‘কামারুজ্জামানের নেতৃত্বে আলবদররা গোলাম মোস্তফাকে হত্যা করে’
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মোশাররফ হোসেন তালুকদার গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে কামারুজ্জামানের নেতৃত্বে আলবদররা তাঁর বড় ভাই গোলাম মোস্তফা তালুকদারকে হত্যা করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোশাররফ এই জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। কামারুজ্জামান আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।মোশাররফ হোসেন বলেন, একাত্তরে তিনি শেরপুর শহরের জি কে স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তেন। তাঁর বড় ভাই গোলাম মোস্তফা তালুকদার শেরপুর কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাহিত্য সম্পাদক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। ২৫ মার্চের পর বড় ভাই মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন। এক-দেড় মাস পর তিনি খড়খড়িয়া গ্রামের বাড়িতে ফেরেন। তাঁদের চাচা তোফায়েল ইসলাম তালুকদার শান্তি কমিটির লোক ছিলেন। চাচার চাপে ভাই উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার শেষ পর্যায়ে ২৩ আগস্ট মাগরিবের নামাজের সময় ভাই রেডিওর জন্য ব্যাটারি কিনতে শেরপুর কলেজ মোড়ের মুদি দোকানে যান। শেরপুরের আলবদর বাহিনীর প্রধান কামারুজ্জামানের নির্দেশে কয়েকজন আলবদর সদস্য সেখান থেকে তাঁকে ধরে শহরে ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে আলবদর ক্যাম্পে নিয়ে যায়।মোশাররফ বলেন, বড় ভাইকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা জানার পর তাঁরা বিষয়টি চাচাকে জানান। চাচা ওই ক্যাম্পে গিয়ে প্রথমে গোলাম মোস্তফার সঙ্গে দেখা করেন। পরে দোতলায় গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে তাঁকে ছেড়ে দিতে বলেন। কিন্তু কামারুজ্জামান চাচাকে চলে যেতে বলেন। এরপর তিনি শান্তি কমিটির আরেক নেতা সামিদুল ডাক্তারকে সঙ্গে নিয়ে ক্যাম্পে যান। তাঁরা দুজন গোলাম মোস্তফাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও কামারুজ্জামান তাঁদের চলে যেতে বলেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, সেদিন রাত ১২টার পর কামারুজ্জামান কয়েকজন আলবদর সদস্যকে নিয়ে গোলাম মোস্তফা ও আবুল কাশেম নামের এক ব্যক্তিকে শেরপুরের মৃগি নদীর সেরি সেতুতে নিয়ে যান। সেখানে প্রথমে গোলাম মোস্তফার ডান পায়ের ঊরুর নিচের মাংস বেয়নেট দিয়ে কেটে ফেলা হয়। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। আবুল কাশেম হাতে গুলিবিদ্ধ অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচান। পরদিন সকালে তারা নামের এক ব্যক্তি সেরি সেতুর পূর্ব-উত্তর কোণ থেকে বড় ভাইয়ের লাশ উদ্ধার করে তাঁদের গ্রামের বাড়িতে নিয়ে যান। লাশের ডান পায়ে মাংস ছিল না, বুকে গুলির চিহ্ন ছিল। স্বাধীনতার পর আবুল কাশেমের মুখে তিনি ভাইকে হত্যার বিবরণ শোনেন। মুক্তিযুদ্ধ শেষে তাঁর বাবা আসির উদ্দিন তালুকদার অথবা মা বাদী হয়ে কামারুজ্জামানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা করেছিলেন।মোশাররফ বলেন, তিনি মুক্তিযুদ্ধের তিন-চার বছর আগে তেঘরিয়া মাদ্রাসায় একটি ধর্মসভায় প্রথম কামারুজ্জামানকে দেখেন। তখন থেকেই তাঁকে চেনেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি আসামির কাঠগড়ায় থাকা কামারুজ্জামানকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে মোশাররফকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। কয়েকটি প্রশ্ন করার পর জেরা আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।