‘কামরান এখনো আমার হিরো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নতুন প্রজন্মের প্রতিভাবান ব্যাটসম্যান। তবে কয়েক দিন ধরে আলোচনায় ভাইয়ের পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ানো নিয়ে। এই প্রসঙ্গ তো আছেই, আরও অনেক বিষয় নিয়ে ক্যান্ডিতে উমর আকমলের মুখোমুখি আরিফুল ইসলাম আপনি উইকেটকিপিং করতে পারেন বলে শোনা যাচ্ছে?উমর আকমল: দল চাইলে করব। দলের প্রয়োজনে যেকোনো কিছু করতেই রাজি আছি। আমি কিপার না হলেও দলের প্রয়োজনে দুবাইয়ে একটা ওয়ানডেতে কিপিং করেছি, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে করেছি। আমার জন্য এটা নতুন কিছু নয়। বড় ভাইকে সরিয়ে উইকেটকিপিং করতে হলে কেমন লাগবে?উমর: বড় ভাইকে সরানোর ব্যাপার নয়। আমি কামরানের রিপ্লেসমেন্ট নই। খারাপ সময় সবারই আসে। কামরান এখনো পাকিস্তানের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান। বড় দুই ভাই উইকেটকিপার, আপনিও শুরু করেছেন। আকমল পরিবারকে এখন উইকেটকিপার পরিবার বলা যায়...উমর: তা বলতে পারেন। তবে আমি তো আর উইকেটকিপার নই। আমার বরাবরই ব্যাটিংটা ভালো লাগত। উইকেটকিপিংয়ের চেষ্টাই করিনি। বেড়ে ওঠার কথা বলুন...ভাইদের দেখেই নিশ্চয় ক্রিকেটে আগ্রহ জন্মেছে?উমর: অবশ্যই। আমার বাবার স্বপ্ন ছিল তাঁর ছেলে পাকিস্তান দলে খেলবে। কামরান সেই স্বপ্ন পূরণ করেছে। আমার উৎসাহ জন্মেছে কামরানকে দেখে। ছোট থেকেই ওকে খেলতে দেখেছি। ও সব সময় পাকিস্তান দলে খেলতে চাইত। ও পাকিস্তান দলে ঢুকে গেলে আমি চেয়েছি ওর সঙ্গে জাতীয় দলে খেলতে। আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এরপর যখন আদনানও এল...?উমর: আমরা তো খুশি ছিলামই। সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বাবা-মা। তিন ছেলে জাতীয় দলে খেললে কার না গর্ব হবে? তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার ব্যাপারে পাকিস্তানের জুড়ি নেই। অনূর্ধ্ব-১৯, ‘এ’ দলে অনেক রান করছিলেন, নিশ্চয়ই আশায় ছিলেন খুব দ্রুতই সুযোগ পাওয়ার?উমর: মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমি দলের সর্বোচ্চ রান করেছিলাম। এরপর ‘এ’ দলে সুযোগ পেলাম, এ জন্য আমি সেই সময়ের নির্বাচক আবদুল কাদিরের কাছে কৃতজ্ঞ। ‘এ’ দলের হয়ে অনেক রান করেছি, এখানে এই শ্রীলঙ্কায়, এরপর অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের সিরিজে ভালো করাতেই আসলে জাতীয় দলে সুযোগটা তাড়াতাড়ি এসেছে। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতেই ৭১ বলে সেঞ্চুরি করলেন, কিন্তু বেশি স্মরণীয় নিশ্চয়ই অভিষেক টেস্টের সেঞ্চুরিটা?উমর: হ্যাঁ। ওয়ানডে যে কেউ খেলতে পারে। আমি চেয়েছি টেস্ট খেলতে। টেস্টে সুযোগ পেয়েই তাই খুশি ছিলাম, সেঞ্চুরির কথা মাথায়ও ছিল না। ডানেডিনে বল অনেক সুইং করছিল, শেন বন্ড দুর্দান্ত বল করছিল। সেঞ্চুরি তো অবশ্যই স্মরণীয়, তবে তার চেয়েও স্মরণীয় ভাইয়ের সঙ্গে জুটি। ১৮০ রানের (১৭৭) জুটি হয়েছিল কামরানের সঙ্গে, ফলোঅন বাঁচিয়েছিলাম আমরা। তবে ওয়ানডে অভিষেকটাও কম স্মরণীয় নয়। পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচ। ইউনুস ভাই ছিলেন উইকেটে, বলেছিলেন নিজের মতো খেলো। আমিও অনূর্ধ্ব-১৯, ‘এ’ দলে যেভাবে খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করেছি। শুরুর দিনগুলোর পারফরম্যান্স আপনাকে নিয়ে প্রত্যাশা জাগিয়েছিল। আক্রমণাত্মক ব্যাটসম্যান, কিন্তু আবার পরিস্থিতির দাবিটাও ভালো বোঝেন। গত কিছু দিনে সেই ধরনটা কেমন যেন বদলে যেতে শুরু করেছে...উমর: আমি এখনো তেমনই আছি। ভালো সময়, খারাপ সময় সবারই আসে। সব সময় সবকিছু নিজের চাওয়ামতো হয় না। আল্লাহর রহমতে আমি আবার সেরা রূপে ফিরব। বিশ্বকাপটা ভালোভাবে শুরু হয়েছিল। আশা করি, সামনের ম্যাচগুলোতে আরও ভালো হবে। প্রিয় ক্রিকেটার?উমর: আমার হিরো সব সময়ই কামরান। আমি সব সময় ওর মতো হতে চেয়েছি। এখনো ও আমার হিরো। এ ছাড়া সবচেয়ে প্রিয় রাহুল দ্রাবিড়। বলতে পারেন, আমার ব্যাটিংয়ের ধরন দ্রাবিড়ের উল্টো। কিন্তু ও হলো প্রায় নিখুঁত ব্যাটসম্যান। জহির আব্বাসও প্রিয়, অনেক ভিডিও দেখি তাঁর, বাসিত আলীরও ভিডিও দেখি। আর শচীন, পন্টিং, ইউনুস ভাই, মিসবাহ ভাইদের তো ভালো লাগেই। খেলার বাইরে কী করতে পছন্দ করেন?উমর: প্রচুর গান শুনি। পরিবারের সঙ্গে সময় কাটাই। আগে ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতাম, এখন সময়-সুযোগ পাই না। নাচটাও তো খুব ভালো পারেন?উমর: (হাসি) ওই একটু-আধটু পারিবারিক অনুষ্ঠানে নাচি। জীবনে সবকিছুরই প্রয়োজন আছে, আমি খুব উপভোগ করি। একটু বিব্রতকর প্রশ্ন, ‘কামরানকে না খেলালে আমিও খেলব না’ অস্ট্রেলিয়ায় এমন নাকি বলেছিলেন...নাকি আপনি কামরানের খুব কাছাকাছি বলে এমনটা ছড়িয়েছে?উমর: নো কমেন্ট। আচ্ছা, সেটা না বললেন। কিন্তু কামরানের নানা ঘটনায় নিকট অতীতে আকমল পরিবারের অনেক খারাপ সময় গেছে। সে সময় পরিবারের অবস্থা কেমন ছিল?উমর: আমি আগেই বলেছি, কামরান আমার হিরো, এই প্রশ্নেই উত্তর পেয়ে যাবেন। আমরা তিন ভাই, আমাদের পরিবারের সবাই খুব ক্লোজ। সবাই সব সময় সবার পাশে থাকে, এভাবেই...ওকে থ্যাংকস।