‘কালা-ধলা নয়, বিড়াল ইঁদুর ধরে কি না, সেটাই বিষয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের পাশাপাশি রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বিষয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইয়া প্রথম আলো অনলাইনকে বিষয়ে নিশ্চিত করেছেন।নিজের সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তবে গতকাল সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে।রেলপথ মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব পাওয়া যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সদ্যবিদায়ী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে গত বছরের ২৮ নভেম্বর শপথ নেন।প্রসঙ্গত, সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক ৯ এপ্রিল মধ্যরাতে বিপুল টাকাসহ ধরা পড়েন।ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া: রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিড়ালটি কালো নাকি ধলা, সেটি প্রশ্ন নয়। বিড়ালটি ইঁদুর ধরে কি না, সেটাই বিষয়।’ আজ বুধবার বেলা দেড়টার দিকে রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।নিয়োগ-বাণিজ্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নিয়োগে অনিয়ম হলে আমি এই চেয়ারে বসে তা হতে দেব না। প্রয়োজনে নতুন করে পরীক্ষা নেব। আমি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’এর আগে রেলের কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের কাছে পারসেন্টেস চাই না। আমি অনিয়ম করি না। অনিয়ম সহ্য করব না। রেলকে লোকসান থেকে লাভের ধারায় ফিরিয়ে আনতে হবে। দুর্নাম থেকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। অনিয়ম থেকে নিয়মে আনতে হবে। দিনের ফাইল দিনেই সই করতে হবে।’মন্ত্রী বলেন, ‘আমার এটা অতিরিক্ত দায়িত্ব। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে প্রয়োজনে আরেকজনকে দায়িত্ব দিতে পারেন। সেটা প্রধানমন্ত্রীর বিষয়। তবে আমি সাত দিন থাকলেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’সেমিনারে কাদের: এদিকে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে ওবায়দুল কাদের বলেন, নতুন দায়িত্ব, প্রত্যাশার চাপও বেড়ে গেল। এটা তাঁর সাময়িক দায়িত্ব। প্রধানমন্ত্রী তাঁর ওপর যে আস্থা রেখেছেন, সে আস্থার আমানত সেবার মধ্য দিয়ে পালন করার জন্য তিনি সবার দোয়া ও সমর্থন চান।ওই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, ‘রাজধানীর যানজট নিরসনে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। কিন্তু এ ক্ষেত্রে ফলাফল এখনো শূন্য। তবে রাস্তাঘাট সংস্কারের ক্ষেত্রে আমরা নতুন মাত্রা যুক্ত করতে পেরেছি।’যানজটের কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে রাজনীতিও অনেক অসুবিধা তৈরি করে। রাস্তাঘাটে যখন কোনো মিছিল-মিটিং হয়, তখন সারা শহরে যানজট ছড়িয়ে পড়ে।