিহারী চৌধুরী ও রানা দাশগুপ্তের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং সবাইকে মিলেমিশে মহিউদ্দিনের পক্ষে কাজ করতে অনুরোধ করেছেন। রানা দাশগুপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দুজনের কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী বিকেল পাঁচটার দিকে তাঁর বাসায় আসেন। তিনি তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁকে কথা বলিয়ে দেন। এরপর আলাউদ্দিন তাঁকে নিয়ে বিনোদবিহারীর বাসায় যান এবং তাঁর সঙ্গেও একইভাবে প্রধানমন্ত্রীকে কথা বলিয়ে দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে—জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি চট্টগ্রামের সব খবর জানেন। নির্বাচন-পরবর্তী সময়ে চট্টগ্রামের সব বিষয় তিনি দেখবেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বলেছেন, মহিউদ্দিনের দাম্ভিকতার কারণে তিনি ও স্থানীয় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহিউদ্দিন সাহেব তা বুঝছেন না।আওয়ামী লীগের স্থানীয় এক সাংসদ বলেন, মহিউদ্দিন চৌধুরী নেতা-কর্মীদের সঙ্গে বাজে ব্যবহার করেন। এ জন্য স্থানীয় নেতারা তাঁর থেকে দূরে থাকেন। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি না। দলের কোনো নেতা-কর্মীর অপকর্মের কারণে তাঁদের শাস্তি দিই। ভবিষ্যতেও দেব।’আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, সবাইকে সঙ্গে নিয়েই চট্টগ্রাম সিটি নির্বাচনে জয় ছিনিয়ে আনা হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাজ করছে। তবে ওই প্রতিনিধিদলের এক সদস্য বলেছেন, যিনি দূরত্ব তৈরি করেছেন, দূরত্ব কমানোর দায়িত্ব তাঁকেই নেওয়া উচিত ছিল।প্রতিনিধিদলের প্রধান আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে আওয়ামী লীগের মধ্যে যে অনৈক্য ছিল তা দূর করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য একবার আমি ও আরও কয়েকজন নেতা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছি।’ তিনি বলেন, এখনো কিছু সমস্যা হয়তো আছে। তবে ১২ তারিখে আবার চট্টগ্রাম সফর করে তা সমাধান করা হবে। চট্টগ্রাম মহানগরের সাংসদেরাও সেই সময় আসবেন।মহিউদ্দিনের ক্ষমতা কমানোর চিন্তা দলের: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘পরিষদের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছি। তিনি তাঁর প্রতিনিধিদলের মাধ্যমে স্থানীয়দের এই নিশ্চয়তা দিয়েছেন যে মহিউদ্দিনকে দলীয় ও নিজস্ব উপায়ে নিয়ন্ত্রণ করা হবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।’মহিউদ্দিনের বিরোধী প্রায় ১১ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সম্প্রতি মাহাবুবুল আলম হানিফের সঙ্গে বৈঠক করেন। এক কাউন্সিলর প্রার্থী বলেন, ‘এখন আর এ নিয়ে কথা বলব না। আমরা কেন্দ্রকে কথা দিয়েছি। দেখি তারা কী করে।’আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় একাধিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামে মহিউদ্দিনের একক আধিপত্যের কারণে দলের ক্ষতি হচ্ছে বলে প্রধানমন্ত্রী মনে করছেন। এ কারণে কেন্দ্র থেকে মহিউদ্দিনবিরোধী নেতা-কর্মীদের বলা হয়েছে নির্বাচনে জয়ী হলে মহিউদ্দিন চৌধুরী শুধু মেয়র হিসেবে থাকবেন, দলীয় পদে নাও থাকতে পারেন। পদে না থাকলে দলীয় কার্যক্রমে মহিউদ্দিনের প্রভাব কমবে বলে নেতা-কর্মীদের আশ্বস্ত করা হয়েছে।তবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মেয়র ও দলীয় পদে থাকার বিষয়টিকে এক করে দেখি না। এটা সময়ই সিদ্ধান্ত নেবে।’