‘কাজটা অসম্ভব চাপের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে বিদায়ই শুধু নয়, পরশু কোয়ার্টার ফাইনালে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আরেকটা অধ্যায়—দক্ষিণ আফ্রিকার ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলেন গ্রায়েম স্মিথ। ম্যাচ শেষে তাঁর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ হতাশার কথা যেমন থাকল, থাকল আট বছরের অধিনায়ক জীবনের কথাও— ২২১ রান তাড়া করেও জিততে পারলেন না। দলের এই পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?গ্রায়েম স্মিথ: এত অল্প সময়ের মধ্যে এটা ব্যাখ্যা করা আসলে মুশকিল। বুঝতেই পারছেন, এটা আত্মবিশ্বাসের ওপর একটা আঘাত। ভেবেছিলাম এই ম্যাচটা জেতার জন্য যা যা দরকার, তার সবই আমাদের আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা সেটা পারিনি। নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে। আমার মনে হয়েছিল ২২২ তাড়া করে জেতা সম্ভব এবং ২ উইকেটে ১০০ রান পর্যন্ত আমরা সঠিক পথে ছিলামও। পাঁচটা ওভার খুব বাজে গেছে, নইলে আমরা ভালো ক্রিকেট খেলেছি। যদিও সেটা জেতার জন্য যথেষ্ট হয়নি। ম্যাচের টার্নিং পয়েন্ট বলবেন কোনটাকে? আপনাদের বিরুদ্ধে ‘চোকার’ অপবাদটাও তো উঠছে আবার...স্মিথ: এখনই এর উত্তর দেওয়া কঠিন। তবে বোলিংটা আমরা জেতার মতো করেছি। মাঝখানের ব্যাটিংটাই আসলে আমাদের শেষ করে দিয়েছে। এ ছাড়া অন্য কিছুই না। নিউজিল্যান্ড আমাদের চেপে ধরেছিল, বলটাও পরের দিকে নরম হয়ে যাওয়ায় বুঝতে পারছিলাম আমাদের কাজ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বল বদলাতে বদলাতে উইকেট গেছে মন্থর আর নিচু বাউন্সের। ওই সময়ে আমাদের আরও ধীরস্থির হয়ে খেলা উচিত ছিল, কিন্তু আমরা তা পারিনি। ২৫ থেকে ৩০-৩২ ওভার পর্যন্ত আমাদের ৪টা উইকেট পড়েছে। এ রকম পরিস্থিতি কাটিয়ে ওঠা সব সময়ই কঠিন। আমি সমালোচনাটা গ্রহণ করছি। তবে এটাও ঠিক, দলের সবাই তাদের সেরা খেলা খেলারই চেষ্টা করেছে। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে ছিল। তাদের জন্য কী বলবেন?স্মিথ: তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমাদের অসম্ভব খারাপ লাগছে। তবে সামর্থ্য এবং চেষ্টার কমতি ছিল না। আর সবার মতো আমরাও হতাশ। আমরা নিজেদের এবং দেশের মানুষের মনও ভেঙে দিয়েছি। এর কোনো অজুহাত নেই। এই মুহূর্তে আমার কাছে এমন কোনো কথা নেই, যেটা শুনে দেশের মানুষের ভালো লাগবে। দেশে ফিরলে মানুষ হয়তো আমাদের দিকে পাথর ছুড়ে মারবে, ছুরি নিয়ে মারতে আসবে। ১৯৯২ সাল থেকেই এটা হচ্ছে—আমরা বিশ্বকাপ জিততে পারছি না। আশা করি, ভবিষ্যতে নতুন প্রজন্মের কোনো দল এসে হয়তো আমাদের বিশ্বকাপ উপহার দেবে। আমাদের যে ধরনের খেলোয়াড় আছে, তাতে কখনো না কখনো আমরা সেটা আশা করতেই পারি। ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। অধিনায়ক হিসেবে গত আট বছরকে কীভাবে মূল্যায়ন করবেন?স্মিথ: আমার বয়স ৩০, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে এখনো অনেক কিছুই দেওয়ার আছে। ২২ বছর বয়সে অধিনায়কত্ব নিয়ে গত আট বছর এই চাপটা সামলেছি। এই বিশ্বকাপে আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এখন একটু থেমে কিছু জিনিস নিয়ে কাজ করব এবং আশা করি, ক্যারিয়ারের বাকি সময়টার জন্য আমি আরও ভালোভাবে ফিরতে পারব। আমি আমার রেকর্ড, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে গত আট বছরের অর্জন নিয়ে গর্বিত। তবে হ্যাঁ, কাজটা অসম্ভব চাপের। ভবিষ্যতে এই কাজটা যারা করবে, তাদের সমর্থন দিয়ে যাব। বিশ্বকাপের পর নতুন কোচও আসবে দলে। এ সময়টা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভালো ভালো খেলোয়াড় আছে, তাদের নিয়ে অনেক কাজ করার আছে। এসব দায়িত্ব যাদেরই দেওয়া হবে, তাদের জন্য সময়টা হবে গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপ তো হতাশার হয়েই থাকল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভবিষ্যৎ কী রকম দেখছেন?স্মিথ: এই মুহূর্তটা হতাশাজনক হলেও আমি মনে করি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এখন খুব চমৎকার একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের যে সম্ভাবনা আছে, সেটাকে কাজে লাগিয়ে খেলোয়াড়দের এগিয়ে নিতে পারলে ক্রিকেটের সব সংস্করণেই ভালো করবে তারা। স্পিন বলে রবি (পিটারসন) আছে, ইমরান-বোথা আছে। মরনে মরকেল আর স্টেইনও দিনে দিনে আরও ভালো বল করছে। এসবই সুন্দর ভবিষ্যতের কথা বলে। তবে হ্যাঁ, আমিও মানি—আমাদের ঘিরে থাকা এই সময়টা বেদনায় ধূসর। চাপে ভেঙে পড়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিচ্ছেন। এটাকে নিয়তির নির্মম পরিহাস বলবেন?স্মিথ: যদি বলি ‘না’, তাহলে হয়তো সত্য লুকানো হবে। সমর্থকেরাও সেটা মানবে না। সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে না পারার দায়দায়িত্ব দল হিসেবে আমরাই নিচ্ছি। সত্যি বলতে কি, আজ (গত পরশু) রাতে আমরা জেতার মতো ভালো খেলতে পারিনি এবং এটাই বাস্তবতা।