‘কাদামাটিজলে যাতায়াত চলে’
‘পাঁচ কোশ (ক্রোশ) নয়, দশ কোশ নয়; মাত্র এ্যাকনা কোনা ঘাটা (সড়ক), তা আর পাকা হয় না। এই এক কোশ ঘাটা পাকা না হওয়ায় চার-চারডা গাঁওয়ের এতগুলা লোক সারা বছর কাঁচা পথত দিয়া কাদামাটি মাড়ায় চলাচল করোচি। মেম্বর-চেয়ারমিন, সরকারি সাহেব কারোরই হামাগেরে কষ্ট চোখে পড়ে না।’ মাত্র এক কিলোমিটার কাঁচা সড়কের জন্য চার গ্রামের হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। জনপ্রতিনিধি ও সরকারি পর্যায়ের কেউ খোঁজ-খবর না করায় এভাবেই ক্ষোভের সঙ্গে উপরোক্ত কথাগুলো বলছিলেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের মকবুল হোসেন (৭০)। এই ক্ষোভ বৃদ্ধ মকবুল হোসেনের একার নয়, পার্শ্ববর্তী বান্দইল, ডিংরাপাড়া, ঠাকুরবাড়ী গ্রামের প্রায় সব মানুষের। শিকটা-বফলগাড়ী সড়কের শিকটা থেকে ধাপগ্রাম পর্যন্ত মাত্র এক কিলোমিটার অংশ পাকা না হওয়ায় এসব গ্রামের বাসিন্দাদের ইউনিয়ন, উপজেলা সদর ও পুনট হাটে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে শিকটা-বফলগাড়ী সড়কের ধাপগ্রাম থেকে বফলগাড়ী মোড় পর্যন্ত ইট বিছানো অংশও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানে স্থানে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। তাই এ পথে ভ্যান-সাইকেল নিয়ে চলাচল করতেও এলাকাবাসীর প্রাণ যায় যায় অবস্থা। সড়কটির দেখভাল করছে জয়পুরহাট জেলা পরিষদ।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিকটা-বফলগাড়ী সড়ক দিয়েই গ্রামের শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করে। কিন্তু বছরের পর বছর ধরে সড়কটি কাঁচা থাকায় এলাকাবাসীর দুর্ভোগ ঘোচে না। বর্ষাকালে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়ায় লোকজনকে অবর্ণনীয় কষ্ট করতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, মাত্র দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা করার দাবি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের। তাদের দাবির মুখে বছর পাঁচেক আগে জেলা পরিষদ থেকে ইট বিছানোর কাজ শুরু হয়। এরপর তিন ধাপে এ পর্যন্ত বফলগাড়ী সংযোগস্থল থেকে ধাপগ্রাম পর্যন্ত মাত্র এক কিলোমিটারের মতো ইট বিছানো হয়েছে। কিন্তু এরই মধ্যে ইট বিছানো ওই অংশের কয়েকটি স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দকেরও সৃষ্টি হয়েছে।শিকটা গ্রামের শিক্ষক হাবিবুর রহমান বলেন, এই গ্রামে একটি দাখিল মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও দীর্ঘদিনেও সড়কটির কাঁচা অংশ পাকা করা হয়নি। ফলে বর্ষাকালে অন্যান্য গ্রামের শিক্ষক-শিক্ষার্থীরা কাদাজলে একাকার সড়কটি পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারে না। আবার কাঁচা সড়কটি দিয়ে সাইকেল-ভ্যানও ঠিকমতো চলাচল করতে পারে না। এতে দুর্ভোগ পোহাতে হয় সারা বছর ধরেই।কৃষক মোকাররম হোসেন বলেন, ‘সড়কটির বেহালদশায় আমরা ফসল বাজারে নিতে পারি না। সারা বছরই আমাদের ভোগান্তি পোহাতে হয়।’চাকরিজীবী হারুনুর রশীদ বলেন, ‘বৃষ্টি হলেই কাদাজলে কাঁচা অংশটুকুতে চলাচল করা যায় না। ইট বিছানো অংশের বেশ কিছু স্থানে সড়ক দেবে যাওয়ায় তা এলাকাবাসীর জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।’শিকটার ভ্যানচালক রুবেল মিয়া বলেন, ‘সড়কটি কাঁচা থাকায় গ্রামে ভ্যান নিয়ে আসা যায় না। সারা দিন খ্যাপ দিয়া পুনট বাজারের গ্যারেজে ভ্যান রাখতে হয়। এতে মাসে ৩০০ টাকা বাড়তি গ্যারেজভাড়া গুনতে হয়।’পুনট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল খালেক বলেন, ‘কাঁচা অংশসহ গোটা সড়কটি পাকা করতে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’পুনট ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির বলেন, বেশ কয়েকটি জনবহুল গ্রাম এবং সেখানে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিকটা-বফলগাড়ী সড়কটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সড়কটির কিছু অংশের ইট উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সম্প্রতি ইউনিয়ন পরিষদ থেকে তা মেরামত করে দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, সড়কটি দ্রুত পাকা করতে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রায়ই তাগাদা দেওয়া হচ্ছে। জেলা পরিষদ থেকে জানানো হয়েছে যে পর্যায়ক্রমে রাস্তাটিতে ইট বিছানো ও পাকা করা হবে।