‘কাপুরুষের মতো মরতে পারি না’
ময়মনসিংহের গফরগাঁও থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ গিয়াসউদ্দিন আহমেদ বলেছেন, সন্ত্রাসীদের হাত থেকে জীবন রক্ষার্থে তিনি গত ১৮ মে ফাঁকা গুলি ছুড়েছিলেন। গুলি না ছুড়লে সন্ত্রাসীরা ওই দিন তাঁকে মেরে ফেলত বলে দাবি করেন তিনি।আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের (২০১২-২০১৩) ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গিয়াসউদ্দিন এসব কথা বলেন। গিয়াসউদ্দিন বলেন, একটি গোষ্ঠী তাঁকে হত্যা করতে চায়। তাঁকে হত্যার উদ্দেশ্যে সেদিন (গফরগাঁওয়ের কান্দিপাড়া বাজারে) তাঁর ওপর হামলা চালানো হয়। তিনি যদি পিস্তল দিয়ে গুলি না ছুড়তেন, তাহলে সন্ত্রাসীরা তাঁকে মেরে ফেলত। যে পিস্তল দিয়ে তিনি গুলি করেন, তা ছিল লাইসেন্স করা। তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা হয়ে আমি এভাবে কাপুরুষের মতো মরতে পারি না।’গিয়াসউদ্দিন বলেন, যারা হামলা চালিয়েছিল, তারা সবাই চিহ্নিত সন্ত্রাসী। থানায় তাদের বিরুদ্ধে মামলা আছে। তিনি বলেন, ‘সেদিন যদি আমি মারা যেতাম, তাহলে আমার স্ত্রী হতেন স্বামীহারা আর সন্তানেরা হতো পিতৃহারা। দলীয় নেতারা আমার জানাজায় অংশ নিতেন। সন্তানদের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতেন। আর আমি থাকতাম গোরস্তানে।’এ ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে গিয়াসউদ্দিন বলেন, একটি মহল আগে থেকেই এ ধরনের সংবাদ লেখার জন্য প্রস্তুত ছিল। এ জন্য ওই স্থান থেকে তাঁরা ছবি তোলেন।বাজেট আলোচনায় আরও অংশ নেন সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, সিরাজুল আকবর, এস কে আবু বাকের, মাহবুব আরা ও ওয়ারেসাত হোসেন।পরে সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।