ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গত পরশু শেষ হয়েছে মিজান এডিবল অয়েল মহিলা কাবাডি। টুর্নামেন্টে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশ আনসারের রেইডার শাহনাজ পারভীন (মালেকা)। টুর্নামেন্ট-সেরা হওয়ার পর মহিলা কাবাডি ওনিজের ক্যারিয়ার নিয়ে বললেন নানা কথা দলকে চ্যাম্পিয়ন করলেন, নিজেও হলেন টুর্নামেন্ট-সেরা। কেমন লাগছে?শাহনাজ পারভীন (মালেকা): খুবই ভালো লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি তো হ্যান্ডবল খেলেন, কাবাডিতেও সমান দাপট দেখাচ্ছেন... শাহনাজ: হ্যাঁ, হ্যান্ডবল দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলাম। কিন্তু আমার শরীর-স্বাস্থ্য দেখে একদিন আনসারের কোচ আজাদ স্যার বললেন, ‘তোর স্বাস্থ্য খুব ভালো। তুই কাবাডি খেললে অনেক ভালো করতে পারবি।’ তিনিই আনসারে আমার প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। এরপর ২০০৫ সালে এশিয়ান কাবাডিতে প্রথম জাতীয় দলের জার্সি গায়ে খেলি। তাহলে কি হ্যান্ডবলের মালেকা হারিয়ে যাবে?শাহনাজ: না। এটা ঠিক না। হ্যান্ডবলও খেলি। হ্যান্ডবল ছাড়তে পারব না। এটা খেলেই তো আনসারের চাকরি পেয়েছি। তাই হ্যান্ডবলও নিয়মিত চালিয়ে যাব। দুটো খেলা একই সঙ্গে কীভাবে চালিয়ে যান?শাহনাজ: এক অনুশীলনেই দুটোর কাজ হয়ে যায়। হ্যান্ডবল মৌসুম শুরু হওয়ার আগে এখন যেমন এশিয়ান গেমসের কাবাডি দলের ক্যাম্পে অনুশীলন করছি। বাংলাদেশের পুরুষ কাবাডির সঙ্গে মহিলা কাবাডির তুলনা করতে বললে কী বলবেন?শাহনাজ: ছেলেদের সঙ্গে তুলনা করতে চাই না। তবে মেয়েরাও উঠে আসছে কাবাডিতে। এবার এসএ গেমসে তো আমরাই ভালো খেলেছি। খেলতে গিয়ে পরিবার থেকে কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না?শাহনাজ: না। আমার আট বছর বয়সে বাবা মারা যান। এরপর মা আমাকে মানুষ করেছেন। বড় করেছেন। উনিই আমাকে খেলার জন্য উৎসাহ দেন। এখন আমার স্বামী আমিনুর ইসলামের কাছ থেকেও প্রচুর উৎসাহ পাই। আমার ছোট বোন ময়নাও হ্যান্ডবল খেলে। ও হ্যান্ডবলের সেরা খেলোয়াড়। বাংলাদেশের রেইডারদের মধ্যে আপনিই তো সেরা। কাউকে কি সেভাবে আদর্শ মানেন?শাহনাজ: আমি একই সঙ্গে রেইডার ও ডিফেন্ডার। আমাদের রেইডার জিয়াউর রহমানের খেলা ভালো লাগে। ওনার মতো এশিয়ার সেরা রেইডার হতে চাই। টুর্নামেন্টের সেরার পুরস্কারের সঙ্গে ট্রফিও পেলেন। এই নিয়ে কতবার টুর্নামেন্ট-সেরা হলেন।শাহনাজ: (কিছুক্ষণ ভেবে) তা ৪-৫ বার তো হবেই। প্রথমবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলাম ২০০৮ সালে। প্রথম বিভাগে খেলি তখন। যাত্রাবাড়ীর হয়ে খেলেছিলাম। সেবার ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছিলাম। ওটা আজও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। যদি কোনো দিন বিপদে-আপদে না পড়ি তো ওই টাকায় হাত দেব না। ক্যারিয়ার কাবাডিতে না হ্যান্ডবলে শেষ করবেন?শাহনাজ: কাবাডিতেই ক্যারিয়ার শেষ করতে চাই। কাবাডি খেলার পর দেশে গেলে সবাই আমাকে বলে, ‘তুই তো স্টার হয়ে গেছিস। তোর ছবি পত্রিকায় দেখি।’ আমার তখন কী যে ভালো লাগে! টুর্নামেন্টের ব্যানারে লেখা ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিততে চায় বাংলাদেশ। কতটুকু সম্ভব বলে মনে করেন?শাহনাজ: আমরা কাবাডিতে একটা ভালো স্পনসর পেয়েছি। সারা দেশে কাবাডি চর্চা বাড়ানো হচ্ছে। যদি স্পনসরদের সঠিকভাবে কাজে লাগানো যায়, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ভালো কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া যায়, এশিয়াডে সোনা জেতা অসম্ভব কিছু না।