‘কামারুজ্জামান ছিলেন আলবদর বাহিনীর কমান্ডার’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হামিদুল হককে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। জেরায় হামিদুল হক বলেন, জনশ্রুত ছিল কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহ শহরে আলবদর বাহিনীর কমান্ডার। সে সময় কামারুজ্জামানের বয়স ছিল ২২ থেকে ২৩ বছর।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়। আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে আসামি পক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী সাক্ষীকে জেরা করেন। পরে ট্রাইব্যুনাল ১৯ জুলাই সাক্ষীকে পরবর্তী জেরা করার দিন ধার্য করেছেন।২০০৯ সালে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ বইটি পড়েছেন কি না —এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, বইটি তিনি পড়েননি। এর পরও এই বই থেকে আইনজীবী বিভিন্ন প্রশ্ন করলে ট্রাইব্যুনাল বলেন, তিনি তো বলছেন যে এই বইটি তিনি পড়েননি তার পরও কেন তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করছেন। জবাবে আইনজীবী বলেন, ‘আমি তো তাঁকে সাজেশন দিচ্ছি। জেরা করতে গেলে তো আমাকে সাজেশন দিতেই হবে। ট্রাইব্যুনাল বলেন আপনি প্রাসঙ্গিক প্রশ্ন করেন।’আসামি পক্ষ সাক্ষীকে সাজেশন দেন পাকিস্তানের সেনাবাহিনী বা আলবদরের হাতে গ্রেপ্তার হওয়া, জেলা পরিষদ ডাকবাংলোতে বন্দী থাকা এবং সেখান থেকে পালিয়ে যাওয়া একটি নিছক গল্প। সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’এ পর্যায়ে আসামি পক্ষের আইনজীবীর জেরা শেষ না হলে মামলার কার্যক্রম মুলতবি করা হয় ও পরবর্তী জেরার দিন ধার্য করা হয়।