‘কী করলাম, সেটাই আসল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[বলছেন রেমন্ড ডমেনেখ ২০০৪ সালে সবাইকে চমকে দিয়ে তাঁর হাতে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কাজটার জন্য তিনি যে যোগ্য, তার প্রমাণ দিয়েছিলেন দারুণভাবে—২০০৬ বিশ্বকাপ ফাইনালে তুলে নিয়ে গিয়েছিলেন দলকে। আরেকটি বিশ্বকাপে রওনা হওয়ার আগে নিজের দলের ভালো-মন্দ, বিশ্বকাপের ফেবারিট, বিশ্বকাপ জেতার কৌশল নিয়ে ইংল্যান্ডভিত্তিক ফুটবল সাময়িকী ওয়ার্ল্ড সকারের সঙ্গে কথা বলেছেন ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখ] কষ্টেসৃষ্টে ফ্রান্সের বাছাইপর্ব পেরোনোটা কি খেলোয়াড় ও কোচিং স্টাফকে আরও ঐক্যবদ্ধ করে তুলেছে?রেমন্ড ডমেনেখ: না। আমরা কয়েক বছর ধরেই নিবিড় একটা দল হয়ে আছি। সবাই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আগে আমরা একসঙ্গে যেসব কাজ করেছি তারই ফল হিসেবে কঠিন সময়টা পার করতে পেরেছি। এমন কঠিন সময় এলে কী করতে হবে, তা নিয়েও আমরা একসঙ্গে এর আগে কাজ করেছি। এটাই অনুমিত, ফ্রান্স সহজেই বাছাইপর্ব পেরোবে, কিন্তু মাঝেমধ্যেই আমরা ঝামেলায় পড়ে যাই। সব ম্যাচই কঠিন। আর যেভাবে আমরা বাছাইপর্ব পার হয়ে এসেছি, তাতেই বোঝা যায়, এই দলটার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সবশেষে বাছাইপর্বের কথা লোকে মনে রাখবে না। টুর্নামেন্টে কী করলাম, সেটাই আসল। আপনার ২০০৬ বিশ্বকাপের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকায় কাজটা কি একটু সহজ করে দেবে?ডমেনেখ: তা ঠিক। প্রতিদিনই ওই অভিজ্ঞতা কিছু সাহায্য করবে। মাসব্যাপী শীর্ষ মানের একটা টুর্নামেন্টে খেলা সহজ নয়। এ ক্ষেত্রে কিছু জিনিস বেশ গুছিয়ে রাখতে হয়। আমার একটা বিশ্বকাপের অভিজ্ঞতায় সবচেয়ে উপকার যেটা হবে, সব সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু ফাঁদ আমরা এড়িয়ে যেতে পারব। প্রতিটি ম্যাচ সমান মনোযোগ দিয়ে খেলতে হলে মাঠের বাইরে কী ঘটছে না-ঘটছে, সেদিকে ভালো লক্ষ রাখতে হয়। এখানেই অভিজ্ঞতা কাজে লাগে। কারণ কোনো খেলোয়াড় যাতে বিরক্ত বা ক্লান্তির ভারে নুয়ে না পড়ে সেদিকে লক্ষ রাখতে হয়। এটাই আসল ব্যাপার। এসব ছোটখাটো বিষয়ে লক্ষ রাখলে খেলোয়াড়েরা সঠিক মনোভাব নিয়ে মাঠে যেতে পারে। ফ্রান্স বাদে বিশ্বকাপে আপনার ফেবারিট কে?ডমেনেখ: আমি অল্প কিছুদিন আগেই ব্রাজিলকে খেলতে দেখেছি এবং স্পেনের মুখোমুখি হয়েছি আমরা। আমি বলব, এই দুটি দলই বড় ফেবারিট। তবে আরও অনেকগুলো দল আছে, যাদের দিকে খেয়াল রাখতে হবে। চিলি একটা ভালো দল। আর্জেন্টিনাও ভালো। এর পর ইংলিশরা আছে, জার্মানরা আছে, ইতালিয়ানরা আছে...সম্ভবত ৮ থেকে ১০টা খুব ভালো দল আছে, যাদের বিশ্বকাপ জয়ের একটা বাস্তব সম্ভাবনা আছে। প্রতিটি বিশ্বকাপেই ঐতিহ্যগতভাবে দু-একটি দল চমক হিসেবে উঠে আসে, ওটা বাদ রেখেই আমার এ কথা বলা। গ্রুপ পর্বে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে ভেবে কেমন লাগছে? ডমেনেখ: স্বাগতিকদের বিপক্ষে খেলা কখনোই সহজ নয়। আবার অন্যদিক দিয়ে ভাবলে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা তো বেশ ভালোই হওয়ার কথা। যা-ই হোক, এটা তো আসলে বিশ্বকাপের অংশ, তাই না? আর আমরা ওদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মুখোমুখি হব। ম্যাচটা এ-পক্ষের বা ও-পক্ষের জন্য কিংবা দুই পক্ষের জন্যই নির্ধারক হয়ে দাঁড়াতে পারে। নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ম্যাচ হবে। পুরো টুর্নামেন্টের আগ্রহের কেন্দ্রে থাকবে এই ম্যাচ। সব দর্শকের আগ্রহ যেহেতু ওদের ওপর থাকবে, দক্ষিণ আফ্রিকার কাছে তাদের প্রথম ম্যাচ হয়তো একটু বেশি কঠিন মনে হবে। তারা আড়ষ্ট হয়ে থাকতে পারে। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে যখন আমাদের মুখোমুখি হবে, তখন ওরা সত্যিই ঝাঁপিয়ে পড়বে।  সবকিছু ঠিকঠাক চললে, ইংল্যান্ডের সঙ্গে আপনাদের কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে...ডমেনেখ: এটা নিয়ে আমি বেশ চিন্তিত আছি। বিশেষত ওয়েইন রুনি যদি খেলে। ও আমার আইডল বলতে পারেন। যখনই ওকে খেলতে দেখি, আমি যেন ওর ফ্যান হয়ে যাই। যেন আমি গ্যালারিতে দাঁড়িয়ে গলায় স্কার্ফ জড়িয়ে ‘রুনি-রুনি’ বলে চিৎকার করছি। ওর টেকনিক অসাধারণ। আর সেটির ফলাফল তো সবার জানাই। ওর মতো এক সেন্টার-ফরোয়ার্ডকে সবাই নিজের দলে পাওয়ার স্বপ্ন দেখে।  একটা দলের বিশ্বকাপ জিততে কী কী গুণ থাকতে হয়?ডমেনেখ: অবশ্যই, জয়ের অভ্যাসটা প্রয়োজন। দীর্ঘ একটা মৌসুমের পর প্রতিটি ম্যাচই খুব কঠিন হয় বলে মানসিকভাবে খুব শক্ত থাকতে হয়। আপনাকে শিখতে হবে এই পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, একবার করে নিজেদের ফিরে পেয়ে আবার খেলতে নামতে হয়, একটার পর একটা খেলা। এই পুরোটা মাসে পুরো দলকে লক্ষ্যে অবিচল থাকতে হবে। প্রতিটি ম্যাচে আপনি যদি সবটুকু ঢেলে না দিতে পারেন, তাহলে সত্যিই বিপদে পড়ে যাবেন। সুতরাং পুরো ব্যাপারটাই নির্ভর করছে ওই লক্ষ্যে অবিচল থাকা, দৃঢ়প্রতিজ্ঞ থাকা এবং পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারার ক্ষমতার ওপর। ফুটবলে এগুলোও খুব দামি।