‘কিছুই তো করার নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরের দল থেকে ছিটকে গিয়েছিলেন চোটের কারণে। জিম্বাবুয়ে সফরের দলেও জায়গা পাননি। এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়েও ঘোর অনিশ্চয়তা। খেলার সুযোগ না পেয়ে রীতিমতো হতাশ নাঈম ইসলাম পায়ের চোটের এখন কী অবস্থা?নাঈম ইসলাম: এখন আমি পুরো ফিট। ডান ঊরুর পেশি ছিঁড়ে গিয়েছিল। এখন ঠিক হয়ে গেছে। দল তো জিম্বাবুয়ে চলে গেল। আপনার সময় কাটছে কীভাবে?নাঈম: এত দিন তো রিচার্ড ম্যাকিন্সের অধীনে অনুশীলন করেছি। ১৮ তারিখ থেকে আবার প্র্যাকটিস শুরু হবে। ম্যাকিন্সই হয়তো থাকবেন আমাদের সঙ্গে। নয়তো বাবুল ভাই থাকতে পারেন (বিসিবির কোচ মিজানুর রহমান)। শ্রীলঙ্কা সফরের দলে থেকেও চোটের কারণে যাওয়া হলো না। আর জিম্বাবুয়ে সফরের দলে সুযোগই পেলেন না। খুব হতাশ?নাঈম: আসলে কেমন করে কী হয়ে গেল, আমি জানি না। আমার জন্য এটা খুবই হতাশাজনক। তার পরও মেনে নিতে হবে, কিছু তো করার নেই। খেলোয়াড়দের জীবন এ রকমই। জিম্বাবুয়ে সফরের দলে থাকার আশা করেছিলেন নিশ্চয়ই?নাঈম: তা তো অবশ্যই। আশা ছিল, জিম্বাবুয়ে সফরের দলে আমাকে নেবে। শ্রীলঙ্কায় ইনজুরির কারণে যেতে পারিনি। তার মানে, ইনজুরি না থাকলে পরের সফরে আমার যাওয়ারই কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরে চার নম্বরে সেঞ্চুরি করেছিলেন। এরপর এভাবে বাদ পড়ে যাওয়াটা কি আপনাকে আবার পেছনে ঠেলে দিল?নাঈম: এখন আসলে কোনো কিছুকেই বাধা মনে হয় না। কখনো এটাও মনে হয় না, আমি এগিয়ে গেছি বা পিছিয়ে গেছি। ক্রিকেট ভালোবাসি। যখন যেখানে যেভাবে সুযোগ পাই, খেলব। জাতীয় দলে খেলার সুযোগ পেলে ভালো, না পেলেও বসে থাকব না। কোথাও না কোথাও খেলব। কীভাবে খেলবেন? এখন তো প্রিমিয়ার ক্রিকেট লিগও অনিশ্চিত...নাঈম: তা ঠিক। প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে কী হচ্ছে, বুঝতে পারছি না। আমাদের আয়ের মূল উৎস এই লিগ। বিপিএল আর কয় টাকা দেয়, বলুন? ব্যক্তিগতভাবে বলতে পারি, গত বিপিএল থেকে আমি এখনো একটি টাকাও পাইনি। এত দিনে যেখানে ৫০ বা ৭৫ ভাগ টাকা পেয়ে যাওয়ার কথা, সেখানে এক টাকাও না! আদৌ পাব কি না, তা-ও জানি না। এ অবস্থায় প্রিমিয়ার লিগই ছিল ভরসা। সেখানে যদি এই অবস্থা হয়, আমরা কোথায় যাব, বলুন! বিপিএলে প্রতিশ্রুত টাকা মেলে না। প্রিমিয়ার লিগও ক্লাবগুলোর স্বেচ্ছাচারিতার শিকার। এ অবস্থায় পেশা হিসেবে ক্রিকেট খেলাটা আসলে কতটা স্বস্তিদায়ক?নাঈম: সবাই যদি কমিটমেন্ট ঠিক রাখত, ক্রিকেট খেলা বাংলাদেশে এক নম্বর পেশা হতে পারত। কিন্তু আমাদের ক্রিকেটে কমিটমেন্টের খুবই অভাব। এখন যে অবস্থা, এটা থাকলে ভবিষ্যতে কতজন ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেবে, সন্দেহ আছে। আবার জিম্বাবুয়ে সফর প্রসঙ্গ। এই সফরে বাংলাদেশ দলের সাফল্যের ব্যাপারে কতটা আশাবাদী আপনি?নাঈম: আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেট দল এখন তাদের সেরা সময় কাটাচ্ছে। এই সফরে সব ম্যাচই আমাদের জেতা উচিত এবং সে সামর্থ্যও আমাদের দলের আছে। জিম্বাবুয়েতে বাংলাদেশের রেকর্ড তো খুব ভালো বলা যাবে না। সেখানে আপনি এতটা আশাবাদী কেন?নাঈম: বিপিএল শুরুর পর থেকেই আমাদের খেলোয়াড়দের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। ঘরোয়া ক্রিকেটেই আমরা আন্তর্জাতিক মানের বোলার-ব্যাটসম্যানদের সামনে খেলছি। কাজেই আন্তর্জাতিক ক্রিকেটটা এখন নতুন খেলোয়াড়দের কাছেও নতুন কিছু নয়। মানসিকতা বলেন, দক্ষতা বলেন, সবকিছুতেই পরিবর্তন এসেছে।