কন্ডিশনিং ক্যাম্পে এমনিতেই ফিজিও-ট্রেনারের কাজ বেশি থাকে। তবে কোচরা কেউ নেই বলে কাল শুরু জাতীয় দলের ক্যাম্পে মূল দায়িত্বই তুলে নিতে হয়েছে গ্রান্ট ট্রাফোর্ড লুডেনকে। ক্যাম্পের প্রথম দিনে ক্রিকেটারদের অনেকের শরীরে বাড়তি মেদ পেলেও সার্বিক ফিটনেসে সন্তুষ্ট জাতীয় দলের ট্রেনার ক্যাম্পের প্রথম দিন কেমন কাটল?গ্রান্ট ট্রাফোর্ড লুডেন: খুবই ভালো। ছেলেদের মেদ দেখলাম, অনেক বেশি। এত দিন ছুটির পর এটা অবশ্য জানাই ছিল। এরপর ব্লিপ টেস্ট এবং ইয়ো ইয়ো হলো। এগুলোয় সবাই খুব ভালো করেছে। ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন কেউ?লুডেন: না, কেউই ব্যর্থ হয়নি। আসলে তাদের কার কী অবস্থা সেটা জানার জন্যই এই টেস্ট নেওয়া। ফিটনেস ট্রেনিং কত দিন চলবে?লুডেন: দুই সপ্তাহের মতো, আড়াই সপ্তাহও হতে পারে। এই সময়টায় আমরা ফিটনেসটাকে গুরুত্ব দিচ্ছি বেশি। এরপর স্কিল নিয়ে কাজ করব। তবে স্কিলের পাশাপাশি ফিটনেস ট্রেনিংও চলবে। এই ক্যাম্প তো বোলিং কোচ শেন জার্গেনসেনের তত্ত্বাবধানে হওয়ার কথা...লুডেন: হ্যাঁ, তিনি ছুটিতে আছেন। তবে দু-তিন দিনের মধ্যেই ঢাকায় ফিরে দায়িত্ব নেবেন ক্যাম্পের। রুবেল হোসেনের অস্ত্রোপচার হলো। শফিউল ইসলামও অনেক দিন ভুগলেন। পেসারদের ফিটনেসের অবস্থা এখন কেমন?লুডেন: লক্ষ করবেন, রুবেল ও শফিউলের ইনজুরি কিন্তু অনুশীলনজনিত নয়। খেলার মাঠে দুর্ঘটনাবশত হয়েছে। তবে হাঁটুতে সাতটা অস্ত্রোপচারের পর থেকে দলের মূল পেসার মাশরাফি সব সময়ই অনেক বেশি সতর্ক। ফিটনেসের জন্য কি বোলারদের বাড়তি কিছু করার আছে?লুডেন: পেস বোলারদের ফিটনেসের দিকে আমাদের সব সময়ই খেয়াল রাখতে হবে এবং ফিটনেসটাও ধরে রাখতে হবে। তবে মাঠের অনেক বেশি জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় বলে বোলাররা এমনিতেই একটু বেশি ফিট থাকে। এটা ঠিক, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে গরমটা অনেক বেশি বলে অনেক সময় তারা একটু মন্থর হয়ে যায়। তবে কারও ফিটনেসেই কোনো সমস্যা নেই। সবাই ভালো অবস্থায় আছে। নতুন মৌসুম শুরু করতে অধীর অপেক্ষায় আছে। এশিয়া কাপের পর প্রায় দুই মাসের বিরতি গেল। সার্বিকভাবে দলের সবার ফিটনেসের কী অবস্থা দেখলেন?লুডেন: আমি আরও অনেক খারাপ আশঙ্কা করেছিলাম। ছেলেদের অবস্থা দেখে আমি আসলেই খুব খুশি। তাদের চামড়ার ভাঁজ হয়তো একটু মোটা, তবে সেটা খুব খারাপ নয়। সবাই যার যার বাড়িতে বেড়াতে গিয়েছিল। মায়েরা ভালো ভালো খাবার খাইয়েছে। তার পরও যা অবস্থা...অসাধারণ। আমি যখন দক্ষিণ আফ্রিকা গিয়েছিলাম আমারও একই অবস্থা হয়েছিল। কয়েক কেজি ওজন বাড়িয়ে ফিরেছিলাম...আর এটা হবেই। এখন একটু বাড়তি পরিশ্রম করে এটা কমিয়ে নিতে হবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে আর ত্রিনিদাদে গিয়েও টি-টোয়েন্টি ম্যাচই খেলবে বাংলাদেশ দল। তো টি-টোয়েন্টির জন্য কি ফিটনেস নিয়ে বাড়তি কিছু করার আছে?লুডেন: টি-টোয়েন্টি খুব এক্সপ্লোসিভ ক্রিকেট। কাজেই গত বছরের তুলনায় এ বছরের ট্রেনিংও খুব এক্সপ্লোসিভই হবে। আমরা চাইব খেলোয়াড়দের শক্তিটা অনেক বেশি হোক, গতি-ক্ষিপ্রতা অনেক বেশি বাড়ুক। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে এসবের সংশ্লিষ্টতা অনেক বেশি।