‘কাঠিবান্ধা’ এক মনচলা
বিএসএফ-খাসিয়া ও বিডিআর-গ্রামবাসীর পাল্টাপাল্টি ধাওয়ায় বসতবাড়ি ছেড়ে নিরাপদে পালাতে গিয়ে শিশুটি ডান পায়ে আঘাত পায়। এতে পায়ের হাড়ের একটি অংশ ভেঙে যায়। স্থানচ্যুত হয় হাঁটুর নিচের হাড়টি। ভাঙা হাড় জোড়া লাগাতে ‘বনজ ওষুধ’ দিয়ে পায়ের সমান একটি লাঠি বেঁধে দেন কবিরাজ। ভাঙা হাড় জোড়া লাগাতে কবিরাজের এই চিকিৎসা ‘কাঠিবান্ধা’ নামে পরিচিত। সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ডিবির হাওর গ্রামের আড়াই বছর বয়সী শিশু মনচলা বিশ্বাসের পা ভাঙার চিকিৎসা চলছে এভাবেই। গ্রামবাসী জানান, গত ১৪ মার্চ ডিবির হাওর এলাকায় বিএসএফের গুলি ও তাড়া খেয়ে আহত অর্ধশতাধিক গ্রামবাসীর সঙ্গে মনচলাকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য মনচলাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অর্থাভাবে সেখানে না গিয়ে তার পরিবার কবিরাজের শরণাপন্ন হয়। কবিরাজ ওই দিনই কাঠিবান্ধা চিকিৎসা দেন; কিন্তু নয় দিনেও তাতে কিছুই হয়নি। দ্বিতীয় পর্যায়ে কাঠিবান্ধা দিয়ে সুস্থ হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে আরও ২১ দিন।মনচলার বাড়িতে গিয়ে দেখা গেছে, ভাঙা পায়ের সঙ্গে পায়ের সমান আরেকটি কাঠি মনচলার যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। মনচলার মা জয়ন্তী বিশ্বাস জানান, প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা মজুরিতে তাঁদের সংসার চলে। তিনি বলেন, ‘মেয়েটা অখনে দিন-রাইত খালি কান্দে। কবিরাজরে কইলে হে বেদনার (ব্যথা) ওষুধ দিয়া বিদায় করি দেয়। আর কয়—ধৈর্য ধরো...। এতটুকুন মেয়েটা কিতা সইব কইন?’মনচলাদের পরিবারে সদস্যসংখ্যা ছয়জন। মনচলা ছাড়াও আরও তিন ভাইবোন রয়েছে। ১৪ মার্চ দুপুরে গুলিবর্ষণ শুরু হলে মনচলা ও ছয় বছর বয়সী ছেলেটি ঘরে ছিল। মা-বাবা ছিলেন গ্রামের পার্শ্ববর্তী একটি পাথর কোয়ারিতে মজুরির কাজে। গ্রামের সবাই যখন পালাচ্ছেন, তখন মনচলাকে নিয়ে ভাই সুজন বিশ্বাস টিলার পাশে একটি গর্তে লুকানোর সময় তার ডান পায়ে আঘাত লাগে। মনচলার নানি সুমতি বিশ্বাস জানান, গুলি থামার পর দেখা যায়, মেয়েটি হাঁটাচলা করতে পারছে না। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মনচলার বাবা দিগেন্দ্র বিশ্বাস জানান, হাসপাতাল থেকে মনচলাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করায় আর্থিক অবস্থার কথা চিন্তা করে কবিরাজের শরণাপন্ন হন তাঁরা। এখন কবিরাজের চিকিৎসায় মনচলার পা ভালো হবে কি না—এই নিয়ে তাঁরা শঙ্কিত।জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা চৌধুরী রায়হান পারভেজ প্রথম আলোকে বলেন, ‘সেদিন আহত অনেকেরই সঙ্গে একটি শিশুও ছিল। এক পায়ের হাড়ের একটি অংশ প্রায় দ্বিখণ্ডিত ছিল। আরেকটি হাড় স্থানচ্যুত ছিল। উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে স্থানান্তর করেছিলাম। কিন্তু সেখানে মেয়েটিকে নেওয়া হয়নি বলে শুনেছি।’ওই কাঠিবান্ধা চিকিৎসা দিয়েছেন উপজেলা সদরের কবিরাজ আবুল কাশেম। স্থানীয় পূর্ব বাজারে আবুল কাশেম একটি ওষুধের দোকানে বসে এ চিকিৎসা দেন। গত সপ্তাহে সেখানে আবুল কাশেমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘উত্তরাধিকার সূত্রে ১৩ বছর ধরে এই কবিরাজি করছি। জৈন্তাপুরসহ গোয়াইনঘাট, কানাইঘাট সীমান্ত এলাকার গ্রামগুলোতে অন্তত ১০ হাজার মানুষের চিকিৎসা করেছি। একটাতও খারাপ কিছু হইছে না। আফনারা দেখবা—ওই রোগীও (মনচলা) ভালা অইব...।’আবুল কাশেম জানান, আগে তিনি জ্বালানি কাঠের ব্যবসা করতেন। কাঠি বেঁধে দেওয়ার পাশাপাশি কী ওষুধ দেওয়া হয়—জানতে চাইলে তিনি বলেন, ‘এইটা কী, নিজেও জানি না। ইগুলা (কথিত বনজ ওষুধ) পাহাড়-জঙ্গল থাকি আনি। আমার বাবার থাকি ই-শিক্ষা পাইছি!’ একেকজন রোগীর কাছ থেকে সাধ্য অনুযায়ী টাকা নেন—এ জন্য গ্রামের গরিব লোকজন তাঁকে সম্মান করে। তিনি অবশ্য স্বীকার করেন, তাঁর এমন চিকিৎসায় কোনো সরকারি অনুমোদন নেই।সিলেট ওসমানী মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের একটি গবেষণায় দেখায় গেছে, সিলেট ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা এবং সুনামগঞ্জের হাওর এলাকার গ্রামগুলোতে এমন চিকিৎসা-পদ্ধতি প্রচলিত রয়েছে। গ্রামের অসচেতন মানুষ শহরে এসে হাত-পা ভাঙার চিকিৎসাকে ব্যয়বহুল মনে করে কবিরাজি চিকিৎসার প্রতি ঝোঁকে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা ও অর্থোপেডিক সার্জন শংকর কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘নানা কৌশলে কবিরাজের অপচিকিৎসায় রোগীদের পঙ্গু হওয়ার আশঙ্কা দেখা দেয়।’