‘রাত ১২টায় ভুল ধরা পার্টি টেলিভিশনে সক্রিয় হয়ে ওঠে’
‘কাদের সিদ্দিকী ন্যাশনাল ব্যাংক লুট করেন’
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ দাবি করেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়ে ভালো। তিনি এ বিষয়ে সংসদের সামনে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন।একই সঙ্গে মন্ত্রী বিরোধী দলের ঢাকা চলো কর্মসূচির সমালোচনা করে বলেন, ‘আমরা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে দিতে পারি না। দরকার হলে ১২ মার্চ সরকারদলীয় মন্ত্রী-এমপিরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।’ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।এদিকে আজ সংসদের শিষ্টাচার ভেঙে ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হন সরকারদলীয় কয়েকজন সংসদ।হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়ে ভালো। আমেরিকায় প্রতি লাখে ডাকাতির ঘটনা ১১৯টি, বাংলাদেশে ১ দশমিক শূন্য ৭টি। আমেরিকায় খুন প্রতি লাখে ৪ দশমিক ৮টি, বাংলাদেশে ২ দশমিক ৫টি। আমেরিকায় ধর্ষণ প্রতি লাখে ২৭ দশমিক ৫টি এবং বাংলাদেশে ১০ দশমিক ১৩টি। আমেরিকায় ৬০ শতাংশ ধর্ষণের ঘটনার লিপিবদ্ধ করা হয় না।মন্ত্রী টেলিভিশনের বিভিন্ন টক শোর সমালোচনা করেন। বলেন, রাত ১২টায় ভুল ধরা পার্টি টেলিভিশনে সক্রিয় হয়ে ওঠে। এদের কাজ হলো সরকারের ভুল ধরা। অন্য কোনো কাজ নেই। তিনি প্রশ্ন তোলেন, ‘তারা দুই বছর দেশ চালিয়েছিল, মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধি (জিডিপি) কতটা বাড়িয়েছিল?’মন্ত্রী আরও বলেন, এই ভুল ধরা পার্টি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের উন্নয়নে চমকে গেছেন বলে মত দিয়েছেন।এদিকে ক্ষমতাসীন দলের সাংসদ মাহবুব আরা গিনি অনুপস্থিত বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনযাপন নিয়ে নানা সমালোচনা করেন। আর সাংসদ এইচ এন আশিকুর রহমান কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন তোলেন।মাহবুব আরা গিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে ২ নম্বরের (সংখ্যা) যোগ বা প্রভাব আছে। তাঁর মন্ত্রিসভায় দুজন যুদ্ধাপরাধী ছিলেন নিজামী ও মুজাহিদ, জন্মদিন দুই দিন, তাঁর সন্তান দুইটি, সরকারের কাছ থেকে বাড়ি নেন দুটি, টাকা দুই রকম কালো ও সাদা ইত্যাদি।গিনি বলেন, বিরোধীদলীয় নেতা তাঁর স্বামীকে অনেক বেশি ভালোবাসতেন। এ জন্য স্বামীর নামটি তাঁর সঙ্গে রেখেছেন। দুই সন্তানকেও দেননি। তাঁর সঙ্গেই রেখেছেন, এটাও বিভ্রান্তি। তিনি আরও বলেন, স্বাধীনতা-সংগ্রামের সময় জিয়াউর রহমানের ডাকেও খালেদা জিয়া সাড়া দেননি। তবে জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার কিছু মিলও আছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিলেন। আর খালেদা জিয়া ’৯৬ সালে সেই খুনিদের বিরোধীদলীয় নেতা ও এমপি করেছিলেন। জিয়াউর রহমান মন্ত্রিসভায় দুজন যুদ্ধাপরাধী রেখেছিলেন, খালেদা জিয়াও দুজন রেখেছিলেন।এইচ এন আশিকুর রহমান অভিযোগ করেন, কাদের সিদ্দিকী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের নীল নকশা বাস্তবায়নের কাজ করেছেন। নিম্নমানের রাজাকারদের মেরে তিনি সুনাম কামিয়েছেন। তিনি বলেন, টাঙ্গাইল মুক্ত হয় ১১ ডিসেম্বর। মুক্ত টাঙ্গাইলে কাদের সিদ্দিকী আসেন ১২ ডিসেম্বর। এসেই তিনি ন্যাশনাল ব্যাংকসহ অসংখ্য দোকান-পাট লুট করেন। তিনি কাদের সিদ্দিকীকে বঙ্গবীর উপাধি দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন।আশিকুর রহমান বলেন, ‘আজ আমাকে রাজাকার বলছেন। যুদ্ধাপরাধী বলছেন। কিন্তু আমি যুদ্ধাপরাধী নই। আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই।’আশিকুর রহমান বলেন, জিয়া ক্ষমতা দখল করে জাতির ইতিহাসই পাল্টে দিয়েছিলেন। আর বর্তমানে তাঁরই স্ত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমেছেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে স্কুলের পরিবেশকে আনন্দময় করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীরা যাতে মনোযোগী হয়, সে জন্য পাঠ্যপুস্তকে নতুন নতুন বিষয় সংযোজন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্ম। আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা হবে। একই সঙ্গে নৈতিক মূল্যবোধও জাগিয়ে তোলা হবে।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাংসদ তালুকদার মো. ইউনুস, শামসুর রহমান শরিফ, ফরিদা রহমান প্রমুখ বক্তব্য দেন।