জাতীয় কাবাডি দলের পরিচিত মুখ। একসময় ক্রিকেটও খেলতেন। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শুরু হওয়া বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসবে যোগ দিয়ে জিতে নিলেন অ্যাথলেটিকসে ব্যক্তিগত সেরার ট্রফি। জিতেছেন ৩টি সোনা, ১টি ব্রোঞ্জ। এমন অলরাউন্ড পারফরম্যান্সে নিজেই বিস্মিত কিশোরগঞ্জের মেয়ে ফাতেমা আক্তার (পলি) কাবাডি খেলোয়াড়, না অ্যাথলেট? কোন পরিচয়ে বেশি ভালো লাগছে?ফাতেমা আক্তার (পলি): আমি কাবাডির পলি। কাবাডি খেলোয়াড় হিসেবেই সবাই চেনে। এখানে আসার পর অনেক জুনিয়র মেয়ে বলছে, আপনি কাবাডির আপু না? টেলিভিশনে আপনার খেলা দেখেছি। কেউ আবার আমার সঙ্গে ছবিও তুলেছে। এসব দেখে আমার খুবই ভালো লেগেছে। কাবাডি কোর্টেই সময় কাটে বেশি। অথচ অ্যাথলেটিকসেও দারুণ করলেন। অনুশীলন ভালো হয়েছিল নিশ্চয়ই?ফাতেমা: সেভাবে অনুশীলনই করতে পারিনি। প্রতিযোগিতা শুরুর আগে মাত্র দুই দিন অনুশীলন করেছিলাম। অন্তত এক মাস অনুশীলন করতে পারলে আরও ভালো হতো। কিশোরগঞ্জ জেলার নাম শুনলেই সবার মনে পড়ে সাফের সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলমকে। এরপর আর কিশোরগঞ্জ থেকে সে রকম কোনো অ্যাথলেট উঠে আসেনি।ফাতেমা: মাহবুব ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ওনার জন্য আমাদের খুব খারাপ লাগে। ওনার মতো এমন অ্যাথলেট কিশোরগঞ্জে আর আসবে না। এর একটাই কারণ—জেলা ক্রীড়া সংস্থা থেকে যেমন সুযোগ-সুবিধা পাওয়ার কথা, অ্যাথলেটরা সেটা পায় না। কদিন আগে ময়মনসিংহে আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলাম। কিন্তু তখন আমার এমন অবস্থা ছিল যে রিকশা ভাড়াটাও দিতে পারছিলাম না। এমন হলে কে খেলায় আসবে? আপনি তো একসময় ক্রিকেটও খেলতেন?ফাতেমা: আমি ক্রিকেটারই হতে চেয়েছিলাম। বাংলাদেশ আনসারের হয়ে ক্রিকেট খেলেছি ২০০৭ সালে। অলরাউন্ডার ছিলাম। কিন্তু আনসারের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় কাবাডি খেলতে শুরু করলাম। আপনার সমসাময়িক অনেকেই এখন জাতীয় দলে ক্রিকেট খেলছে। এসব দেখে আফসোস হয়?ফাতেমা: হয় না। কারণ কাবাডি খেলেই আমি সন্তুষ্ট। আসলে ক্রিকেট খেলিনি শুধু চাকরি হারানোর ভয়ে। ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার পর আনসার থেকে বলা হলো, তুমি এখন থেকে কাবাডি খেলবে। আমার চাকরি চলে গেলে ক্রিকেট বোর্ড তো চাকরি দিতে পারবে না। আনসার থেকে যা পাই সেটা দিয়ে আমার সংসার চলে। গত লিগেও ভালো টাকাপয়সা পেয়েছি। এ ছাড়া জাতীয় দলে নিয়মিত খেলছি। আনসার আমাকে পড়াশোনার সুযোগ-সুবিধা করে দিয়েছে। আমি খুব খুশি। পরিবারের সমর্থন কেমন পান?ফাতেমা: আমার বাবা-মা সবাই আমাকে উৎসাহ দেন। করিমগঞ্জ কলেজ মাঠে যখন অনুশীলন করি, আমার মা সন্ধ্যা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেন। মায়ের জন্যই মনে হয় আমাকে ভালো কিছু করতেই হবে। ছোটবেলা থেকেই খেলাধুলা করতেন?ফাতেমা: ছোটবেলায় স্কুলে দৌড়াতাম। সারাক্ষণ ছোটাছুটি করতাম। এসব দেখে আমার বাবা বলত তুই খেলাধুলা করলে ভালো করবি। এরপর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় ভালো করতে শুরু করি। আন্তস্কুলেও যথেষ্ট ভালো করেছি। ২০০৫ সালে কিশোরগঞ্জে আমার খেলা দেখে আনসারের এক কর্মকর্তা আনসারে খেলার প্রস্তাব দেন। এরপর থেকে আনসারেই খেলছি। এখানে থ্রো-ইভেন্টে ভালো করলেন। স্প্রিন্টে কেন এলেন না? ফাতেমা: আমার উচ্চতা অনেক কম। তাই আমার কোচ বললেন, থ্রো-ইভেন্টেই আমি ভালো করব। ঢাকায় বিভাগীয় ক্রীড়া উৎসবে খেলতে এসে কেমন লাগছে?ফাতেমা: খুবই ভালো লাগছে। আমার রেজাল্ট দেখে একটু অবাকই হয়েছি। ভেবেছিলাম ভালোই করব, তবে সব বিভাগে সেরা, এতটা আশা করিনি।