‘কারেন্ট দিবে বুইল্যা আদ্দর (সমস্ত) পাড়ায় থাম পুঁতেছিল, আর কারেন্ট দেয়নি। আশা করুছিনু কারেন্ট পাব, তা আর হলো না। আমারির সাথে ওরা চিটারি করেছে।’ কথাগুলো রাজশাহীর বাগমারার ঝিকড়া সরদারপাড়ার কৃষক বেলাল হোসেনের। বাড়িতে বিদ্যুৎ না পেয়ে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন তিনি। শুধু বেলাল হোসেন একা নন, তাঁর মতো উপজেলার আরও সহস্রাধিক মানুষ। বিদ্যুতের আশায় থেকে থেকে এখন হতাশ হয়ে পড়েছেন।স্থানীয় লোকজন ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে মহাপরিকল্পনার অধীনে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগের নামে পোল বসানো হয়। উপজেলার বিলসনি, বেলঘরিয়াহাট, লাউপাড়া, শ্রীপুর, দক্ষিণমাঝগ্রাম, ঝিকড়া, চক হরিনারায়ণকুণ্ডু, কোনাবাড়িয়া, রুহিয়া ও শালজোড় গ্রামে সে সময় পোল পোঁতা হয়। এসব গ্রামের ৬৫৬ জন গ্রাহক নির্ধারণ করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের লোকজন টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীকালে এসব পোলে আর তার টানা এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। সরেজমিনে রুহিয়া, শালজোড়, ঝিকড়া, বেলঘরিয়াহাট, শ্রীপুর এলাকা ঘুরে তারবিহীন বৈদ্যুতিক পোল দেখা যায়। বিদ্যুতের আশায় অনেকে বাড়িতে টিভি ও বৈদ্যুতিক বাল্ব কিনে রাখলেও সংযোগ না পাওয়ায় তাঁরা হতাশ হয়েছেন।ঝিকড়া সরদারপাড়ার জামাল উদ্দিন জানান, বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে বলে একটি টিভি কিনেছিলেন। সব কটি ঘরে বৈদ্যুতিক ওয়্যারিং পর্যন্ত করেছেন। এ ছাড়াও গ্রাহকেরা অভিযোগ করেন, পোল পোঁতার আগে তাঁদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে।বেলঘরিয়াহাটের গ্রাহক আবদুল মতিন জানান, তাঁরা ৭৮ হাজার টাকা দিয়েও বিদ্যুৎ পাননি। ঝিকড়া সরদারপাড়ার বেলাল ও মরু গ্রামের গ্রাহক আবদুল মজিদ জানান, তাঁরাও প্রত্যেকে এক হাজার করে টাকা দিয়েছেন। স্থানীয় গ্রাহক মজিদ ও ইসমাইল তাঁদের কাছ থেকে টাকা উঠিয়ে কাকে দিয়েছেন, তা জানেন না। মরুগ্রামের জন্য বরাদ্দ পোল অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এখন তাঁরা টাকা ও বিদ্যুৎ কোনোটিই পাচ্ছেন না।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বাগমারায় গত জোট সরকারের আমলে ২০০৫-২০০৬ অর্থবছরে পোলগুলো স্থাপন করা হয়। বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি কিলোমিটারে গড়ে ১৭টি পোল বসানো হয়েছে। সে মোতাবেক বাগমারায় ১১৯টি পোল পোঁতা হয়েছে। অথচ এগুলোতে কোনো তার টানা বা সংযোগ দেওয়া হয়নি। তিনি জানান, পোলগুলোতে সংযোগ না দেওয়ায় অনেক স্থানে পোল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, মাস্টারপ্ল্যানের আওতায় ৬৫৬ জন গ্রাহক নির্ধারণ করে তাঁদের কাছ থেকে নিয়মানুযায়ী ২০ টাকা করে নেওয়া হয়েছে। এ জন্য তাঁদের রসিদও দিয়েছে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে তাঁরা কিছু জানেন না। গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন সরকার জানান, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ সংযোগের কথা বলে তাঁর এলাকায় চার কিলোমিটার নিয়ে পোল পোঁতা হলেও আজ পর্যন্ত তার টানা বা সংযোগ দেওয়া হয়নি। সংযোগ না দিয়ে তাঁর এলাকার লোকজনের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন।বেলঘরিয়া গ্রামের শিক্ষক সিরাজুল ইসলাম জানান, বিগত সরকারের সময় তাঁদের গ্রামে পোল পোঁতা হলেও সংযোগ দেওয়া হয়নি। শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, তাঁর এলাকায়ও এ ধরনের পোল পোঁতে লোকজনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, এসব পোলে তার টেনে সংযোগ দেওয়ার কোনো বাজেট বা নির্দেশ আসেনি। তবে এ বছর পাওয়ার সম্ভাবনাও কম। তিনি জানান, সে সময়ে যে প্রকল্পের আওতায় পোলগুলো পোঁতা হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে।