দারুণ জমে উঠেছে লোকনাট্য উৎসব। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে উদ্বোধনের দিন থেকেই বিপুল দর্শকের সমাগম হচ্ছে। এমনকি গতকাল রোববার সন্ধ্যায় হরতালের পরও মিলনায়তন ভরা ছিল দর্শকের উপস্থিতিতে। এদিন পার্বতীপুরের তিলাই লোক থিয়েটার পরিবেশন করে কান্দুনী বিষহরী পালা। ২০ এপ্রিল থেকে একাডেমীর উদ্যোগে শুরু হয়েছে এই লোকনাট্য উৎসব।কান্দুনী বিষহরী পালাটি মনসামঙ্গল কাহিনি অবলম্বনে রচিত। দেবী মনসা স্বর্গলোকে তাঁর অধিকার প্রতিষ্ঠার জন্য পূজা নিয়ে আসেন মর্ত্যের মানুষের কাছে। মর্ত্যের জমিদার চাঁদ সওদাগর মনসাকে পূজা দিতে রাজি না হলে বিবাদ সৃষ্টি হয়। একসময় দেবতাদের নির্দেশে চাঁদ সওদাগর মনসার পূজা দিতে বাধ্য হন।পালাটি মূলত দিনাজপুর অঞ্চলে প্রচলিত। সেখানে বিভিন্ন উৎসবে, মেলায় ও বাড়ির উঠানে পালাটি পরিবেশিত হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে তিলাই লোক থিয়েটার এ পালা নিয়ে নিয়মিত কাজ করে।পালাটি পরিবেশন করেন হরলাল চন্দ্র রায়, কাজল চন্দ্র রায়, ভোলা চন্দ্র রায়, পীযূষ চন্দ্র রায়, মহেশ চন্দ্র রায়, কৈলাশ চন্দ্র রায়, সুবাস চন্দ্র রায়, রমনী কান্ত অধিকারী প্রমুখ।আজ সোমবার একই মঞ্চে ঝিনাইদহের লালনভূমি থিয়েটার পরিবেশন করবে অষ্টকগান দাতাকর্ণ।