পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি কাশ্মীর সমস্যা সমাধানে দমন-পীড়ন পরিহার করে কাশ্মীরিদের সঙ্গে আলোচনায় বসার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, যেকোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। তিনি ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মীরে ১৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ায় নিন্দা জ্ঞাপন করেন। এ ধরনের সহিংসতা বন্ধ হওয়া উচিত বলেও গিলানি মন্তব্য করেন।পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় ভারত আগ্রহী নয় কেন, এমন এক প্রশ্নের জবাবে গিলানি বলেন, ভারতের উচিত অচিরেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের সমস্যা সমাধানে আলোচনার আয়োজন করা। তিনি মনে করেন, যুদ্ধ কোনো সমাধান নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের কঠোর সমালোচনা করে গিলানি বলেন, পারভেজ মোশাররফ সব সময় দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধেও মোশাররফ দ্বিমুখী নীতিতে চলেছেন। তিনি গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার নীতিতে চলেছেন বলে গিলানি অভিযোগ করেন।পাকিস্তানে ক্ষমতাসীন পিপলস পার্টি সরকার সন্ত্রাস দমনে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে গিলানি বলেন, গোটা জাতিই সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমানে কোনো রাজনীতিকই সন্ত্রাস দমনে সরকারের নেওয়া পদক্ষেপের বিরোধিতা করছেন না। যুক্তরাষ্ট্র কর্তৃক চালকবিহীন বিমান হামলায় বেসামরিক ব্যক্তি নিহত হওয়ারও সমালোচনা করেন গিলানি। তিনি বলেন, পাকিস্তান এ ধরনের হামলা কখনই সমর্থন করে না।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশে সহনশীলতার রাজনীতি প্রবর্তন করেছেন। তিনি আরও বলেন, তাঁর শাসনামলে এখনো কোনো রাজনীতিবিদ অন্যায়ভাবে বন্দী হননি।