তিনি ব্যাটসম্যান-উইকেটকিপার। কিন্তু ঢাকার বিপক্ষে জাতীয় লিগের ফাইনালে হয়ে গেলেন ব্যাটসম্যান-ফিল্ডার! রাজশাহীর হয়ে প্রথম ইনিংসে উইকেটকিপিং করেননি মুশফিকুর রহিম, দাঁড়িয়েছেন অন্য জায়গায়। জাতীয় দলের উইকেটকিপার বলেছেন সেই অভিজ্ঞতার কথা অনেক দিন পর উইকেটকিপিংয়ের বাইরে অন্য জায়গায় ফিল্ডিং করলেন। কেমন লাগল?মুশফিকুর রহিম: কেমন লাগল বলতে... অবশ্যই উইকেটকিপিং করলে যে রকম লাগে, সে রকম লাগেনি। অনেক দিন পর ফিল্ডিং করলাম, দৌড়াদৌড়ি করলাম অনেক।্রবেশ ভালোই লেগেছে, খারাপ না। এর আগেও তো এই অভিজ্ঞতা হয়েছিল...মুশফিকুর: হ্যাঁ, এর আগে টেস্টেও করেছি। প্রথম শ্রেণীর ক্রিকেটে গতবারই করেছি।্রপ্রিমিয়ার লিগেও মাঝে মাঝে করেছি। ব্যাপারটা তাই নতুন নয়। তবে এবার অনেক দিন পর করলাম... এই আর কি। এই ম্যাচের আগে সর্বশেষ কবে করেছেন?মুশফিকুর: গত প্রিমিয়ার লিগেই করেছি। কাঁধের ইনজুরির কারণে কিপিং করা নিষেধ ছিল ডাক্তারের। আজ (গতকাল) কোন কোন পজিশনে ফিল্ডিং করতে হলো?মুশফিকুর: পয়েন্টে ছিলাম, মিড অফে, ফাইন লেগ-স্কয়ার লেগেও দাঁড়িয়েছি। সব সময় কিপিং করেন বলে লম্বা থ্রো করার অভ্যাস তো আপনার কম থাকার কথা। সমস্যা হয়নি?মুশফিকুর: লম্বা থ্রো করার প্র্যাকটিসটাও আসলে কম হয় আমার। তার পরও ওই রকম কোনো সমস্যা হয়নি। কয়েকটা থ্রোই তো করলাম। উইকেটকিপিংয়ের বাইরে ফিল্ডিং করে কখনো ক্যাচ নিয়েছেন, রানআউট করেছেন... মনে পড়ে এ রকম কিছু?মুশফিকুর: গত প্রিমিয়ার লিগেই বেশ কয়েকটা ক্যাচ নিয়েছি। সরাসরি থ্রোতে রানআউট করিনি, তবে রানআউট করার পেছনে আমার থ্রোর ভূমিকা ছিল। আজ (গতকাল) কি খুব মিস করেছেন উইকেটকিপিং?মুশফিকুর: তা না, আসলে আগেই বলা হয়েছে যে প্রথম ইনিংসে ধীমান কিপিং করবে, দ্বিতীয় ইনিংসে আমি। দলে যেহেতু চারজন উইকেটকিপার, যে কেউ-ই উইকেটকিপিং করতে পারে। আমার জন্য বরং আজকের (গতকাল) অভিজ্ঞতাটা ভালোই হয়েছে। প্রায় এক মাস পর খেলছি। একটু দৌড়াদৌড়ি করে সব ঠিক করে নিলাম। কিপিংয়ে তো প্রতিটা বলেই মনোযোগ থাকতে হয়। অন্য জায়গায় ফিল্ডিং করলে অনেক সময় নির্ভার থাকা যায়। সেটাও নিশ্চই উপভোগ করেছেন...মুশফিকুর: (হাসি) আমার তো মনে হয় কিপিংয়ের চেয়ে ফিল্ডিংটা অনেক বেশি কঠিন। উইকেট থেকে অনেক দূরে থাকতে হয়, মনোযোগটাও অনেক সময় ওভাবে থাকে না। কিপিংটা এক জায়গায় থেকে করতে হয়, ওটাতেই আমি অভ্যস্ত হয়ে গেছি। না চাইলেও মনোযোগটা এমনি এমনিই চলে আসে। উইকেটকিপিংয়ের সঙ্গে অন্য জায়গার ফিল্ডিংয়ের আর কী পার্থক্য?মুশফিকুর: কিপিংয়ে থাকলে শুধু ডাইভ দিতে হয়, ওঠা-নামা করতে হয়। কিন্তু ফিল্ডিংয়ে থাকলে বল চেজ করতে হয়। আজও (গতকাল) চার-পাঁচটা বল চেজ করেছি। বুঝতে পারছিলাম, এই গরমে ফিল্ডিং করা কতটা কষ্টকর।