‘কায়ও কথা রাখে নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বকশী ও হৈরম্মল গ্রামের মানুষ বছরের পর বছর ধরে একটি সেতুর অপেক্ষায় আছে। স্বাধীনতার পর প্রতিটি সরকারই সেতুটি করার প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবায়ন হয়নি।সরেজমিনে দেখা গেছে, উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মানাস নদের ওপর (একসময়ের নদী হলেও তা বর্তমানে একটি খাল) একটি বাঁশের সাঁকো দিয়ে গ্রামের লোকজন পারাপার করছে। হাটবাজারসহ শিক্ষার্থীদের যেতে হয় এই সাঁকোর ওপর দিয়ে।এদিকে কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য চরম ভোগান্তি পোহাতে হয় বলে গ্রামবাসী অভিযোগ করেন। লোকজন নিজ উদ্যোগে এ বাঁশের সেতুটি তৈরি করে সবার চলাচলের জন্য। সেখানে সরকারি কোনো সাহায্যও তারা পায় না।হৈরম্মল গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘সব সরকারই বলে থাকে, এবার এখানে সেতুর কাজ করা হবে। সরকারি অফিসের লোকজনেরা এসে দেখেও যান। কিন্তু এই দেখা পর্যন্তই যেন কাজ শেষ। মেম্বার হয়ে গ্রামের মানুষদের কত আর বুঝ দেব।’একই গ্রামের শিক্ষক নূরুল ইসলাম জানান, এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়া বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বয়স্ক কৃষক দেলদার হোসেন বলেন, ‘স্বাধীনতার পর ৩৮ বছরে সবাই তো কথা দিয়েছিল। কিন্তু ভোটের পর কায়ও কথা রাখে নাই।’ব্যবসায়ী বাবলু মিয়া বলেন, ‘ব্যবসার মালামাল নিয়ে যেতে বেশ কষ্ট হয়। এর পরও বাধ্য হয়ে কখনো সাইকেলে আবার কখনো শ্রমিক দিয়ে মালামাল নিই।’মর্ণেয়া ইউপির চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, ‘আমি তো চেষ্টা করেই যাচ্ছি। সেতু বরাদ্দের জন্য সাংসদদের একটা বড় ভূমিকা থাকে।’উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক জানান, জনগণের দুর্ভোগ দূর করতে এ সরকারের আমলেই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।সাংসদ আসিফ শাহরিয়ার বলেন, ‘এ সেতু নির্মাণের জন্য ছুটোছুটি করছি।’