‘কানে গুঁজেছি তুলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৪ নম্বর বিধি মেনে শব্দের তীব্রতার মাত্রা অনুযায়ী এখন পর্যন্ত নগরের কোনো এলাকাই চিহ্নিত করা হয়নি। কিন্তু এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে মোটেও উদ্বিগ্ন মনে হলো না। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমদ জানান, এলাকা চিহ্নিতকরণের জন্য ডিসিসি বা রাজউকে চিঠি পাঠানো হয়েছে কি না, তা তাঁর জানা নেই।জেনারেটর ও ইটভাঙা মেশিনের শব্দে অতিষ্ঠ নগরবাসীর দুর্দশার কথা জামশেদ আহমেদ জানেন। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা আর কতটুকু করতে পারি। ঢাকা শহরের প্রায় আশি ভাগ ইটভাঙা মেশিন কোনো অনুমোদন বা অনুমতি ছাড়াই চালানো হচ্ছে, কিন্তু এগুলো দেখার দায়িত্ব তো ডিএমপি আর ডিসিসির। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যদি নিজ নিজ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করে, তাহলে এই বিধিমালার আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।’এই শব্দদূষণ বিধিমালা বাস্তবতা না মেনে করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি মোজাফ্ফর আহমদ। তিনি বলেন, আসলে এই বিধিমালা সম্পর্কে কেউ জানেও না এবং কেউ মানেও না। বিধিমালাটি লঙ্ঘনের কয়েকটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, প্রথমত, যেসব এলাকায় হর্ন না বাজিয়ে যানবাহন চালানোর নিয়ম, সেসব এলাকায় আরও বেশি বেশি হর্ন বাজানো হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতালগুলোও কোনো ধরনের পরিকল্পনা ছাড়া বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকাতে গড়ে উঠেছে। আর বিভিন্ন পণ্যের প্রচারণা থেকে শুরু করে জনসভা, মিছিল-মিটিং, ওয়াজ মাহফিল—এসবের কারণে অবাধে মাইক বাজানো তো চলছেই।