‘কুইক রেন্টাল অর্থনীতিতে রক্তক্ষরণ ঘটিয়েছে’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। শুধু এইটুকু বলতে পারি যে অপ্রমাণিত বিষয় নিয়ে কথা উঠছে।’বিশ্বব্যাংকের কাছ থেকে এ সেতুর অর্থায়ন নিয়ে এখনো আলোচনা চলছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, প্রমাণ ছাড়া কারও নাম প্রকাশ করা নির্বুদ্ধিতা।জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন আলোচনায় অংশ নেন।অর্থমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমি কিছু বলতে পারি না। কিছু এলে ওখানেই পাঠিয়ে দেই। তবে আমি বলব এ কথা যে পদ্মা সেতুর জমি অধিগ্রহণ ও পুনর্বাসন নিয়ে একটি অভিযোগও আসেনি।’ ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) চুক্তিই অনুমোদন করে রেখেছে। কিন্তু কাজ বন্ধ। যেহেতু সবার একসঙ্গে কাজ করার কথা। সুতরাং, সাবধানে প্রতিবেদন তৈরি করতে হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দুটি সংবাদপত্র সকলের উপর খবরদারি করে বেড়ায়, দেশের প্রথিতযশা সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার, এরা চরিত্র হননে মত্ত হয়েছে।’ বাজেটে মূল্য সংযোজন করের (মূসক) আওতা বাড়ানোর সমালোচনা করে মঈন খান বলেন এতে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ পড়বে। তবে মঈন খান সবচেয়ে সোচ্চার দ্রুত ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে। তিনি বলেন, এই কুইক রেন্টাল অর্থনীতিতে দেশের রক্তক্ষরণ ঘটিয়েছে এবং বুমেরাং হয়েছে সরকারের এ বিদ্যুৎ নীতি। তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক। আনিসুল হক বলেন, কুইক রেন্টাল নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিশ্বব্যাংকের তথ্য নিয়ে তিনি একটি গবেষণা করেছেন। কুইক রেন্টাল না হলে দেশের অর্থনীতিতে এক লাখ ৬৩ হাজার কোটি টাকার নেতিবাচক প্রভাব পড়ত।বিনায়ক সেন বলেন, ‘তীব্র ভাষায় বলব না, তবে সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন দুষ্কর কাজ। তা আসলে দরকারও নেই।’ উচ্চ প্রবৃদ্ধির দরকার থাকলেও ছয় দশমিক পাঁচ শতাংশও কম নয় বলে তিনি মনে করেন। ইআরএফ সভাপতি খাজা মাঈনুদ্দীনের সঞ্চালনায় এতে ধন্যবাদ বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি।